মাশরাফি-রাজ্জাকের আত্মদহন
খেলোয়াড়দের জীবনে ব্যর্থতার হতাশা অনেকবারই আসে। কিন্তু আবদুর রাজ্জাকের মনে হচ্ছে, তাঁর জীবনে এর চেয়ে বড় হতাশা আর কোনো দিন আসবে না। পরশু রাতে দুই চোখের পাতা এক করতে পারেননি। রাজ্জাকের হতাশার সঙ্গে প্রতিযোগিতা হতে পারে মাশরাফি বিন মুর্তজার হতাশার। পরশু পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর নিজেকেই নিজে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মাশরাফি। বারবার মনে হচ্ছে, বাংলাদেশকে তিনিই হারিয়েছেন।অধিনায়ক মুশফিকুর রহিম থেকে শুরু করে গ্যালারির দর্শক, সবার রায়ে এ ম্যাচের ‘ভিলেন’ রাজ্জাক আর মাশরাফি। অবিবেচকের মতো শট না খেলে সাকিবকে সঙ্গ দিলেই হতো। কাল টেলিফোনে কথা বলার সময় মাশরাফির কণ্ঠে অপরাধী সুর, ‘এক শ ভাগ জেতা উচিত ছিল ম্যাচটা। বড় দল হতে হলে এসব ম্যাচ জিততে হবে। কিন্তু আমিই হারিয়ে দিলাম ম্যাচটা!’বল হাতে নিজের শেষ ওভারে ১৬ রান দিয়েছেন। তবে সেটার চেয়ে মাশরাফি বেশি পুড়ছেন ব্যাটিং-ব্যর্থতায়, ‘পর পর দুই ওভারে আমি আর শফিউল ১৬ আর ১১ রান দিয়েছি। তবে এর চেয়েও বেশি খারাপ লাগছে ব্যাট হাতে কিছু করতে না পারায়। এমন না যে অনেক রান দরকার ছিল, আমাকে মারতে হতো। উইকেটে দাঁড়িয়ে থাকলেই হতো। সাকিব তো ছিলই।’ সাকিবের কথা ভেবে আরও বেশি খারাপ লাগছে মাশরাফির, ‘সাকিব যদি এই ম্যাচটা জিতিয়ে ফিরত, ওর জন্যও অনেক লাভ হতো। ভবিষ্যতে এর চেয়ে কঠিন ম্যাচ জেতানোর আত্মবিশ্বাস পেত।’একই দুঃখ রাজ্জাকেরও। জিততে জিততে হেরে যাওয়ার দায় নিচ্ছেন নিজের ওপর, ‘বলে বোঝাতে পারব না, কতটা খারাপ লাগছে। এমন না যে, আমরা পারি না। হয়তো এর আগে এ ধরনের পরিস্থিতিতে পড়িনি, তবে ওখান থেকে ম্যাচ জিততে না পারার কোনো কারণ নেই। নিজেই মেনে নিতে পারছি না এটা।’১৯৯৯ বিশ্বকাপের পর পাকিস্তানকে আর হারানো যায়নি। বাংলাদেশের এই দলের কারও কাছে পাকিস্তানের বিপক্ষে জয়ের অনুভূতিটাই তাই অজানা। এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করায় রাজ্জাক-মাশরাফির দুঃখটা তাই বেড়ে যাচ্ছে আরও।