মাশরাফিদের আয়ারল্যান্ড-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তখন দারুণ সুসময়। ২০০৭ বিশ্বকাপে ভারত-বধ ও তখনকার এক নম্বর দক্ষিণ আফ্রিকাকে হারানোর ঘটনা তো রীতিমতো গল্প হয়ে আছে। সেই বিশ্বকাপেই বাংলাদেশ ৭৪ রানে হেরে বসল আয়ারল্যান্ডের কাছে!তারপর ২০০৮ সালে দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের সেই আধিপত্য ধরে রাখার লড়াই শুরু হচ্ছে আজ। আজ বেলফাস্টে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আইরিশদের মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল। আগামীকাল এই ভেন্যুতেই দ্বিতীয় ওয়ানডেটি খেলবে দুদল।আইরিশদের বিপক্ষে সিরিজ খেলতে গত পরশুই বার্মিংহাম থেকে বেলফাস্টে পৌঁছে গেছে বাংলাদেশ দল। আর সেখানে পৌঁছানোর পর থেকেই বাংলাদেশের পিছু নিয়েছে বৃষ্টি। বৃষ্টিতে কাল অনুশীলনও করতে পারেনি মাশরাফির দল। বেলফাস্ট থেকে একটি সূত্র জানিয়েছে, স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুটি ম্যাচেই বৃষ্টি হানা দিতে পারে।বৃষ্টির হুমকিকে ভুল প্রমাণ করে খেলা যদি হয়ও, সিরিজে বাংলাদেশের আধিপত্য ধরে রাখাটাই হবে মাশরাফির দলের চ্যালেঞ্জ। মোটামুটি সফলভাবে অধিনায়কত্বের দায়িত্ব সামলানো সাকিব আল হাসানের কাছ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দায়িত্ব বুঝে নিয়েছেন মাশরাফি। কাগজে-কলমে নিজেরা এগিয়ে থাকলেও বাংলাদেশ অধিনায়ক নিজে আয়ারল্যান্ডকে ছোট করে দেখছেন না, ‘আমি নিশ্চিত, সিরিজটা সহজ হবে না। আয়ারল্যান্ড দুই বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। আমরা আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছিও না। সেরা দলগুলোর বিপক্ষে যে মানসিকতা নিয়ে মাঠে নামি, সেভাবেই খেলব আমরা।’বাংলাদেশ আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না, আয়ারল্যান্ডের তো সে সুযোগই নেই। আইরিশ অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড বলছেন, ‘সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে আমরা ভালোই খেলেছি। তার পরও ওদের দলটা অনেক ভালো। আমরা সহজ জয়ের চিন্তা করতেই পারি না। তবে ভালো লড়াই করার চেষ্টা করব অবশ্যই।’শেষ পর্যন্ত আজকের ম্যাচে বা সিরিজে কী হবে, সেটা সরাসরি দেখার সুযোগ নেই বাংলাদেশের দর্শকদের। বাংলাদেশ টেলিভিশন বা অন্য কোনো চ্যানেল ম্যাচ সম্প্রচার করবে না। বিসিবি সূত্র তো এমনও বলছে, আইসিসির সহযোগী দেশের বিপক্ষে ম্যাচ সম্প্রচারের বাধ্যবাধকতা না থাকায়, এই ম্যাচ দুটি আয়ারল্যান্ডেও সম্প্রচার করা হবে না!তা না হোক। আয়ারল্যান্ডের এই দুই ওয়ানডের সিরিজ খেলেই বাংলাদেশ চলে যাবে স্কটল্যান্ডে। ১৯ জুলাই গ্লাসগোতে স্বাগতিকদের বিপক্ষে একটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ওই একই ভেন্যুতে হল্যান্ড দলের বিপক্ষে আরেকটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।