মাশরাফিদের গবেষণায় এখন স্কটল্যান্ড

‘কী যেন প্লেয়ারটার নাম, যাঁকে সবাই ভয় পাচ্ছিল, ভালোও খেলেছিল...’
মাশরাফি বিন মুর্তজাকে মনে করিয়ে দেওয়া হলো—গ্যাভিন হ্যামিল্টন।
‘হ্যাঁ, হ্যাঁ, ব্যাকআপ করতে গিয়ে রানআউট হয়েছিল। বোলার বলে হাত লাগিয়ে দিয়েছিল...বোলার যেন কে ছিল...’
মঞ্জুরুল ইসলাম—মাশরাফিকে আবার স্মৃতির সূত্র ধরিয়ে দেওয়া হলো। স্মৃতির ভেলায় চড়ে মাশরাফি ১৬ বছর আগে ফিরে যান। ১৯৯৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের কথা মনে পড়ে আর মুখে হাসি খেলা করে। মনে পড়ে যায় দুরন্ত কৈশোরের কথা, ‘তখন তো আমি শুধু মিছিলের সুযোগ খুঁজতাম। ওই ম্যাচে জেতার পরও মিছিল করেছিলাম।’ নেলসনের রাদারফোর্ড হোটেলের লবিতে তাঁর সঙ্গে সাব্বির রহমান। রাতের খাবার খেতে বাইরে যাচ্ছেন। ১৯৯৯ বিশ্বকাপের কিছু সাব্বিরের মনে থাকার কথা নয়। তিনি তাই নীরব শ্রোতা।
এডিনবরায় স্কটল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়। অনেক নাটকের পর দলে জায়গা পাওয়া মিনহাজুল আবেদীন ম্যান অব দ্য ম্যাচ। ‘নান্নু ভাই’য়ের ইনিংসটির কথা মাশরাফির এখনো মনে আছে। ক্রিকেটকেই জীবন করে নেওয়ার কথা তখন তাঁর কল্পনাতেও নেই। মনের আনন্দে খেলেন। ১৬ বছর পর আরেকটি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে তিনিই বাংলাদেশের অধিনায়কত্ব করবেন—এটা বললে হয়তো হেসেই খুন হয়ে যেতেন।
বিশ্বকাপ দেখতে এসেছেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা। মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি দেখেছেন। বাংলাদেশের পরের দুটি ম্যাচও দেখবেন। দারুণ প্রাণবন্ত মাঝবয়সী ভদ্রলোককে দেখলেই বোঝা যায়, মাশরাফির অফুরন্ত প্রাণশক্তি উত্তরাধিকার সূত্রেই পাওয়া। মেলবোর্নে ছেলের ক্রিকেটে হাঁটি হাঁটি পা পা সময়ের গল্প করছিলেন বাবা। কোথায় যেন স্কুল ক্রিকেটের একটা ম্যাচে মাশরাফি ব্যাটে ঝড় তোলার পর সবাই এসে জিজ্ঞেস করছে, ‘তুমি ঢাকায় কোন টিমে খেলো?’ মাশরাফির উত্তরটা তাঁর পরিচিত মহলে বিখ্যাত হয়ে আছে, ‘নড়াইল টিমেই চান্স পাইনে, আর ঢাকা!’
