মাশরাফির স্ক্যান রিপোর্ট শ্রীলঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফি বিন মুর্তজা শ্রীলঙ্কা যাবেন কি না, এখনো অনিশ্চিত। তবে কাল শ্রীলঙ্কায় গেছে তাঁর গোড়ালির স্ক্যান রিপোর্ট। দলের সঙ্গে সর্বশেষ যোগ দেওয়া বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক সঙ্গে নিয়ে গেছেন সব কাগজপত্র।মাশরাফির হাঁটুতে অস্ত্রোপচার করা অস্ট্রেলিয়ান শল্যবিদ ডেভিড ইয়াং বর্তমানে শ্রীলঙ্কায়। পায়ের যেকোনো চোটের ব্যাপারেই শেষ সিদ্ধান্তটা মাশরাফি নেন তাঁর ওপর ভরসা করে। রাজ্জাকের হাত দিয়ে শ্রীলঙ্কায় স্ক্যান রিপোর্ট পাঠানো সে জন্যই। ‘রিপোর্ট দেখে উনি যদি বলেন ড্যামেজ নেই, সমস্যা সিরিয়াস না, তাহলে ভালো হয়’—কাল টেলিফোনে বলছিলেন মাশরাফি।এর আগে কবজির সমস্যা নিয়ে শ্রীলঙ্কায় তামিম ইকবালও দেখা করেছেন ইয়াংয়ের সঙ্গে। ব্যথা কমার কী একটা ইনজেকশনও নাকি তিনি দিয়েছেন তামিমকে। মাশরাফির আশা, সমস্যা গুরুতর না হলে সে রকম এক ইনজেকশনেই সুস্থ হয়ে উঠতে পারেন তিনি, ‘তামিম তো শেষ মুহূর্তে ইনজেকশনটা নিয়েছে। সে জন্য হয়তো খেলতে পারেনি। কিন্তু আমার হাতে সময় আছে। ইনজেকশন নিয়ে ব্যথা কমে গেলে হয়তো খেলতে অসুবিধা হবে না।’দুই দিন আগে মাশরাফি বলেছিলেন, ‘এখন যা অবস্থা, বলতে পারেন আমি আশা ছেড়েই দিয়েছি। মিরাকল কিছু না ঘটলে শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাবনা নেই।’ তবে কাল সেই কণ্ঠেই যেন ফিরে এল আত্মবিশ্বাস এবং সেটা এল সকালে অনুশীলন করার পর। ‘আজ (গতকাল) রানিং করে খারাপ লাগেনি। হিল ফেলে রানিং করেছি। ব্যথা থাকলেও সেটা আগের তুলনায় অনেক কম’—বলছিলেন মাশরাফি।