মাশরাফির বাড়িতে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নময় একদিনে যেন ডুবে থাকল নড়াইলবাসী। একসঙ্গে কাছে পেল গোটা বাংলাদেশ ক্রিকেট দলকে। ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আসছে বাংলাদেশ দল, এ খবর শহরে চাউর হয়ে যায় গত মঙ্গলবারই। কাল তা শহরের সবখানে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ল। সকাল থেকেই মাশরাফির মামা নাহিদ এবং মাশরাফির নিজের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। এ যেন স্বপ্নের চেয়েও বেশি কিছু!নানাজনের নানা কৌতূহল। কখন আসবেন, কাছ থেকে কখন এক নজর দেখতে পাবে দেশের নামকরা সব ক্রিকেটারকে। ছোট্ট শিশুরা খাতা-কলম নিয়ে খেলোয়াড়দের অটোগ্রাফ নেওয়ার জন্য অধীর অপেক্ষায় কাটাল। অবশেষে ফুরাল অপেক্ষা, সূর্য যখন মাথার ওপর, পুলিশ ভ্যান মাশরাফির মামাবাড়ির সামনে এসে দাঁড়াল। এসে গেছেন স্বপ্নের নায়কেরা।এল তিনটি মাইক্রোবাস। মাশরাফি তো ছিলেনই, এক এক করে নামলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, নাঈম, নাসির, আবুল হাসান, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল, সোহাগ গাজীসহ অন্যরা। এ সময় নামল জনতার ঢল। নড়াইলে জাতীয় দলের এত তারকা একসঙ্গে আগে কখনো আসেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেল পুলিশ। অটোগ্রাফ নিতে ছোট্ট ছেলেমেয়েদের সে কী আবদার।মুশফিকুর রহিমের সঙ্গে কথা হলো মাশরাফির মামা নাহিদের বাড়িতে। কেন নড়াইলে আসা—জানতে চাইলে প্রথমে কোনো কথা বলতে রাজি হননি। পরে শুধু বলেন, খানিকটা অবকাশযাপনই মূল উদ্দেশ্য। এ ছাড়া মাশরাফির মা-বাবাকেও দেখতে আসা। এরপর ক্রিকেটাররা বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্সে সংরক্ষিত সুলতানের ব্যবহার করা বিভিন্ন জিনিসসহ বিশাল ক্যানভাসে আঁকা ছবি দেখেন। যে মাঠে অনুশীলন করে মাশরাফি জাতীয় দলে উঠে এসেছেন (সরকারি বালক বিদ্যালয়) সেটি দেখেছেন ক্রিকেটাররা। বাদ পড়েনি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে মাশরাফিদের মাছের ঘেরও দেখতে যাওয়াও। বিকেল চারটার আগেই নড়াইল ছাড়লেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের কাছ থেকে দেখে শিশু নাফিজ খুব খুশি, ‘ভাইয়াদের শুধু টিভিতেই দেখেছি। সামনাসামনি দেখতে পাব তা ভাবিনি। অটোগ্রাফও নিয়েছি।’ মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা নাছিমা রহমানের কণ্ঠেও উচ্ছ্বাস, ‘জাতীয় ক্রিকেট দলের এত তারকা ক্ষণিকের অতিথি হয়ে নড়াইলে এসেছেন, এটা অনেক বড় পাওয়া। নড়াইলবাসীর পক্ষ থেকে তাঁদের শুভেচ্ছাসহ অভিবাদন জানাচ্ছি।’