মাশরাফির রণহুংকার

স্বয়ং বিসিবির সভাপতির মনে আশার বীজ বুনে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এশিয়া কাপে নাকি এবার বড় বড় দলগুলোর ‘খবর’ আছে। সেই বড় বড় দলগুলোর একটা তো অবশ্যই ভারত, ফতুল্লা স্টেডিয়ামে আজ যাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। এ ম্যাচের আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রতিনিধি পাঠাতে গিয়ে দুই দলের দুই রকম চিন্তা দেখা গেল। ভারত পাঠাল দীনেশ কার্তিককে। চোটের কারণে দলের বাইরে চলে যাওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবর্তক হয়ে শেষ মুহূর্তে দলে এসেছেন তিনি। তাই বলে অধিনায়ক তো নন! বাংলাদেশও অবশ্য অধিনায়ককে পাঠাল না। এলেন ওই মাশরাফিই, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের আগে যাঁর সাহসী বচন আশাবাদী করছে সবাইকে। বোর্ড সভাপতিকে মাশরাফি কথাটা বলেছিলেন সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন। কাল এক ভারতীয় সাংবাদিকের প্রশ্ন থেকেও ‘আপসেট’ শব্দটাকে উড়িয়ে দিতে চাইলেন এই জেদি ক্রিকেটার, ‘আমি মনে করি না আমরা ভারতকে হারালে সেটা আপসেট হবে। এটা আমরা আগেও করে দেখিয়েছি।’ মাশরাফি কথাটা বলতে পারলেন ভারতের বিপক্ষে তাঁর সুখস্মৃতির কারণেই। আজকের আগ পর্যন্ত ভারতের বিপক্ষে ২৪টা ওয়ানডের যে তিনটিতে বাংলাদেশের জয়, তার প্রথম দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ মাশরাফি! এই প্রসঙ্গে অবশ্য বিনয়ী, ‘একজন খেলোয়াড় সব ম্যাচেই ভালো খেলতে চায়। আমার মনে হয় না ভারত বলে আলাদা কিছু আছে।’ ভারত বলে যেমন আলাদা কোনো ব্যাপার নেই, ভারতের বিপক্ষে মাশরাফি নিজেকেও করতে চাইলেন না বিশেষ কিছু, ‘সবাই মিলে ভালো খেলাটাই আমার মনে হয় বেশি জরুরি। এখানে ব্যক্তিগত কিছু নেই। আমাদের সব বোলারকেই ভালো বল করার চেষ্টা করতে হবে।’ ভারতের বিপক্ষে জয়কে অঘটন বলতে রাজি না হলেও উপমহাদেশের মাঠে ভারতকে ‘খুবই ভালো দলের’ স্বীকৃতি দিতে কার্পণ্য করেননি মাশরাফি। কিন্তু খেলাটা যখন বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের দর্শকদের সামনে, বাংলাদেশেরও ভালো দল হয়ে উঠতে বাধা কী! তিনি আছেন সে আশাতেই। মাশরাফি কথাগুলো বলার কিছুক্ষণ আগে দীনেশ কার্তিকের মিনিট পাঁচেকের সংবাদ সম্মেলন। শ্রীলঙ্কা সিরিজ খারাপ কাটলেও বাংলাদেশ যে হেলাফেলার দল নয়, সেটা তাঁর কথায়ও প্রতিধ্বনিত, ‘বাংলাদেশ দারুণ একটা ওয়ানডে দল। শ্রীলঙ্কার বিপক্ষে কয়েকটা ম্যাচে তো তারা জয়ের কাছাকাছি চলে গিয়েছিল।’ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেটাকে ব্যর্থতা মানছে, দীনেশ কার্তিক সেটাকেই ধরে নিচ্ছেন সাফল্য এবং বাংলাদেশ দলকে হালকাভাবে না নেওয়ার এটাও একটা কারণ। মাশরাফির দিক থেকে ভারতও পাচ্ছে একই সম্মান, ‘বিশ্বমানের ব্যাটিং লাইনআপ ওদের। আমাদের জন্য কাজটা তাই সহজ হবে না।’ সে সঙ্গে সাকিব-তামিমের অনুপস্থিতিও দলের শক্তি কমিয়ে দিচ্ছে কিছুটা। ভারতের বিপক্ষে গত এশিয়া কাপে পাওয়া সর্বশেষ জয়ে সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ, ৭০ রানের ইনিংস ছিল তামিমের ব্যাট থেকেও। এর আগে ২০০৭ বিশ্বকাপের জয়েও অবদান ছিল তামিমের ফিফটির। আজকের ম্যাচে তাদের অভাব অনুভব করারই কথা। মাশরাফি সেটা বললেনও, তবে তাঁর বিশ্বাস—সাকিব-তামিমের অনুপস্থিতিতেই শেষ হয়ে যায়নি সব সম্ভাবনা, ‘আমরা যে যার জায়গা থেকে ভালো খেলার চেষ্টা করব। সাকিব-তামিম বড় খেলোয়াড়, তাদের অবশ্যই মিস করছি। তবে যারা আছে, তারাও ভালো।’
ধোনির পরিবর্তে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। তবে অধিনায়ক না হলেও চলত, প্রতিপক্ষকে শুইয়ে দিতে ব্যাটসম্যান কোহলিই তো যথেষ্ট! তাঁকে থামাতে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা আছে বাংলাদেশ দলের। মাশরাফি প্রশ্নটার সোজা উত্তর না দিয়ে বললেন, ‘কোহলি হয়তো একাই অনেক ম্যাচ জিতিয়েছে। তবে ভারতীয় দলে আরও অনেক খেলোয়াড় আছে। দুজন ওপেনারই যেমন বিশ্বমানের। সবাইকে নিয়েই ভাবতে হবে।’
সময়টা নানা কারণেই ভালো যাচ্ছে না। বাংলাদেশ দলের ভাবনার করিডরে তাই ভিড় জমাতে পারে অনেক কিছুই। তবে আজ সব ভাবনার কেন্দ্রবিন্দুতে শুধু ‘ভারত-বধ’-এর স্মৃতি থাকলেই বোধ হয় ভালো।
ওয়ানডেতে মুখোমুখি
ওয়ানডেবাংলাদেশভারত
মোট ২৪ ৩ ২১
এশিয়া কাপে ৯ ১ ৮