মাশরাফি-বিতর্ক ও সাকিব
সবই তাহলে ভুল বোঝাবুঝি? মাশরাফি বিন মুর্তজার দল থেকে বেরিয়ে যাওয়া এবং তাঁকে আর দলে না চাওয়া সম্পর্কে এমন ব্যাখ্যাই দিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।মাশরাফির উপস্থিতিতেই গত পরশু রাতে বিসিবির দুই কর্মকর্তাকে ম্যানেজার শফিকুল হক জানিয়েছিলেন, সাকিব তাঁকে বলেছেন, দলে তিনি আর কাউকে চাচ্ছেন না। টিম ম্যানেজারের কাছে ওই কথা বলেছেন বলে স্বীকার করলেও কাল সাকিব বলেছেন, ‘আমার কথাটা আনুষ্ঠানিক কিছু ছিল না। আমি জানতাম না যে, হীরা ভাই (শফিকুল হক) এটা আমার হয়ে বোর্ড কর্মকর্তাদের বলবেন।’ দলে কে আসবেন না-আসবেন সেটা ম্যানেজার তাঁর কাছে জানতে চাইবেন কেন, সাকিবের প্রশ্ন সেটা নিয়েও, ‘কোচ বা নির্বাচকদের কেউ তো আমার কাছে মাশরাফি ভাইয়ের দলে আসা নিয়ে জানতে চাননি। তাহলে আমি আনুষ্ঠানিকভাবে কীভাবে বলি কার দলে আসা উচিত কার আসা উচিত না?’তবে সাকিব আভাস দিয়েছেন, বোর্ড তাঁর কাছে সরাসরি জানতে চাইলেও হয়তো ওই মতামতই দিতেন তিনি, ‘আগের দিনই মাশরাফি ভাই জানিয়ে দিয়েছেন সিরিজের শেষ দুই ম্যাচে তিনি নেই। হোটেল ছেড়ে চলে গেছেন, দলের সঙ্গে নেই—আমি হয়তো ও কথাই বলতাম। মাশরাফি ভাইকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, মাশরাফি ভাইও সেটা জানেন। কিন্তু অধিনায়ক হয়ে তো আমাকে দলের কথাই আগে ভাবতে হবে।’ দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তেও তাঁর কোনো ভূমিকা ছিল না বলে দাবি সাকিবের।ভুল বোঝাবুঝি দূর করতে সাকিব কাল ফোন করেছিলেন মাশরাফিকে, ‘এসব নিয়ে কথা বলতেই আজ (গতকাল) আমি মাশরাফি ভাইকে ফোন দিয়েছি। কিন্তু তিনি ফোন ধরেননি। দেখি পরে আবার চেষ্টা করব।’ মাশরাফির সঙ্গে কথা বলেও জানা গেছে এটাই। কাল সন্ধ্যায় তিনিও অপেক্ষায় ছিলেন সাকিবের সঙ্গে কথা বলার। তবে কোচ জেমি সিডন্সের সঙ্গে যোগাযোগ হয়ে গিয়েছিল তার আগেই। দল ঢাকা ফিরলে ৭ মার্চ মাশরাফিকে অনুশীলনে যোগ দিতে বলেছেন কোচ।