মাশরাফির কথায় ভুল ভাঙল তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজনেস ক্লাসে অস্ট্রেলিয়া যাওয়ার দাবি থেকে কাল সন্ধ্যা পর্যন্তও সরেননি তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, সম্পর্কে চাচা নির্বাচক আকরাম খান ও বিসিবির পরিচালক জালাল ইউনুস দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বুঝিয়েছেন তাঁকে। কিন্তু অনড় তামিম বিসিবি অফিস ত্যাগ করার সময়ও আগের মনোভাবটাই বুঝিয়ে দিয়ে গেলেন সবাইকে—তিনি বিজনেস ক্লাসেই যেতে চান। বাকিটা বোর্ডের ব্যাপার।কিন্তু সন্ধ্যার পর মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ফোনে খবর দিলেন, ‘সমস্যার সমাধান হয়ে গেছে। একটু আগে তামিম ফোন করেছে। ও ইকোনমি ক্লাসে যেতে রাজি হয়েছে।’ হঠাৎ এই মত বদলের কারণ? টেলিফোনে তামিমই জানালেন কারণটা, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বললাম। তাঁর কাছ থেকেই শুনলাম, অধিনায়ক হওয়ার আগে যতবার তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন, প্রতিবারই ইকোনমি ক্লাসে গেছেন। বিজনেস ক্লাসে গেছেন অধিনায়ক হওয়ার পর। এ কথাটা আমাকে কেউ বলেনি। আমি তো জানতাম না মাশরাফি ভাই, সাকিবদের বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হয়েছে অধিনায়ক বলে। এ কারণেই আমি বলেছিলাম, ওনাদের যে সুবিধা দেওয়া হয়েছে, আমাকেও তা-ই দিতে হবে।’মাশরাফির সঙ্গে কথা বলে ভুল ভেঙেছে তামিমের, ‘এখন বুঝতে পারছি, বিষয়টা কী। ক্যাপ্টেনের সুবিধা আমি চাই না। ফোন করে বোর্ডকে জানিয়েছি, নিয়ম অনুযায়ী ইকোনমি ক্লাসের টিকিটের টাকাই নেব। প্রয়োজনে বোর্ডের টাকার সঙ্গে নিজে বাড়তি টাকা দিয়ে বিজনেস ক্লাসে অস্ট্রেলিয়া যাব।’ তামিমের সঙ্গে এ নিয়ে কথা বলার বিষয়টা জানিয়েছেন মাশরাফিও, ‘অধিনায়ক হওয়ার আগে আমি যে পাঁচবার চিকিৎসার জন্য বাইরে গেছি, প্রতিবারই ইকোনমি ক্লাসে গেছি। তাতে ফেরার সময় আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু কী করার আছে, নিয়ম তো মানতেই হবে। তামিমকে এটাই বুঝিয়েছি আমি।’আগের দিন সহকারী ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শরিফুল ইসলামের রুমে ভিসা ফরম ছিঁড়ে ফেলার জন্য দুঃখ প্রকাশও করেছেন তামিম, ‘ভিসা ফরম ছেঁড়াটা উচিত হয়নি আমার। তাৎক্ষণিক উত্তেজনার বশে এটা করেছি। এর জন্য দুঃখিত।’কাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একরকম নাটকই হয়েছে বিসিবি অফিসে। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে ঘণ্টাখানেক আলোচনার পর নির্বাচকদের রুমে তামিম কথা বলেছেন আকরাম খানের সঙ্গে। এরপর বিসিবি পরিচালক জালাল ইউনুসের রুমেও আধা ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন। জাতীয় দলের ওপেনারকে সবাই বোঝাতে চাইলেন বিসিবির নিয়ম অনুযায়ী তাঁকে ইকোনমি ক্লাসেই অস্ট্রেলিয়া যেতে হবে। তামিম তার পরও অনড় ছিলেন তাঁর দাবিতে। যদিও সংবাদমাধ্যমের সামনে তখন কোনো বিষয়েই কথা বলতে রাজি হননি তিনি, ‘এসব নিয়ে কোনো কথা বলব না। কারও প্রতি কোনো ক্ষোভ নেই আমার। বোর্ড আমার সঙ্গে খারাপ কিছু করেনি, আমিও বোর্ডের সঙ্গে খারাপ কিছু করিনি।’ তবে তামিম তখনই জানিয়েছেন, পরদিন (আজ) থেকেই আবার অনুশীলন শুরু করবেন।এর আগে জালাল ইউনুস ব্যাখ্যা করে বলেছেন, কেন তামিমকে ইকোনমি ক্লাসে পাঠাতে হচ্ছে অস্ট্রেলিয়ায়, ‘আমাদের ২২-২৩ জন চুক্তিভুক্ত ক্রিকেটার। চিকিৎসার জন্য সবাইকে বিজনেস ক্লাসে পাঠালে সেটা ব্যয়বহুল হয়ে যায়। তবে হ্যাঁ, ইনজুরি বা ভ্রমণের দূরত্বের কথা বিবেচনা করে কারও হয়তো বিজনেস ক্লাসেই যাওয়া প্রয়োজন, আমরা সেটা দেখব।’ প্রশ্ন উঠেছে আগের দিন তামিমের আচরণ নিয়েও। এ ব্যাপারে জালাল ইউনুসের বক্তব্য, ‘ওর কাছ থেকে আমরা এটা আশা করিনি। আমরা চাই না তার মতো ক্রিকেটার বোর্ডের কোনো স্টাফের সঙ্গে অসদাচরণ করুক। আর তামিম যদি প্রকাশ্যে এ নিয়ে কিছু বলে থাকে, তাহলে অবশ্যই সে শৃঙ্খলাভঙ্গের কাজ করেছে।’বিজনেস ক্লাস বিতর্কের অবসান হওয়ায় যত দ্রুত সম্ভব তামিমকে অস্ট্রেলিয়া পাঠানো হবে বলেও জানিয়েছেন জালাল ইউনুস।