মাশরাফিদের সামনে এখন ইংল্যান্ড-বাধা

নেলসন-ওয়েলিংটন-মেলবোর্ন-অ্যাডিলেড। মাঝখানে দুটো বিমানবন্দর ছুঁয়ে শেষ হলো প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ। পরশু রাত সাড়ে ১০টায় অ্যাডিলেডের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওঠা বাংলাদেশ দলের ক্রিকেটারদের ক্লান্তিটা কোন পর্যায়ে ছিল, তা অনুমান করাই যায়। নেলসন থেকে স্কটল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে ফিরলেও বিমানভ্রমণের ধকলে নুয়ে পড়ছিল সবাই।
কিন্তু ক্লান্তিকে পাত্তা দিলে তো আর চলে না। কাল দুপুরেই খেলোয়াড়েরা ছুটেছেন অনুশীলনে। অনুশীলন ছিল ঐচ্ছিক। যদিও ১৫ ক্রিকেটারের ১১ জনই উপস্থিত অ্যাডিলেড ওভালে। তিন পেসার মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ এবং ওপেনার তামিম ইকবাল ছাড়া সবাই। এমনকি কাঁধে চোট পাওয়া এনামুল হকের বদলি হিসেবে যাওয়া ইমরুল কায়েসও অ্যাডিলেডে পৌঁছেই অনুশীলনে যোগ দিয়েছেন। অথচ যাত্রাপথে যথেষ্ট ভোগান্তি গেছে তাঁরও। ঢাকা থেকে বিমান দেরিতে ছাড়ায় দুবাই থেকে মিস করেন অ্যাডিলেডের ফ্লাইট। পরশু রাতে পৌঁছার কথা থাকলেও ইমরুল দলের সঙ্গে যোগ দিয়েছেন কাল।
সামনে অনেক বড় স্বপ্নপূরণের হাতছানি। আগামীকাল ইংল্যান্ডকে হারাতে পারলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। ক্লান্তি-টান্তি তাই এখন এমনিতেও ভর করছে না খেলোয়াড়দের মধ্যে। আবাসিক ঠিকানা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছেই ম্যাচের ভেন্যু অ্যাডিলেড ওভাল। হোটেল আর মাঠের মাঝখানে শুধু টরেন্স লেক। হোটেল থেকে এগিয়ে সেতু পেরোলেই মাঠ।
মাঠের সঙ্গে সখ্য গড়ার ক্ষেত্রে ইংল্যান্ডের চেয়ে মাশরাফিরা একটু পিছিয়েই আছে। ইংলিশরা ওখানে অনুশীলন শুরু করেছে গত পরশু। তা ছাড়া যে মাঠ বাংলাদেশ দল গতকালই প্রথম চর্মচক্ষে দেখল, সে মাঠে ইংল্যান্ড এর আগেও খেলেছে ১৫টি ওয়ানডে। তবে ম্যাচের সংখ্যার তুলনায় অ্যাডিলেড ওভালে ওয়ানডে জয় তাদের খুব বেশি নেই, মাত্র চারটি।
পরিসংখ্যানের এই পাতাটি যদি ইংল্যান্ড আপাতত নাও ওল্টায়, কালকের ম্যাচের আগে তবু স্বস্তিতে থাকার কথা নয় তাদের। এটা যে এখন ইংলিশদের বাঁচা-মরার লড়াই-ই হয়ে দাঁড়িয়েছে! অধিনায়ক এউইন মরগান তো এও জানিয়ে রাখলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জয়টা আমরা নিশ্চিত ধরে নিচ্ছি না। আমরা তাদের সঙ্গে অনেকবার খেলেছি। গত ১০ বছরে দলটা অনেক এগিয়েছে।’
মরগানের এমন সতর্ক উপলব্ধির একটা কারণ অবশ্যই বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বশেষ ম্যাচটি। ওয়ানডেতে শেষবার দুদলের দেখা হয় ২০১১-এর বিশ্বকাপে, চট্টগ্রামে। ফলাফলটা ভুলে যাননি নিশ্চয়ই—এক ওভার বাকি থাকতে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ২ উইকেটে। বাংলাদেশের জয় আছে ইংল্যান্ডের বিপক্ষে এর আগের দুই ম্যাচের একটিতেও। ২০১০ সালের ইংল্যান্ড সফরে ব্রিস্টলে হওয়া দ্বিতীয় ওয়ানডের সেই জয়টা ৫ রানের।
