মাশরাফিকে টেস্টে ফেরার অনুরোধ
চোট-আঘাতের কারণে প্রায় চার বছর ধরে টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে রেখেছেন নিজেকে। তবে নির্বাচকেরা চাইছেন, জিম্বাবুয়ে সফর দিয়ে আবারও টেস্টে ফিরুন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের এই পেসারকে টেস্টে ফেরার প্রস্তাবও দিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান।‘আমি মাশরাফিকে টেস্ট ক্রিকেটে ফেরার অনুরোধ করেছি। সেও ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বলেছে পুরোপুরি ফিট থাকলে তারও ইচ্ছা জিম্বাবুয়ে সিরিজে টেস্ট খেলার’—কাল টেলিফোনে বলেছেন প্রধান নির্বাচক। মাশরাফি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ছোটখাটো চোট কাটিয়ে এরপর ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ খেললেও নিজেকে টেস্ট খেলার মতো যথেষ্ট ফিট মনে করেননি মাশরাফিই। তবে মাঝে একবার এ বছরই টেস্টে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।শ্রীলঙ্কা সফরে পেস বোলিংয়ের দুর্বলতা প্রকটভাবে ধরা পড়াতেই অভিজ্ঞ মাশরাফির ফেরাটা জরুরি মনে করছেন প্রধান নির্বাচক। তবে আকরামও চান, পুরোপুরি ফিট হয়েই টেস্ট খেলুক মাশরাফি, ‘পেস বোলিং নিয়ে আমরা প্রচণ্ড সমস্যায় আছি। এ অবস্থায় টেস্টে মাশরাফির মতো অভিজ্ঞ কাউকে দরকার। ওর ১৫-২০ ওভার বল করতে হবে, এমন কোনো কথা নেই। প্রয়োজনে ১০-১২ ওভার করুক। তবে আমরা পুরো ফিট মাশরাফিকেই দলে চাই।’সমস্যাটা এখানেই। মাশরাফি যে এখনো পুরোপুরি ফিটই হননি! গত বিপিএল থেকেই ডান পায়ের গোড়ালির হাড়ে চোট বয়ে বেড়াচ্ছেন। এ ধরনের চোট সাধারণত মাস দেড়েকের মধ্যে সেরে যায়, কিন্তু মাশরাফির বেলায় তা হচ্ছে না। দেড় মাস পেরিয়ে গেলেও এখনো বোলিং শুরু করতে পারেননি। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী তাই সন্দিহান মাশরাফির জিম্বাবুয়ে সফর নিয়েই, ‘বোলিং করার জন্য পুরোপুরি ব্যথামুক্ত হতে হবে। কিন্তু মাশরাফির এখনো ৩০ শতাংশের মতো ব্যথা রয়ে গেছে। বিশেষ করে ল্যান্ডিংয়ের সময় হিলের ওপর চাপ পড়ে বলে ব্যথাটা বেশি হয়। সেজন্য রানিং করতে পারলেও তাকে দিয়ে এখনো বোলিং করাতে পারছি না।’ ব্যথা যে রকম আস্তে আস্তে যাচ্ছে তাতে অনুশীলনে বোলিং করতে মাশরাফির আরও সাত-আট দিনের মতো সময় লেগে যেতে পারে বলে শঙ্কা। সে ক্ষেত্রে টেস্ট সিরিজ তো নয়ই, জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজেও মাশরাফির খেলা অনিশ্চিত। অবশ্য বিকল্প ব্যবস্থায় গেলে পুরোপুরি সুস্থ হওয়ার সময়টা কমিয়ে আনা যেতে পারে বলে আশাবাদী দেবাশিস, ‘ব্যথা কমানোর বিকল্প ব্যবস্থা নিলে অল্প সময়ের মধ্যেও সমস্যার সমাধান হতে পারে। তবে এ ব্যাপারে এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। কাল (আজ) ফিজিও বিভব সিং দেশে ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’এই শঙ্কার কথা জানেন প্রধান নির্বাচক আকরামও। টেস্টে মাশরাফিকে পেতে চাইলেও দল ঘোষণার আগে তাই অপেক্ষা করবেন আরও একটু, ‘আগামী দু-এক দিনের মধ্যে চূড়ান্তভাবে জানতে পারব মাশরাফির কী অবস্থা। এ ছাড়া দল ঘোষণার আগে সাকিব, তামিম, শফিউল, আবুল হাসানের ইনজুরিরও সর্বশেষ অবস্থা জানতে হবে।’