মাশরাফিকে বিশ্রাম দেওয়া হয়েছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শেষ ম্যাচের আগে কোচ ইয়ান পন্টের কাছে হঠাৎ করে শুনলেন, ম্যাচটা খেলছেন না। কার সিদ্ধান্তে খেলছেন না, কোচের কাছে সেটা জানতে চেয়েও উত্তর পাননি ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাল ফ্র্যাঞ্চাইজির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেল, সিদ্ধান্তটা নাকি ছিল ইয়ান পন্ট এবং ঢাকা গ্ল্যাডিয়েটরস কর্তৃপক্ষেরই।সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, মাশরাফির বাদ পড়া নিয়ে সংবাদমাধ্যমে ওঠা প্রশ্নগুলো সঠিক নয়। ফিজিওর পরামর্শে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন পন্ট। এতে অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। ম্যাচের দিন মাশরাফির না খেলার কারণ হিসেবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোমরের ব্যথার কথা বলা হলেও কাল ঢাকা গ্ল্যাডিয়েটরসের সংবাদ বিজ্ঞপ্তিতে কোচ পন্ট ও ফিজিও প্রিয়ান্থা বিক্রমাসিংহে দুজনই বলেছেন, বিশ্রামটা দেওয়া হয়েছে হাঁটুর পুরোনো ইনজুরির কারণে।আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অধিনায়ক মাশরাফি খেলবেন বলে আশাবাদের কথাও জানিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। তবে একটি সূত্র জানিয়েছে, কাল সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে এক সভায় অধিনায়কত্ব করতে অস্বীকৃতি জানিয়েছেন মাশরাফি। আর অধিনায়কত্ব করলেও সেটা করতে চান পূর্ণ স্বাধীনতা নিয়ে।