সেই মাশরাফির নড়াইল থেকে ঢাকায় পা রাখার কিছুদিনের মধ্যেই বাংলাদেশের ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব আর এর পরের ঘটনাপ্রবাহ উপন্যাসকেও হার মানানোর মতো। সেটিতে কি স্মরণীয় কোনো অধ্যায় যোগ হবে এই বিশ্বকাপে? তিনটি ম্যাচ চলে গেছে। পয়েন্টের হিসাবে তিন ম্যাচ থেকে তিন রকম প্রাপ্তি—২, ১, ০! কী নিয়ে অপেক্ষা করছে গ্রুপে পরের তিনটি ম্যাচ? কাকতালীয়ভাবে তিন প্রতিপক্ষের নামের সঙ্গেই আছে ‘ল্যান্ড’—স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শেষটির বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ অভিষেক। যাদের দু-দুবার ‘বাংলাওয়াশ’ করা গেলেও বিশ্বকাপে কখনো হারানো যায়নি। বাকি দুটি দলের বিপক্ষেই বিশ্বকাপে জয় আছে।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই তো জয়। এডিনবরার সেই ম্যাচের পর দুদলের মধ্যে মাত্র দুটি ওয়ানডেই হয়েছে। ২০০৬ সালে স্কটিশদের বাংলাদেশ সফরে মাশরাফি নিজেও খেলেছেন। এর পর নয় বছরে অনেক কিছুই বদলে গেছে। স্কটল্যান্ডের এই দলকে সেভাবে চেনেনই না মাশরাফি। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি খেলার কথা ছিল, সেটি বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো চিনতেন। স্কটল্যান্ডের অধিনায়ক ও সহ-অধিনায়ককে অবশ্য ভালোই চেনেন। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে একই চার্টার্ড ফ্লাইটে সিডনি থেকে মেলবোর্নে গিয়েছিলেন। যাত্রাপথে কথাবার্তা হয়েছে। ‘ওদের সহ-অধিনায়ক তো ওপেনার। দেখলাম, ভালোই খেলে।’ কোথায় দেখলেন খেলা? এই বিশ্বকাপেই। নিজেদের খেলা আর অনুশীলনের ফাঁকে ছাড়া ছাড়া খেলা দেখাই এখন পর্যন্ত স্কটল্যান্ড সম্পর্কে মাশরাফির ধারণার উৎস। দলের বাকি খেলোয়াড়দেরও তা-ই। মুমিনুল যেমন বললেন, ‘ওদের একটা বোলার ভালোই বল করে, ওই যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নিয়েছে।’ সেই বোলারের নাম যে ইয়ান ওয়ার্ডল, টিম মিটিংয়ে অবশ্যই তা জানবেন।
সব মিলিয়ে স্কটল্যান্ড বাংলাদেশের জন্য অচেনা প্রতিপক্ষই। গত পরশু সন্ধ্যায় নেলসনে আসার পর থেকে অচেনাকে চেনার কাজই হচ্ছে। ফুটেজ আছে, পরিসংখ্যান আছে। এসব নিয়ে গবেষণা করার জন্য সময়ও। ম্যাচ তো সেই বৃহস্পতিবারে।
কাল শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ড হেরে যাওয়ার পর ‘এ’ গ্রুপের সমীকরণটা মোটামুটি পরিষ্কার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে। ৯ মার্চ অ্যাডিলেডে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি এখন রূপ নিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। একটা ‘গেরো’ অবশ্য এখনো আছে। আগে তো স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় চাই। ক্রিকেটীয় বিচার-বিবেচনায় যেটি নিয়ে কোনো সংশয় থাকারই কথা নয়। কিন্তু মাঠে তো আর কাগজে-কলমের হিসাবের কোনো দাম নেই। এই বিশ্বকাপে মহাপরাক্রমশালী নিউজিল্যান্ডেরও কি ঘাম ঝরিয়ে ছাড়েনি স্কটল্যান্ড?
ক্রিকেটে অতীতের কোনো দাম নেই। আবার আছেও। এক ম্যাচের পারফরম্যান্সের রেশ পরের ম্যাচেও থেকে যায়। হেরে যাওয়া ম্যাচ থেকেও ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা তো ক্রিকেটীয় রীতিতেই পরিণত। শ্রীলঙ্কা ম্যাচের পর হতাশায় বিধ্বস্ত মনে হওয়া মাশরাফিও মনে হলো সেই চেষ্টাই করছেন। ‘২৪০ রান একেবারে কম নয়’ বলার পরই আফসোস ঝরছে তাঁর কণ্ঠে, ‘যে উইকেট ছিল, আমরা অনায়াসে ৩০০ করতে পারতাম। সেটি পারলে আমাদের আত্মবিশ্বাসটাও বাড়ত, অন্য দলগুলোকেও একটা বার্তা দেওয়া যেত।’
যে এমসিজিতে ৩০০ রান তাড়া করে জেতার কোনো ইতিহাস নেই, সেখানেই শ্রীলঙ্কার ৩৩২ তাড়া করতে চেয়েছিলেন বলে অবিশ্বাস্য এক দাবিও করে বসলেন। সেটি অবশ্য যুক্তি দিয়েই, ‘সাকিব ও সময় আউট না হলেই হতো! ও আউট হওয়ার আগে ১১০ বলে ১৬৯ রান দরকার ছিল। তার মানে তো টি-টোয়েন্টি ম্যাচ। সাকিবও আউট হয়ে ফেরার পর খুব মন খারাপ করে বলেছে, “আমি ম্যাচটা হারিয়ে দিয়ে এলাম”।’
সাকিবের এই মানসিকতা দলে ছড়িয়ে পড়লে তো স্কটল্যান্ডের উড়ে যাওয়ার কথা। দেখা যাক!