মাশরাফির দুশ্চিন্তা টস নিয়ে

হোটেলের নাম রাদারফোর্ড হোটেল নেলসন। লবিতে ক্যাফেটির নাম ‘অ্যাটম ক্যাফে’। পদার্থবিজ্ঞান পড়ে থাকলে যোগসূত্রটা খুব সহজেই বুঝে ফেলার কথা। হোটেলটা নেলসনের সবচেয়ে বিখ্যাত সন্তান নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের নামে। ক্যাফের নাম অ্যাটম, কারণ অ্যাটম বা পরমাণু ভাঙার পরও যে ক্ষুদ্রতর কিছু থাকে, সেটি রাদারফোর্ডেরই আবিষ্কার। দরজায় লেখা অ্যাটমের মাঝখানে রাদারফোর্ডের একটা ছবিও জ্বলজ্বল করছে।
নেলসনে ম্যাচ খেলার সময় এই হোটেলেই থেকেছে বিশ্বকাপের দলগুলো। বাংলাদেশ ও স্কটল্যান্ড দলও এখানেই আছে। মাত্র নয়তলা হয়েও নেলসনের সবচেয়ে উঁচু ভবনে কাল দুই দলের কর্মতৎপরতায় মনে হলো হোটেলের নামকরণটা সার্থক। আর্নেস্ট রাদারফোর্ড ‘অ্যাটম’ কাটাছেঁড়া করে দেখেছিলেন, কাল সকালে স্কটল্যান্ডের কোচ ও ম্যানেজারের সঙ্গে বসে বাংলাদেশ দলকে কেটেছিঁড়ে দেখার কাজটাও অ্যাটম ক্যাফেতে বসেই করলেন শেন জার্গেনসেন। হ্যাঁ, শেন জার্গেনসেনই, ১১ মাস আগেও যিনি বাংলাদেশ দলের কোচ ছিলেন। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি শত্রুশিবিরে পরামর্শকের ভূমিকায়।
নেলসনে আসার পর কালই বাংলাদেশের প্রথম অনুশীলন হলো। পাক্কা তিন ঘণ্টা—যাকে বলে ঘাম ঝরানো অনুশীলন। বিকেলে টিম মিটিংয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়ে কাটাছেঁড়া। রাদারফোর্ডের (পড়ুন বিজ্ঞানের) ভাষায় যেটিকে গবেষণাও বলা যায়। যেটির পর ‘অচেনাকে ভয় কি আমার ওরে’ গাইতেই পারেন বাংলাদেশের খেলোয়াড়েরা। অচেনাকে যে চেনা হয়ে গেছে অনেকটাই।
সকালে অনুশীলনের সময় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে অবশ্য স্কটল্যান্ডের চেয়ে মাঠ নিয়ে বেশি চিন্তিত মনে হলো। স্যাক্সটন ওভাল মাঠটা নেলসনের বিশাল স্পোর্টস কমপ্লেক্সের অংশ। উইকেটের আড়াআড়ি মোটামুটি ঠিক থাকলেও উইকেটের লম্বালম্বি মাঠের দৈর্ঘ্যটা বেশ কম। মাত্রই এমসিজিতে খেলে এসেছেন বলেই হয়তো মাশরাফির কাছে সেটিকে আরও কম বলে মনে হচ্ছে।
মাঠ ছোট হলে সুবিধা-অসুবিধা যা-ই হোক, সেটি দুই দলেরই হবে। এ নিয়ে মাশরাফির বিরক্তির কারণটা ঠিক বোঝা গেল না। তবে টস নিয়ে তাঁর দুশ্চিন্তাটা ঠিকই আছে। ‘টস ম্যাচের ভাগ্য ঠিক করে দিলে তো মুশকিল’—মাশরাফি যখন এ কথা বলছেন, দুপুরের সূর্য প্রবল প্রতাপে জ্বলছে। অথচ তার পরও স্যাক্সটন ওভালের ঘাস শিশিরে ভেজা। বিশ্বকাপে বাংলাদেশের এই ম্যাচটিই শুধু দিবারাত্রির নয়। আগামী পরশু খেলা শুরু হবে স্থানীয় সময় বেলা ১১টায়। টসজয়ী দল বোধ হয় চোখ বুজে ফিল্ডিংই নেবে। এক সাংবাদিকের ‘টস প্র্যাকটিস করলেই তো হয়’ রসিকতার জবাবে মাশরাফি বললেন, ‘ইনচনের পর আমার আর টসের ওপর ভরসা নেই। এর আগে খুব টস জিততাম। ইনচনে যখন শুনলাম, টস হবে, আমি তো মহা খুশি। তার পর তো...’!
