মাশরাফির টি-টোয়েন্টি ঝলক
বোলিংয়ে ৪ উইকেট, ব্যাটিংয়ে ১৩ বলে ৩০ রান—টি-টোয়েন্টিতে শুধু এই সংখ্যাগুলোই অসাধারণ এক অলরাউন্ড পারফরম্যান্সের প্রমাণ। তবে মাশরাফি বিন মুর্তজার বীরত্বগাথার খুব সামান্যই বোঝা যাচ্ছে এতে। পরিস্থিতি অনুযায়ী উইকেট আর রানের মূল্যভেদ ঘটে। গত পরশু আয়ারল্যান্ডকে ধবলধোলাই সম্পন্ন করায় মাশরাফির প্রায় একক কৃতিত্বের ব্যাপারটা বুঝতে হলে সেটি জানতে হবে।অনেক দিন বাইরে থাকার পর পেস বোলারদের ছন্দ ফিরে পেতে সময় লাগে। প্রথম দুই ম্যাচে সেটিই আরও ভালো করে বুঝিয়ে দিয়েছিল মাশরাফির বোলিং। শুরুতে আইরিশরা বেশি চালায় বলে মুশফিকুর রহিম এ দিন মাশরাফিকে আনলেন সবার শেষে। ৮ ওভার শেষ করতে পাঁচজন বোলার ব্যবহার করার পর। স্কোরবোর্ডে তখন ১ উইকেটে ৬৭। চতুর্থ বলে প্রথম উইকেট নিলেন। পরের ১০ বলে আরও ৩টি। ১১ বলের স্পেলে ৪ রান দিয়ে ৪ উইকেট। প্রথম ৩ ওভার শেষে বোলিং বিশ্লেষণ: ৩-০-৯-৪! ৪ উইকেটের চেয়ে ৩০ রানের মূল্য কম মনে হতে পারে, তবে পরশুর ম্যাচের প্রেক্ষাপটে ঘটনা বোধহয় উল্টো। যখন নেমেছেন, ম্যাচাকাশে দুর্যোগের ঘনঘটা। বিনা উইকেটে ৬২ থেকে দেখতে না দেখতেই স্কোর ৬ উইকেটে ৮৭। চোখ রাঙাচ্ছে ২৯ বলে ৫৪ রানের কঠিন লক্ষ্য।১৬ বলে ৩২ রান দরকার, বল করছেন বাঁহাতি স্পিনার ডকরেল। পেস বোলিংটা ব্যাটসম্যান মাশরাফি খুব একটা পছন্দ করেন বলে কারও জানা নেই। এসপার না হয় ওপসারের সিদ্ধান্ত নিয়ে তাই চড়াও হলেন ডকরেলের ওপর। পরের চার বলের মধ্যে তিন ছক্কাতেই আসলে মীমাংসা হয়ে গেল ম্যাচের। তৃতীয় ছক্কাটা কেভিন ও’ব্রায়েনের হাতে ক্যাচ হয়ে যাচ্ছিল। সেটিকে উল্টো ছয় বানিয়ে দিলেন। ভাগ্য যে সাহসীদের পক্ষে থাকে।আর সাহসের কথা যদি বলেন, মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যাওয়ার মতো কাউকে ক্রিকেট ইতিহাসই খুব একটা দেখেনি। কতবার অস্ত্রোপচারের টেবিল থেকে আবার মাঠে ফিরেছেন, সেই গল্প সবারই জানা। এমন একটা পারফরম্যান্সের পর সেটিকে ‘এটা এমন বড় কিছু না’ বলতেও সাহস আর নিজের ওপর আত্মবিশ্বাস লাগে।মাশরাফির কাছে বড় কিছু মনে হচ্ছে না, এটা টি-টোয়েন্টি বলে। টি-টোয়েন্টিকে মাশরাফি বলেন, ‘উরাধুরা খেলা’। প্রায় এক হাতে ম্যাচ জিতিয়েও তাই বলছেন, ‘টি-টোয়েন্টিতে কে কখন ভালো করে ফেলে বলা মুশকিল।’ আইপিএলে খেলেছেন, বিপিএলে একটা দলের অধিনায়ক—কিন্তু মন থেকে টি-টোয়েন্টিটাকে কখনোই একটুও ভালোবাসতে পারেননি, ‘আরে, এটা কোনো খেলা হলো! ঠিকমতো ওয়ার্মআপ না হতেই বোলিং শেষ!’তবে আধুনিক ক্রিকেটের বাস্তবতাটাও বুঝতে পারছেন, ‘গত কিছুদিন তো আমরা শুধু টি-টোয়েন্টিই খেলছি, সামনে আবার বিশ্বকাপও। তাই বুঝতে পারছি, উপায় নেই, এটাকে সিরিয়াসলি নিতেই হবে।’ টি-টোয়েন্টি হয়তো হাঁটুর ওপর বেশি চাপ ফেলছে না, তবে সেটিকে ছন্দ ফিরে পাওয়ার অন্তরায় মনে হচ্ছে মাশরাফির। ‘বেশির ভাগ সময় দুই ওভারের স্পেল, এতে কি আর রিদম পাওয়া যায়!’পরশুর ম্যাচে অবশ্য ব্যাটে-বলে পুরোনো মাশরাফি অনেকটাই ফিরে এলেন। ফিরে এল আত্মবিশ্বাসও, ‘ব্যাটিংয়ে নামার সময়ও বিশ্বাস ছিল, আমি পারব। ব্যাটিংয়ে একটা চেঞ্জও করেছি। আগে পেছনে সরে গিয়ে মারতে চাইতাম। এখন আর তা করি না। এমন একটা পারফরম্যান্সও তো কনফিডেন্স দেয়ই।’সেটিকে যদি ক্যারিয়ারের সেরা পারফরম্যান্সের তালিকায় কোনো একটা নম্বরে রাখতে হয়! কততে রাখবেন মাশরাফি? এক-দুই করতে করতে জায়গা খুঁজে পেলেন পাঁচে এসে। প্রথম চারে তা হলে কোনগুলো? এই রইল সেই তালিকা— ১. বিপক্ষ ভারত, ২০০৭ বিশ্বকাপ (৪/৩৮)।২. বিপক্ষ ভারত, ওয়ানডে, ঢাকা, ২০০৪ (২/৩৬+৩১*)।৩. বিপক্ষ নিউজিল্যান্ড, ওয়ানডে, ঢাকা, ২০০৮ (৪/৪৪)।৪. বিপক্ষ ভারত, চট্টগ্রাম টেস্ট, ২০০৭ (৪/৯৭ ও ১/৩৬+৭৯ রান)।