মাশরাফির ব্যথা কমাতে ইনজেকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিন বলতে গেলে তাঁকে সব ধরনের ট্রেনিং থেকে দূরে রেখেছিলেন বিসিবির ফিজিও-চিকিৎসকেরা। তাতেও মাশরাফি বিন মুর্তজার বাঁ গোড়ালির ব্যথা খুব একটা কমেনি। কাল তাই ব্যথা কমার সেই স্টেরয়েড ইনজেকশনই নিতে হলো। ইনজেকশন নেওয়ার পর কমপক্ষে ৪৮ ঘণ্টা থাকতে হবে পূর্ণ বিশ্রামে। মাশরাফির ভাষায়, ‘হাঁটাচলাও বন্ধ।’কাল সকালে মাশরাফিকে ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত জানান ফিজিও বিভব সিং। সে অনুযায়ী বিকেলে ইনজেকশনটা দেওয়াও হয়েছে। ইনজেকশন দেওয়ার পরের ৪৮ ঘণ্টা পায়ের ওপর ভর দেওয়া যাবে না বলে বিশ্রামেই থাকতে হবে মাশরাফিকে। এ ধরনের চোটের প্রথাগত চিকিৎসা এটি নয়। তবে কিছুদিন আগে শ্রীলঙ্কায় তামিম ইকবালও কবজির ব্যথা কমাতে এ রকমই এক ইনজেকশন নিয়েছিলেন।কাল ইনজেকশন দেওয়ার পর মাশরাফি বলেছেন, ‘যেভাবে এগোচ্ছিল তাতে ব্যথা পুরোপুরি কমতে আরও এক-দেড় মাস সময় লেগে যেত। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে আর টি-টোয়েন্টিতে খেলাও কঠিন হতো। এখন আশা করি, দুই সপ্তাহের মধ্যেই বোলিং শুরু করতে পারব।’ সঙ্গে অবশ্য মনে করিয়ে দিয়েছেন, ‘এই ইনজেকশনে যে সমস্যার সমাধান হবেই, সে নিশ্চয়তা নেই। তবে এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।’ বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীও বলেছেন একই কথা। তবে তিনি আশাবাদী, ‘দুই-তিন দিন গেলেই বোঝা যাবে অবস্থাটা কী। তবে আমাদের বিশ্বাস, এটা তাঁর গোড়ালির ব্যথা কমাতে সাহায্য করবে।’