মাশরাফির হাঁটুতে কাল অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার অস্ট্রেলিয়া গিয়ে কালই প্রথম দেখা করেছেন চিকিৎসক ডেভিড ইয়াংয়ের সঙ্গে। দুই হাঁটুরই এক্স-রে আর এমআরআই করে দেখা হয়েছে। চিকিৎসক শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছেন, আগামীকাল বিকেলে মেলবোর্নের এভিনিউ হাসপাতালে অস্ত্রোপচার করা হবে মাশরাফি বিন মুর্তজার ডান হাঁটুতে। অস্ত্রোপচারের পর পুরোপুরি ক্রিকেটে ফিরতে সর্বোচ্চ পাঁচ মাস সময় লাগবে জাতীয় দলের এই পেসারের।মেলবোর্ন থেকে টেলিফোনে কাল মাশরাফিই জানিয়েছেন এসব তথ্য। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) প্রিভিউ নামের এই অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর খোলা হবে হাঁটুর ব্যান্ডেজ। মাশরাফিকে এর পরও অস্ট্রেলিয়ায় থাকতে হতে পারে এক-দুই সপ্তাহ। ডেভিড ইয়াং আশা দিয়েছেন, অস্ত্রোপচারের চার মাসের মধ্যেই নেটে বল করা শুরু করতে পারবেন। পাঁচ মাসের মধ্যে ফিরতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে।মাশরাফির ডান হাঁটুতে এর আগেও দুবার অস্ত্রোপচার করা হয়েছে। এক্স-রে এবং এমআরআইতে দেখা গেছে, সর্বশেষ চোটে ক্ষতিগ্রস্ত হয়েছে আগের অস্ত্রোপচারের জায়গাটিই। ‘অস্ত্রোপচার করে মূলত আমার এসিএল রিকনস্ট্রাকশন করা হবে। আগের গ্রাফটিংয়ের কিছু অংশ খুলে গেছে। সেটা টাইট করবে। কিছু টিস্যু নষ্ট হয়েছে। পায়ের অন্য জায়গা থেকে টিস্যু কেটে এনে সেখানে জোড়া লাগানো হবে’—অস্ত্রোপচার করাতে করাতে মাশরাফিও এখন বিশেষজ্ঞ চিকিৎসকের ভাষাতে কথা বলতে শিখে গেছেন।