মাশরাফির আরেকটি ফেরার লড়াই

লড়াই তাঁর জীবনে ফিরে ফিরে আসে৷ সে লড়াইয়ে বারবার জেতেনও। মাশরাফি বিন মুর্তজা—চোটাঘাতের সঙ্গে লড়াই যাঁর নিরন্তর।
চোট কাটিয়ে এশিয়া কাপে ফিরেছিলেন। খেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কিন্তু এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই ডাইভ দিয়ে আবারও চোট পান পাঁজরের হাড়ে। সেই চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। সহকারী কোচ সরওয়ার ইমরানের তত্ত্বাবধানে শুরু করেছেন ভারত সিরিজের প্রস্তুতি।
কোনো সিরিজের দলে মাশরাফির থাকা মানে সাংবাদিকদের নিয়মিত তাঁর চোটাঘাতের খোঁজখবর করা। কাল যেমন মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই চোটের প্রসঙ্গটা এল। মাশরাফিও খুব স্বাভাবিক গলায় জানালেন, এসব এখন তাঁর অভ্যাসের ছায়াসঙ্গী, ‘এটা পুরো ক্যারিয়ার ধরেই হয়ে আসছে, এ নিয়ে এখন আর অত ভাবি না। গুরুত্বপূর্ণ হলো আমার মধ্যে এখনো খেলার স্পৃহা আছে। তাই আবারও কাজ শুরু করেছি। তবে শুধু মাঠে ফিরে আসাই নয়, ভালো খেলাও গুরুত্বপূর্ণ।’
ভারতের বিপক্ষে মাশরাফির কাছে সব সময়ই ভালো খেলার দাবি থাকে। সুস্থ থেকে সিরিজটা খেলতে পারলে সে দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টাই করবেন দেশসেরা পেসার। মাথার ওপর সরওয়ার ইমরানকে পেয়ে মাশরাফি এবার একটু বেশিই আত্মবিশ্বাসী, ‘ক্যারিয়ারের শুরুতে ইমরান স্যারের সাথেই ছিলাম। বোলিং নিয়ে অনেক কাজ করেছি ওনার সাথে।’ ক্রিকেটার হিসেবে প্রথম জীবনে মাশরাফির শুরুটা এই সরওয়ার ইমরানের হাতেই৷ বলছেন, ‘স্যার আমার অনেক কিছু ঠিক করে দিয়েছেন। বিশেষ করে ইনসুইং ডেলিভারিটা স্যারের কাছেই শেখা। স্যারের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য ভালো একটা সুযোগ।’
মাশরািফর এমনও উপলব্ধি, বোলিং নিয়ে আরও আগেই নিজ থেকে সরওয়ার ইমরানের দ্বারস্থ হওয়া উচিত ছিল। সেটা যখন হয়ে ওঠেনি, পুরোনো কোচকে কাছে পাওয়ার পুরো সুযোগ কাজে লাগাতে চান এই পেসার। একই পরামর্শ দিলেন অন্য পেসারদেরও, ‘সব ফাস্ট বোলারের জন্যই খুব ভালো সুযোগ এটা। স্যারের সঙ্গে কথা বলা উচিত। যারা ক্রিকেট খেলে তারাই ক্রিকেট জানে এমন তো নয়, যারা দেখে তারা হয়তোবা আরও বেশি জানে। স্যার আমাদের চেয়ে অনেক বেশি ক্রিকেট দেখেন, বিশেষ করে মাঠে থেকে। আমার বিশ্বাস, উনি আরও সাহায্য করতে পারবেন।’
শুধু সরওয়ার ইমরান নন, পেস বোলিং কোচ হিসেবে ভারত সিরিজের আগে দলের সঙ্গে যোগ হচ্ছেন হিথ স্ট্রিকও। কোচ হিসেবে স্ট্রিককে পেয়ে খুশি মাশরাফি। তবে স্ট্রিকের ব্যাপারে উপসংহারটা তুলেই রাখছেন এখন, ‘বোলার হিসেবে তিনি অসাধারণ। বিশ্ব ক্রিকেটে একসময়ের অন্যতম সেরা বোলার। সব সময় আইসিসি র্যাঙ্কিংয়ে ১০-এর ভেতরে থাকতেন। তবে কোচ হিসেবে কেমন হবেন, সে ব্যাপারে এখনই মন্তব্য করা ঠিক হবে না।’ অবশ্য আর সবার মতো মাশরাফিও জানেন, মানুষ হিসেবে হিথ স্ট্রিক অনন্য, ‘তিনি খুব ভালো মানুষ বলেই জানি। আমারও বিশ্বাস, ভালোই হবেন।’
মাথার ওপর সরওয়ার ইমরানের মেলে ধরা ছাতা। হিথ স্ট্রিকের বাড়িয়ে দেওয়া হাতও পাশে পাচ্ছেন৷ আর নিজের ভেতর থাকা অফুরান প্রাণশক্তি তো আছেই। মাশরাফি কেন জিতবেন না আরেকটি লড়াই!