মাশরাফির ভাগ্য নির্ধারণ আজ!
১৯ জানুয়ারির মধ্যে আইসিসিকে বিশ্বকাপের চূড়ান্ত দল দিতে হবে। বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ দলটা ঘোষণা হওয়ার কথা তার দু-এক দিন আগেই। তবে তারও আগে আজ ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে মাশরাফি বিন মুর্তজার। বিসিবির ফিজিও, চিকিৎসকদের সঙ্গে আজই মাশরাফিসহ আরও কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে আলোচনায় বসার কথা নির্বাচকদের।হাঁটুর ইনজুরিতে পড়ার তিন সপ্তাহ পর রানিং এবং ব্যাটিং শুরু করেছেন মাশরাফি। বোলিংও শুরু করবেন সপ্তাহ খানেকের মধ্যে। যত দূর জানা গেছে, বিশ্বকাপের আগে ফিট মাশরাফিকে পাওয়ার সম্ভাবনা আছে। তবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে এ মাসের পুরোটাই লেগে যাবে তাঁর। বিসিবির ফিজিও-চিকিৎসকদের পক্ষ থেকে আজ এটাই জানানোর কথা নির্বাচকদের।ওদিকে মাশরাফিকে রাখতে বাংলাদেশের বিশ্বকাপ দলটা ১৬ জনের করা যায় কি না, সে রকম একটা আলোচনাও নাকি হয়েছে নির্বাচকদের মধ্যে। যদিও প্রধান নির্বাচক রফিকুল আলম বলেছেন, ‘এ রকম একটা অপশন নিয়ে কথা হয়েছে। তবে ১৬ জনের দল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’ মাশরাফির দলে থাকার ব্যাপারে তিনি বলেছেন, ‘মাশরাফি যে ধরনের ক্রিকেটার, ফিট থাকলে সে দলে থাকবেই।’ ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন দেশের বাইরে। তিনি ফিরলেই দল ঘোষণার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।শুধু মাশরাফিই নয়, ছোটখাটো ইনজুরি আছে আরও দু-একজনেরও। পেসার শফিউল ইসলাম ও ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকের সমস্যা অ্যাঙ্কেলে, পেসার রুবেল হোসেন তো অনেক দিন ধরেই বয়ে বেড়াচ্ছেন পিঠের ব্যথা। নির্বাচকদের আজ তাঁদের ফিটনেস সম্পর্কেও জানাবেন ফিজিও-চিকিৎসকেরা।