মাশরাফিকে পেয়ে খুশি দিলশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তাঁর খুব চেনা। শ্রীলঙ্কা দলের সঙ্গে এসেছেন। ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলে গেছেন বিপিএলেও। এবার মোহামেডানের হয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে এসে সেই স্মৃতিই মনে পড়ল তিলকরত্নে দিলশানের। আলাদা করে বললেন মাশরাফি বিন মুর্তজার কথা, ‘গত বিপিএলে মাশরাফির নেতৃত্বে খেলেছিলাম। এবারও আমার অধিনায়ক মাশরাফি। মোহামেডানের হয়ে খেলতে এটা আমাকে সাহায্য করবে।’
ঢাকায় পৌঁছে শ্রীলঙ্কান এই ক্রিকেটার কালই বগুড়ায় চলে গেছেন প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মোহামেডানের আজকের ম্যাচটি খেলতে। প্রিমিয়ার লিগে এবার চলছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মিছিল। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্নও আছেন বেশ কয়েকজন। ঢাকা লিগে খেলার এটাই সবচেয়ে বড় উপকারিতা মানছেন দিলশান, ‘বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। বেশ কিছু আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারব এখানে।’
আগামী বছরের শুরুতে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে সিরিজ খেলতে। এরপর আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। তার আগে বাংলাদেশে লিগ খেলার সুযোগটাকে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজে লাগাতে চান তিনি, ‘সামনে বিশ্বকাপ, শ্রীলঙ্কা দলও আসবে বাংলাদেশে। কাজেই ঢাকা লিগে খেলার অভিজ্ঞতা আমাকে সাহায্যই করবে।’ দিলশান নিজেও মোহামেডানকে দিতে চান সাধ্যমতো সবকিছুই, ‘ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, যেখানেই খেলি না কেন, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। এখানকার উইকেট শ্রীলঙ্কার উইকেটের মতোই। আমার ব্যাটিংয়ের জন্য সেটা ভালোই হবে।’