মাশরাফির জন্য আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুটা আশার আলো দেখতেই পারেন মাশরাফি বিন মুর্তজা। ডান হাঁটুর ইনজুরির সর্বশেষ যা অবস্থা তাতে চার সপ্তাহ পরই তিনি বোলিংয়ে ফিরতে পারবেন বলে আশাবাদী চিকিৎসকেরাও।গত ২১ ডিসেম্বর বিকেএসপিতে আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পান মাশরাফি। এমআরআই রিপোর্ট লিগামেন্ট ছেঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে আপাতত অস্ত্রোপচারে না গিয়ে ইনজুরি সারানোর বিকল্প উপায়ে হাঁটছেন চিকিৎসকেরা। সে অনুযায়ীই কাল অ্যাপোলো হাসপাতালের অর্থোপেডিক সার্জন ও হাঁটু বিশেষজ্ঞ এম আলী মাশরাফির হাঁটুর সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেছেন।পর্যবেক্ষণ শেষে এম আলী ও বিসিবির ক্রীড়া চিকিৎসক মনিরুল আমিন অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংয়ের পরামর্শ নিয়ে মাশরাফির চিকিৎসার পরবর্তী পরিকল্পনাও ঠিক করে ফেলেছেন। ৩০ ডিসেম্বর আবারও পর্যবেক্ষণ করা হবে মাশরাফির চোট লাগা হাঁটুর অবস্থা। অবস্থার উন্নতি সাপেক্ষে পরদিন থেকেই হয়তো শক্তি বাড়ানোর কাজ শুরু করতে পারবেন তিনি। ৫ জানুয়ারি থেকে শুরু করতে পারবেন জিমও। ডেভিড ইয়াংসহ চিকিৎসকেরা আশাবাদী, সবকিছু ঠিকঠাকভাবে এগোলে তিন সপ্তাহের মধ্যে ব্যাটিং এবং চার সপ্তাহের মধ্যে বোলিং শুরু করতে পারবেন মাশরাফি।আশাবাদী মাশরাফিও। তবে চিকিৎসক নাকি তাঁকে বলেছেন, খেলতে হলে ব্যথা নিয়েই খেলতে হবে তাকে, ‘আজ (গতকাল) হাঁটু থেকে কিছু রক্ত বের করায় ফোলা কমেছে। তবে ব্যথা এখনো আছে। ডাক্তার অবশ্য বলেছেন, ব্যথা থাকবে। খেলতে হলে এই ব্যথা নিয়েই খেলতে হবে।’ ওদিকে পরশু প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বাঁ অ্যাঙ্কেলের অ্যাকিলিস টেন্ডনে ব্যথা অনুভব করা সূর্যতরুণের ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকের অবস্থা এখন অনেকটাই ভালো।