মাশরাফির অন্য রকম জবাব

ঘর্মাক্ত শরীরে জ্বলছিল ক্রোধের আগুন। ড্রেসিংরুম থেকে চিৎকার করতে করতে বেরিয়ে কোথায় যেন ছুটে যেতে চাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। মোহামেডান কর্মকর্তা ওয়াসিম খান বাধা হয়ে দাঁড়ালেন। তাতে মাশরাফি আবার ড্রেসিংরুমে ফিরে গেলেও কয়েক মিনিটের চিৎকারেই বুঝে নেওয়া গেছে ক্রোধের কারণ। চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন, ‘গাল দিলে আমাকে দে। বাপ-মা তুলে গাল দিবি কেন! ওয়াসিম ভাই আপনি জানেন না, বাপ-মা তুলে গাল দিলে আমার মাথা ঠিক থাকে না।’ম্যাচের মধ্যাহ্নবিরতির সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দুই ড্রেসিংরুমের মাঝের করিডরে ওই ঘটনা। মিরপুরে খেলা হলেই আবাহনীর হাতে গোনা কিছু চিহ্নিত সমর্থক ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডে এসে বসে। আবাহনীর ইনিংসের মাঝামাঝি মোহামেডান অধিনায়ক মাশরাফি বোলিং করার পর আবাহনীর ব্যাটসম্যান থিলিনা কান্দাম্বির সঙ্গে পিচের ওপরই তাঁর মৃদু ধাক্কা লাগে। খেলার মধ্যে এমন হয়ই, আর এ নিয়ে মাশরাফি বা কান্দাম্বি কাউকেই খুব বেশি সিরিয়াস মনে হয়নি তখন। অথচ ওই ঘটনাই আবাহনীর সমর্থকদের মুখের ছিপি খুলে দিল। শুরু হলো অকথ্য গালাগাল, যার কোনো কোনোটা গিয়ে পড়ল মাশরাফির পূর্বপুরুষদের ওপরও। মাশরাফি অবশ্য মাঠে ভালোই ধৈর্যের পরিচয় দিলেন। মেজাজ হারালেন ড্রেসিংরুমে ফিরে।খেলার মাঠে খেলোয়াড়দের উদ্দেশে দর্শকদের গালাগাল নতুন কিছু নয়। কিন্তু দিন তো বদলেছে। আগে আবাহনী-মোহামেডানের মতো বড় ম্যাচে ২০-২৫ হাজার দর্শক হতো। এত দর্শকের কোলাহলের মধ্যে গালাগাল প্রচুর হলেও সেটি কোলাহলে হারিয়ে যেত। কিন্তু এখন আবাহনী-মোহামেডান ম্যাচ হাজার দুয়েক দর্শকও টানতে পারে না। পাঁচ-সাত শ দর্শকের মধ্যে কেউ কোনো খেলোয়াড়ের নাম ধরে গালাগাল করলে খেলোয়াড় শুধু নয়, মাঠের সবারই কানে বাজে সেটা। ব্যাপারটাকে তখন মনে হয় ওই খেলোয়াড়ের সঙ্গে ওই দর্শকের ব্যক্তিগত কোনো ঝগড়া।কিন্তু প্রতিবারই কোনো না কোনো ক্রিকেটারকে অশ্রাব্য গালির স্রোতে ভাসানো হাতে গোনা এই গালিবাজ সমর্থকেরা ভিআইপি গ্যালারির মতো জায়গায় কীভাবে অনুপ্রবেশ করে? কে জানে, হয়তো বিসিবিতে থাকা আবাহনী কর্মকর্তাদের চোখে তারা আসলেই ‘ভিআইপি’ই। তবে আবাহনী কর্মকর্তা ও সিসিডিএমের চেয়ারম্যান জালাল ইউনুসের গতকালের আনুষ্ঠানিক বক্তব্য হলো, ‘কোনো ক্রিকেটারকে এভাবে গালাগাল করাটা কখনো মেনে নেওয়া যায় না। কেউ এ ধরনের কাজ করলে সেটা বরদাশত করা হবে না। আমরা আগেও এটা বলেছি।’তা বলেছেন, তবে কখনোই কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়নি। মাশরাফি কাল খেলা শেষে বড় দুঃখ করে বলছিলেন, ‘ভিআইপি গ্যালারিতে বসেও যদি কেউ মা-বাবা তুলে গালাগাল করে, সেটা খুব বাজে লাগে। এর আগে সাকিব, তামিমসহ আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে এটা হয়েছে।’ আবাহনীতে টানা চার বছর খেলে লটারির দলবদলে এবার মোহামেডানের জার্সি গায়ে চাপিয়েছেন মাশরাফি। সাবেক ক্লাবের সমর্থকদের গালাগালিতেই বেশি মর্মাহত মনে হলো তাঁকে, ‘আবাহনীতে আমি চার বছর খেলে এসেছি। খোঁড়া পা নিয়েও আবাহনীকে চ্যাম্পিয়ন করেছি। বাজে কথা বলতেই পারে, কিন্তু পরিবার নিয়ে একেবারে সামনাসামনি এসব বলতে পারে কি না, সেটা ভেবে দেখা উচিত।’
মাশরাফি বোধ হয় অরণ্যে রোদনই করলেন। তবে ক্রিকেটার হিসেবে জবাব যেটা দেওয়ার, সেটা দিয়েছেন ঠিকই। বল হাতে ৪০ রানে ৪ উইকেট নিয়ে এবারের লিগে নিজের সেরা বোলিং, ব্যাটিংয়ে ১২ বলে ১৮ রানেও ছিল জবাব দেওয়ার মেজাজ। মাশরাফি অবশ্য এটাকে জবাব-টবাব না বলে ক্রিকেটীয় ভাষাতেই থাকলেন, ‘প্রথম স্পেলের ভালো বোলিং দ্বিতীয় স্পেলে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আমার। এ ধরনের ম্যাচের একটা সুবিধা হলো নিজেকে ভালো করে চেনা যায়। চেষ্টাটা ভেতর থেকে আসে।’
মাশরাফির জন্য সে কাজটা কাল আরও বেশি সহজ করে দিল আবাহনীর ‘ভিআইপি’ সমর্থকেরাই।