মাশরাফি সমস্যামুক্ত
সময়ের ব্যতিক্রমী ক্রিকেটারই বলতে হবে তাঁকে। অন্য ক্রিকেটাররা যেখানে চোট-আঘাতে একের পর এক মাঠের বাইরে চলে যাচ্ছেন, সেখানে মাশরাফি বিন মুর্তজা কিনা চোট পাওয়ার পরদিনই মাঠে নেমে অনুশীলন করে ফেললেন কোনো সমস্যা ছাড়াই!পরশু ব্যাটিং অনুশীলনের সময় পেসার মাহবুবুল আলমের বলে আঘাত লাগে মাশরাফির অ্যাংকেলে। সঙ্গে সঙ্গে ফুলে গিয়েছিল জায়গাটা। ব্যথাও ছিল অনেক। তবে মাশরাফি এবং বিসিবির চিকিৎসকেরাও ধারণা করেছিলেন, সমস্যা গুরুতর নয়। কাল এক্স-রে রিপোর্টেও দেখা গেছে সেটাই।অবশ্য এক্স-রে না করালেও বোধ হয় চলত। পায়ের ফোলা-ব্যথা কাল সকাল নাগাদ কমে গিয়েছিল অনেকটাই। চিকিৎসকদের বারণ সত্ত্বেও তাই মাশরাফি মিরপুরে রানিং করেছেন, করেছেন ব্যাটিংও। কোনোটাতেই কোনো সমস্যা না হওয়ায় এখন অনেকটাই নিশ্চিন্ত তিনি, ‘কালকের (পরশু) সমস্যাটা প্রায় চলে গেছে। সে জন্যই অনুশীলনে রানিং আর ব্যাটিং করলাম। কোনো অসুবিধা হয়নি। তবে আগের ব্যথাটা অল্প হলেও আছে।’