তার মানে দুই দলের সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই জয়ী বাংলাদেশ। সেই দুই ম্যাচে আবার অদ্ভুত একটা মিলও আছে, যে মিলটাকে এবারের পরিস্থিতির সঙ্গে মেলালে ৯ মার্চের ম্যাচ নিয়ে বাংলাদেশের আশাটা বড় হয়। ইংল্যান্ডের বিপক্ষে জেতা দুই ম্যাচেই দলের পক্ষে ফিফটি করেছেন শুধু ইমরুল কায়েস। ব্রিস্টলে ৭৬ আর চট্টগ্রামে ৬০। দুটি ইনিংসকেই বলতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অতীত পারফরম্যান্সের বিজ্ঞাপন। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে সাতটি ওয়ানডে খেলে তিনটিতেই ফিফটি করেছেন, রানের গড় ৩৫.৫৭।
শুরুতে বিশ্বকাপের দলে না থাকলেও কাকতালীয়ভাবে সেই ইমরুলও এখন অ্যাডিলেডে! আগামী ম্যাচের একাদশ নির্বাচনের সময় বাংলাদেশ থিংক ট্যাংকের মস্তিষ্কে সূক্ষ্মভাবে হলেও থাকবে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অতীত পারফরম্যান্স। কাল অ্যাডিলেড ওভালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরুলকেও মনে হলো আত্মবিশ্বাসী, ‘ইংল্যান্ডের সঙ্গে এর আগেও আমি ভালো খেলেছি। আবার যদি খেলার সুযোগ পাই, সেটাকেও কাজে লাগানোর চেষ্টা করব।’ মনে করিয়ে দিলেন ২০১০ সালে ক্রাইস্টচার্চে করা সেঞ্চুরিটার কথাও, ‘আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষেও ম্যাচ আছে। ওদের বিপক্ষেও আমি ওদের মাটিতে ভালো খেলেছি।’
আগের পারফরম্যান্সের কথা মনে করে নিজেকে আত্মবিশ্বাসী ভাবতেই পারেন ইমরুল। তবে এবারের বিশ্বকাপের পরিস্থিতিটা একটু ভিন্ন। ব্যাটসম্যানদের দ্রুত রান তোলার চ্যালেঞ্জ নিতে হচ্ছে প্রতি ম্যাচেই। ইমরুলের ব্যাটিংয়ের যে ধরন, তাতে সে ভূমিকায় তিনি কতটা ইতিবাচক থাকতে পারবেন, কোচ-অধিনায়কেরা নিশ্চয়ই সেটাও ভেবে দেখবেন। অবশ্য ইমরুল জানালেন, চন্ডিকা হাথুরুসিংহে নাকি এর মধ্যেই একটা সূত্র বাতলে দিয়েছেন তাঁকে, ‘কোচ বলেছেন নেটের উইকেটে বল যে রকম মুভমেন্ট করে ও রকম ম্যাচের উইকেটে করে না। শুরুতে সোজা ব্যাটে খেলার চেষ্টা করতে হবে।’
ম্যাচের আগে মাত্র দুদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা যে সহজ নয়, সেটা জানেন ইমরুলও। তবে একাদশে থাকুন বা না-ই থাকুন, ইংল্যান্ডের বিপক্ষে আগের দুই জয়ের সেরা ব্যাটসম্যানকে কাল ড্রেসিংরুমে তো অন্তত পাচ্ছে বাংলাদেশ! সতীর্থদের কানে সাফল্যের মন্ত্রটা সেখানেও পড়ে দিতে পারেন ইমরুল।
আজকের খেলা
নিউজিল্যান্ড-আফগানিস্তান
(ভোর ৪টা, নেপিয়ার)
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
(সকাল ৯-৩০ মি., সিডনি)
আগামীকালের খেলা
বাংলাদেশ-ইংল্যান্ড
(সকাল ৯-৩০ মি., অ্যাডিলেড)
গতকালের ফল
পাকিস্তান: ৪৬.৪ ওভারে ২২২
দক্ষিণ আফ্রিকা: ৩৩.৩ ওভারে ২০২ (লক্ষ্য ৪৭ ওভারে ২৩২)
ফল: পাকিস্তান ২৯ রানে জয়ী (ডি/এল)
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ৩৩১/৮
জিম্বাবুয়ে: ৪৯.৩ ওভারে ৩২৬
ফল: আয়ারল্যান্ড ৫ রানে জয়ী