মাশরাফি-সাকিবদের শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

অন ড্রাইভ, রানিং বিটুইন দ্য উইকেট, নজর কাড়া ফিল্ডিং...। ক্রিকেটে আমার এই বিশেষ গুণগুলো অনেকেরই অজানা। অনড্রাইভ খুব ভালো করতাম, দৌড়ে এক রানকে দুইয়ে পরিণত করার পারদর্শিতাও ছিল। রান বাঁচাতে ফিল্ডিং করতাম বাড়তি মনোযোগে।
দেশের শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলেছি। তাই এসব ভুলি কি করে! উনসত্তরে প্রথম বিভাগ ফুটবলে আমার অভিষেক। মজার ব্যাপার, ঠিক এর আগের বছরই প্রথম বিভাগ ক্রিকেটে যাত্রা। জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলাম তিন-তিনবার, তবু যাইনি। ক্রিকেটের চেয়ে ফুটবলই আমার কাছে মোহনীয় খেলা। জাতীয় দলে ক্রিকেট না খেলার সেটিই সবচেয়ে বড় কারণ।
সেসব নিয়ে স্মৃতিচারণার আগে আসল বিষয়টি বলে ফেলা যাক। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ক্রিকেট দলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। বিশ্বকাপে ওরা সম্মানজনক কিছু করলে খুব খুশি হব। ফুটবল নিয়ে ব্যস্ততা আছে ঠিক, তবে বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপর চোখ রাখব নিশ্চয়ই। মনে দোলা দেবে ফেলে আসা দিন, যখন আমিও ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়িয়েছি।
মনে পড়ছে সেই ম্যাচটার কথা। স্বাধীনতার পর ঘরোয়া ক্রিকেটে প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনাল, মোহামেডানের বিপক্ষে আজাদ বয়েজের হয়ে ৯০ রান করে ম্যাচসেরা আমি। লিগে তখন ত্রিমুখী লড়াই। আবাহনী, মোহামেডান আর আজাদ বয়েজ। আজাদে খেলত বড় বড় নাম, পূর্ব পাকিস্তান টিমের আট-নয়জনই এই দলের প্রতিনিধি।
ক্রিকেট নিয়মিত দেখতামও। বাসায় ছোট ভাইসহ আরও দু–চারজনকে ডেকে ব্যাট-বলের রোমাঞ্চ দেখতে বসে যেতাম। সেটিও একেবারে বনভোজনের আমেজে। কিন্তু এখন অমন আনন্দ আয়োজন দূরে থাক, ক্রিকেট তো দেখিই না। হানসি ক্রনিয়ের ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারিই এর নেপথ্যে। ওটা যেদিন প্রকাশ পেল, সত্যি বলতে ক্রিকেট আমার কাছে আবেদন হারিয়েছে সেই দিনই।
আমার পুরো পরিবারও ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওই ঘটনার পর। ক্রনিয়ের পর তো খুলে গেল প্যান্ডোরার বাক্স । নাম এসেছে আরও অনেক। মোহাম্মদ আজহারউদ্দিনের মতো ক্রিকেটার ম্যাচ ফিক্সিং করেছে, এ–ও তো অবিশ্বাস্য!
আশরাফুল–কাণ্ড সব বিস্ময়কে ছাড়িয়ে গেছে। ম্যাচ গড়াপেটায় হালে ওর স্বীকারোক্তি খেলাটার প্রতি আমার আকর্ষণে জল ঢেলেছে পুরোপুরিই। আজহার, ক্রনিয়ের মতো ক্রিকেটার এমন করলে কাকে বিশ্বাস করব? বাংলাদেশ ছাড়া তাই এখন আর অন্য দলের খেলা দেখিই না। বাংলাদেশের ম্যাচ দেখা হয় আসলে দেশের টানে।
একজনের প্রতি অলাদা দুর্বলতা আজও আছে আমার। জাভেদ মিয়াঁদাদ । লর্ডসে তাঁর খেলাও দেখেছি, তিনিই আমার প্রিয় ব্যাটসম্যান। ষাট-সত্তরের দশকে ওয়েস্ট ইন্ডিজের গতিতারকা চার্লি গ্রিফিথ আমার প্রিয় বোলার।
তবে কোনো ক্রীড়াবিদের যদি ভক্ত হই—সেই নামটি ভারতের মনসুর আলী খান পাতৌদি। কয়েকবারই তাঁর সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ভারতে স্বাধীন বাংলা ফুটবল দলের একটা ম্যাচে, স্থানীয় দলের হয়ে খেলেছিলেন নবাব সাহেব। আমাদের সঙ্গে ম্যাচটার আগে কায়কোবাদ ভাইকে এসে মজা করে বলেছিলেন, ‘হামকো নেহি মারেঙ্গে...।’
ক্রিকেটের সঙ্গে আসলে আমার সম্পৃক্ততা এখনকার তরুণেরা ভাবতেই পারবে না। আমার পরিচিতি ফুটবলার হিসেবে, কিন্তু ক্রিকেটেও আছে অনেক মজার গল্প।
একটা ঘটনা বলি, সত্তরের শুরুর দিকে হাঁটুতে ব্যথা পেয়ে লন্ডনে গেলাম। সেখানে দেড় মাস চিকিৎসা নিতে হয়েছিল। আশরাফুল ভাই আর ভাবি তখন লন্ডনে। ওঁদের সঙ্গে আমার যোগাযোগ থাকত নিয়মিত, কাছ থেকেই দেখেছি বাংলাদেশকে আইসিসির সদস্যপদ এনে দিতে কত কাজই না করেছেন।
পাকিস্তানি ক্রিকেটার আসিফ ইকবালের সঙ্গে আশরাফুল ভাইয়ের জানাশোনা দীর্ঘদিনের। ইমরান খান ছিলেন আশরাফুল ভাইয়ের বন্ধু। আশরাফুল ভাইয়ের বাসায় সপ্তাহান্তে আসতেন ইমরান, আমিও থাকতাম সেই আড্ডায়। ওয়াসিম রাজা তখন পাকিস্তানের বড় ক্রিকেটার, একদিন এলেন আশরাফুল ভাইয়ের বাসায়। ওই দিন ওখানে দাওয়াত ছিল আরও অনেকের।
ইমরান ওই অনুষ্ঠানে এসেছিলেন পাকিস্তানি চপ্পল পায়ে , ওয়াসিম রাজা আশারফুল ভাইকে ফিসফিস করে বললেন,‘ অ্যাশ, টেল ইওর ফ্রেন্ড টু গো অ্যান্ড চেঞ্জ ইট...। ইমরান তাঁর কানে কানে বললেন,‘ আই ডোন্ট হ্যাভ এনি শুজ নাউ...।’ সবার কী হাসাহাসি!
মাঝেমধ্যে এগুলো আমাদের বন্ধুদের আড্ডায় উঠে আসে। এখনকার সাকিব-তামিমরা খুব একটা থাকে না আমাদের আড্ডার আলোচনায়। টিভিতে দেখানোর সূত্রে ওদের আমি ভালোই চিনি। তবে কারও সঙ্গে ওভাবে কখনো কথা হয়নি। তাতে কী, আমাদের এই ছেলেদের জন্য বিশ্বকাপে রইল অনেক শুভকামনা।
অনুশীলন: মাসুদ আলম