মাশরাফিকে চান জার্গেনসেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে কোচকে পাশে পাচ্ছেন মাশরাফি ষ ফাইল ছবি
নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে কোচকে পাশে পাচ্ছেন মাশরাফি ষ ফাইল ছবি

খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে প্রতি সপ্তাহে বিসিবির মেডিকেল রুম থেকে একটা রিপোর্ট যায় নির্বাচকদের কাছে। গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী, ফিজিও-ডাক্তারদের পর্যবেক্ষণের মধ্যে থেকে খেলতে পারার কথা মাশরাফি বিন মুর্তজার। মাঝের সময়টাতে অবস্থার উন্নতি হওয়ায় এ সপ্তাহের রিপোর্টে আরও ভালো কোনো খবরই থাকবে এই পেস বোলারের জন্য। রিপোর্টটা নির্বাচকেরা হাতে পাবেন আজ।
যত সুস্থ হয়ে উঠছেন, আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ শেন জার্গেনসেনের ছকে ততই ঢুকে পড়ছেন মাশরাফি। কাল অনুশীলনের ফাঁকে মিরপুরের একাডেমি মাঠে দাঁড়িয়ে কোচ বললেনও, ‘আমি তো চাই মাশরাফি আজই টেস্ট দলে ঢুকে যাক।’ জার্গেনসেনও জানেন, মাশরাফির টেস্ট খেলাটা এখনো অনেক পরের ব্যাপার। তার পরও মাশরাফির জন্য অপেক্ষার ব্যাকুলতা বোঝাতেই হয়তো কথাটা বলা। আশা করতে দোষ কী? ‘তাকে আগের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে। আমরা সবাই তাকে টেস্ট দলে চাই। আমার মনে হয়, বাংলাদেশের সব মানুষই তা চায়। তবে এই মুহূর্তে তার ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগী হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ’—বলছিলেন কোচ।
তার আগে খুলনায় অনুষ্ঠেয় তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাশরাফির অবস্থা বুঝতে চান জার্গেনসেন, ‘এই ম্যাচের জন্য মাশরাফি ভালোভাবেই বিবেচনায় আছে। দেখি, সে কী করে।’
টেস্টে ফেরার তাড়না মাশরাফিরও আছে। নইলে কেন বলবেন, ‘আমি মনে করি, আমার এখন খেলার সময়।’ কিন্তু চোটাঘাতে জর্জরিত ক্যারিয়ার থেকে পাওয়া শিক্ষা যেন আশাবাদী হতে গেলেও পেছন থেকে টেনে ধরে তাঁকে। কাল অনুশীলন শেষে টেস্টে ফেরার প্রসঙ্গ তুলতেই সতর্ক মাশরাফি, ‘এখনই মন্তব্য করা কঠিন। তবে আমি আমার মতো অনুশীলন করে যাচ্ছি...। আর এখানে আমার সিদ্ধান্তই তো সব নয়। নির্বাচকেরা আছেন, কোচ আছেন, অধিনায়ক আছে। তা ছাড়া আমি কেমন বোলিং করি, শরীর কতটুকু নিতে পারে, সেসবও ব্যাপার...।’
নিউজিল্যান্ড সিরিজ থেকে দৃষ্টিটা আরও দূরে ছড়িয়ে দিলে আছে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ, এশিয়া কাপ, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপও। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারার অতৃপ্তি মাশরাফি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে তাঁর দর্শন একটু ভিন্নই, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে এখনো ভাবছি না।’ বরং বরাবরের টি-টোয়েন্টিবিদ্বেষী মাশরাফি যেন দুধের স্বাদ ঘোলে না মেটানোরই পক্ষে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ওয়ানডে বিশ্বকাপ পুরো ভিন্ন। ওয়ানডে বিশ্বকাপের জায়গায় অন্য কিছু আনার সুযোগ নেই। আর বিশ্বকাপ নিয়ে আমি একেবারেই ভাবছি না। ৫০ ওভার বিশ্বকাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে অনেক পার্থক্য।’
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ম্যাচ প্রস্তুতির সবচেয়ে বড় সুযোগটা মাশরাফি পাবেন ১০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। তিনি নিজেও মানছেন, ‘আমি শেষ চার-পাঁচ মাস কোনো ম্যাচ খেলিনি। আমার জন্য এই ম্যাচগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ। সর্বস্ব দিয়ে চেষ্টা করব ভালো খেলতে।’
ঘরোয়া ক্রিকেটে সর্বস্ব উজাড় করে দেওয়া মাশরাফিকে দেখা গেছে আগেও। এবারও কি তা-ই দেখবে তাঁর নতুন দল মোহামেডান?