ইনচন মানে এশিয়ান গেমস। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর শিরোপা নির্ধারিত হয়েছিল টসে। তাতে মাশরাফি হেরে যাওয়ায় বাংলাদেশকে গুয়াংজুতে জেতা শিরোপা বিসর্জন দিয়ে আসতে হয়। গুয়াংজু-ইনচনের মতো অতটা না হলেও নেলসনের ক্রিকেট-ঐতিহ্যও বলার মতো কিছু নয়। শান্ত নিরিবিলি ছোট্ট এই শহর পর্যটকদের খুব প্রিয়, প্রাত্যহিকতার ব্যস্ত জীবন থেকে পালিয়ে দুদণ্ড শান্তির খোঁজে এখানে তাদের ভিড় লেগেই থাকে। জীবন এখানে নিস্তরঙ্গ নদীর মতো বয়ে চলে। তাতে ‘বিপুল তরঙ্গ’ তুলেছে বিশ্বকাপ ক্রিকেট। ট্যাক্সিতে উঠলেই ড্রাইভারের মুখে অবধারিতভাবে ক্রিকেট, দোকানপাটে-হোটেলেও। নেলসনের বিশ্বকাপ উৎসব অবশ্য শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়েই। শেষটা স্মরণীয় করে রাখতে চেষ্টারও কোনো ত্রুটি নেই। কাল যেমন স্থানীয় সিটি কাউন্সিল বাংলাদেশ দলকে সংবর্ধনা দিল। নিউজিল্যান্ডের আদিবাসী মাউরিদের নাচ-গান বাংলাদেশের ক্রিকেটারদের বেশ আমোদিতই করল। সবচেয়ে বেশি করল নাকে নাক ঠেকিয়ে মাউরিদের শুভেচ্ছা জানানোর ঐতিহ্যবাহী প্রথা। আর ‘হাকা’ তো ছিলই। অল ব্ল্যাকস মানে নিউজিল্যান্ডের রাগবি দল সম্পর্কে সামান্যতম আগ্রহ থাকলেও এই ‘যুদ্ধ-নাচ’ সম্পর্কে আপনার জানা থাকার কথা।
সিটি কাউন্সিলের মেয়র সুন্দরী এক মহিলা। বাংলাদেশ দলকে এমনভাবে স্বাগত জানাচ্ছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে সমর্থন করবেন তো? উত্তরটা দিলেন মজা করে, ‘আমি তো স্কটিশ, তাই একটু সমস্যা। তবে বাংলাদেশ যদি টসে জিতে ব্যাটিং করে বড় একটা স্কোর করে ফেলে, তাহলে আমি বাংলাদেশের পক্ষে গলা ফাটিয়ে চিৎকার করব।’
নেলসনে মাত্র ৪৬ হাজার মানুষের বাস। তাতে নানা জাতির সমাহার। স্কটিশও নাকি ভালোই আছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ক্যানবেরার গ্যালারি যেমন মিরপুর হয়ে গিয়েছিল, এখানে উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি। তবে তাতে এমন কী এসে যাবে, এই মাঠ তো হাজার পাঁচেকের বেশি দর্শককে জায়গাই দিতে পারে না।
ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হওয়ায় স্কটল্যান্ডের ক্রিকেট-ঐতিহ্য অনেক পুরোনো। কিন্তু ক্রিকেট সেখানে বাংলাদেশের মতো উন্মাদনার নাম নয়। সেই উন্মাদনাটা বাংলাদেশের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের এরই মধ্যে বুঝে ফেলাই স্বাভাবিক। এটিকেই তিনি বানাতে চাইছেন খেলোয়াড়দের উদ্দীপ্ত করার অস্ত্র। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যত ভুলভ্রান্তি নিয়ে আলোচনা হয়েছে, সবার আগে এসেছে ফিল্ডিং। কাল অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে সবাইকে রীতিমতো মুগ্ধ করে গেলেন হ্যালসল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফিল্ডিং দেখে তিনিও যারপরনাই হতাশ। তবে তাঁকে তো ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করতেই হবে। তা করতে খেলোয়াড়দের যা বলেছেন, তাতে মনে হলো হ্যালসল মনোবিদ হিসেবেও খুব ভালো করবেন। তাঁর দুটি কথা একেবারে মন ছুঁয়ে গেল—
‘বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে ফিল্ডিং করার চেয়ে মজা আর কী আছে? আপনারাও একটু ভেবে দেখুন না, এই সুযোগ পেলে কেমন রোমাঞ্চিত বোধ করবেন!’
‘আমি খেলোয়াড়দের বলেছি, মাঠে যে ১১ জনকে দেখছে সবাই, তারা তো আসলে বাংলাদেশকেই দেখছে।’
হ্যালসল একদম ঠিক জায়গাটা ধরেছেন। ক্রিকেট মাঠের ১১ জনের মধ্যে তো আসলে আমরা বাংলাদেশকেই দেখি!
আজকের খেলা
দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড
(সকাল ৯-৩০ মি., ক্যানবেরা)
আগামীকালের খেলা
পাকিস্তান-আরব আমিরাত
(সকাল ৭টা, নেপিয়ার)
অস্ট্রেলিয়া-আফগানিস্তান
(দুপুর ১২-৩০ মি., পার্থ)