মাশরাফিদের সঙ্গে স্টেইনের গুরু
বড় মাপের ক্রিকেটার ছিলেন না। কোচ হিসেবেও যে খুব সুনাম কুড়িয়ে বাংলাদেশে এসেছেন, তাও নয়। তার পরও নিজের কথা বলতে গিয়ে একটা কথাই আগে বলেন ইয়ান লেসলি পন্ট, ‘ডেল স্টেইন বিশ্বের এক নম্বর বোলার। সেও আমার সঙ্গে কাজ করেছে। এর চেয়ে বড় কিছু আর কী হতে পারে?’স্টেইনই শুধু নন, সাবেক ইংলিশ পেসার ড্যারেন গফও একটা সময়ে ছিলেন পন্টের ছাত্র। এই পন্টই এখন বাংলাদেশ দলের বোলিং কোচ। কাল সকালে ঢাকায় নেমে সরাসরি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলে এসেছেন। চুক্তিপর্ব সেরে কোচ জেমি সিডন্স আর দু-একজন ক্রিকেটারের সঙ্গে পরিচিত হয়েছেন। অনেক দিন পর দেখা হওয়া পুরোনো বন্ধু জুলিয়েন ফাউন্টেনের সঙ্গে বুক মিলিয়েছেন। আনুষ্ঠানিকভাবে আজ-কালের মধ্যেই কাজ শুরু করার কথা নতুন বোলিং কোচের।বাংলাদেশের আগে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং অভিজ্ঞতা বলতে ২০০৭ বিশ্বকাপের আগে হল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করা। এবার একটা টেস্ট দলের সঙ্গেও কাজ করতে পারছেন বলে দারুণ রোমাঞ্চিত এই ব্রিটিশ, ‘ডাচ দলের সঙ্গে বছর তিনেক ছিলাম। ক্রিকেটে ওদের টাকা-পয়সা কম বলে ওখানে কাজ করা কঠিন ছিল। সবকিছুই নির্দিষ্ট বাজেটের মধ্যে করতে হতো। বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ, অনেক প্রতিভা এখানে, সময়ের সঙ্গে সঙ্গে তারা উন্নতিও করছে।’পন্ট সম্পর্কে যেমন বাংলাদেশের ক্রিকেটারদের ধারণা নেই, নতুন ছাত্রদের ব্যাপারেও খুব কমই জানেন পন্ট। টেলিভিশনে গত ইংল্যান্ড সিরিজ এবং এ বছরের শুরুতে বাংলাদেশে হওয়া ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের কিছু খেলা দেখেই যা ধারণা পেয়েছেন। অবশ্য পূর্বধারণা তাঁর কাছে গুরুত্বপূর্ণও নয়, ‘আমার কাছে বোঝাপড়াটাই আসল। আমি তাদের কাছ থেকে অনেক কিছু জানব, তারাও আমার কাছে শিখবে। আমি চাই, সবাই খোলা মন নিয়ে আমার সঙ্গে কথা বলুক।’কোচ জেমি সিডন্সকেও ঢাকায় আসার আগ পর্যন্ত চিনতেন না পন্ট। তবে ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের কাছ থেকে শুনে সিডন্সকে উঁচু দরের কোচই মনে করেন, ‘এখানে জুলিয়েন আমার পুরোনো বন্ধু, অনেক দিন ধরে তাকে চিনি। একসঙ্গে ইসিবিতে কাজ করেছি। তবে জেমি সিডন্সের সঙ্গে এখানে এসেই পরিচয়। অ্যান্ডি ফ্লাওয়ারের কাছে ওর সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি।’আগে থেকে চেনাজানা না থাকলেও পন্ট তাই মনে করেন বাংলাদেশ দলকে এগিয়ে নিতে সিডন্সই যোগ্য লোক। মনে করিয়ে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দায়িত্বের কথাও, ‘অধিনায়ক এখানে বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছে। তাকেও বড় একটা ভূমিকা রাখতে হবে।’ তবে আর সব কোচের মতো নতুন বোলিং কোচও রাতারাতি কিছু করে ফেলার আশ্বাস দিচ্ছেন না, ‘এটা একটা লম্বা প্রক্রিয়া। আমরা সেই প্রক্রিয়াটা যত বেশি ঠিক রাখতে পারব, সাফল্য পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।’নিজের উদ্ভাবিত কোচিং পদ্ধতি আছে পন্টের। তাঁর কোচিং-দর্শনে যে গতি আর নিখুঁত বোলিংয়ের যুগপৎ অবস্থান, ঢাকায় এসেও সেটাই আওড়ালেন, ‘আমার কোচিংয়ের মূলমন্ত্রই হলো একই সঙ্গে গতি বাড়ানো এবং নিখুঁত বোলিং। অনেক কোচই মনে করে এটা হয়তো একসঙ্গে সম্ভব নয়, আসলে সম্ভব। যার প্রমাণ ডেল স্টেইন, যার প্রমাণ ব্রেট লি।’পন্টের বিশ্বাস, এই মূলমন্ত্রের বাস্তব প্রয়োগ খুবই সম্ভব। নিজের লেখা প্রথম বই দ্য ফাস্ট বোলারস বাইবেল-এ তো এও দাবি করেছিলেন, চাইলে তিনি যেকোনো বোলারের বলের গতি বাড়িয়ে দিতে পারবেন। ক্রিকইনফোর সাংবাদিক অ্যান্ড্রু মিলার আর মহিলা ক্রিকেটার জেনি টমসনকে সেটার প্রমাণ দিয়েছিলেন পন্ট। শুধু গতি নয়, স্লোয়ার ডেলিভারিতেও তিনি তাঁর নিজস্ব উদ্ভাবনী শক্তি কাজে লাগাচ্ছেন।বোলিং কোচ হিসেবে পন্ট কেমন, সেটি আজ থেকে অনুশীলনেই ভালো বুঝতে পারবেন মাশরাফি-রুবেলরা। তবে তাঁর পেস বোলিং-দর্শন আর কৌশল সম্পর্কে যা শুনেছেন, এসব মাশরাফিকে আকৃষ্টই করছে, ‘পেস নিয়ে আমি অতটা চিন্তিত না। আমি মনে করি, বল নিখুঁত হওয়া এবং সুইং ঠিক থাকাটাই ভালো পেস বোলিংয়ের জন্য যথেষ্ট। আমাদের গতিসমৃদ্ধ বোলাররা তাদের গতিটা ধরে রাখতে পারে ভালো। সঙ্গে নিখুঁত বোলিংয়ের জন্য কাজ করতে পারলে খুব ভালো হবে।’আর পন্টের ওই বিশেষ ধরনের স্লোয়ার, যেটা নাকি কোমরের উচ্চতায় গিয়ে হঠাৎই গতি হারিয়ে ফেলে? ‘ওয়ানডেতে বোলিংয়ে বৈচিত্র্য আনা খুব গুরুত্বপূর্ণ। কিছু ভালো স্লোয়ার শিখতে পারলে আমাদের জন্য ভালোই হবে’—বলেছেন মাশরাফি।