মাশরাফির ব্যাপারে সময় নেওয়া যেতেই পারে: হাবিবুল
এখনো আনুষ্ঠানিক দল ঘোষণা হয়নি। তবে নির্বাচকেরা বাংলাদেশের বিশ্বকাপ দলে মাশরাফি বিন মুর্তজাকে রাখেননি-একথা চাউর হয়ে গেছে গতকালই। আজ মঙ্গলবার বিভিন্ন পত্র-পত্রিকাতেও বাংলাদেশের বিশ্বকাপ দলে মাশরাফি নেই বলেই সংবাদ প্রকাশ করেছে। পুরোপুরি ফিট না হলে মাশরাফিকে বাংলাদেশের বিশ্বকাপ দলে রাখা উচিত নয়, এমন অভিমতও প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষকেরা।তবে, বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে, ‘মাশরাফির ব্যাপারে কিছু সময় নেওয়াই যেতে পারে।’ প্রথম আলো অনলাইনকে তিনি বলেন, ‘সত্যি বলতে কি, মাশরাফির কন্ডিশনটা কি সেটা আমি জানিনা, দলের ফিজিও ওর ব্যাপারে কি মতামত দিয়েছে, সেটাও বলতে পারবো না। ফিজিও’র কাছ থেকে নির্বাচকেরা যদি কোনো ইঙ্গিত পেয়ে থাকেন যে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে মাশরাফি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেনা, তাহলে আর কিছু বলার নেই। দুর্ভাগ্য হিসেবেই ব্যাপারটি মেনে নিতে হবে আমাদের।’‘মাশরাফিকে ছাড়া বাংলাদেশের বোলিং আক্রমণ দুর্বল হয়ে যাবে’, আশঙ্কা হাবিবুলের। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, প্রথম ম্যাচের যেহেতু আরো একমাস বাকি আছে, তাই মাশরাফির ব্যাপারে একটু ভেবে সিদ্ধান্ত নেওয়াই ভালো।