মাসাকাদজা ভাইদের গল্প

সিকান্দার রাজা পাশেই ছিলেন। শিঙ্গি মাসাকাদজার সঙ্গে আলোচনার প্রসঙ্গটা আড়ি পেতে শুনে বলে উঠলেন, ‘ওকে ওর ভাই সম্পর্কে জিজ্ঞেস করো না। হ্যামিল্টনকে একদমই পছন্দ করে না শিঙ্গি।’কী বলে যেন সিকান্দারকে ধমক দিয়ে দিলেন শিঙ্গি। স্থানীয় ভাষায় বলে সেটার অর্থোদ্ধার সম্ভব হয়নি। তবে ধমক খেয়েও সিকান্দারের হাসতে হাসতে চলে যাওয়া বলে দিচ্ছিল ব্যাপারটা রসিকতা মাত্র। দুই ভাইয়ের সম্পর্কের গভীরতার যে আসলে কোনো তল নেই, সেটা বোঝা গেল আরও পরে।জিম্বাবুয়েতে ক্রিকেট পরিবারের অভাব নেই। কোনো পরিবারের বাপ-ছেলে ক্রিকেটার তো, কোনো দলে দুই ভাই খেলছেন। সেদিক দিয়ে হ্যামিল্টন মাসাকাদজা আর শিঙ্গিরাই মাসাকাদজার একসঙ্গে জাতীয় দলে খেলাটা এমন কিছু নয়। তবে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলায় ক্যারিয়ার গড়ার উজ্জ্বল সম্ভাবনাকে পায়ে ঠেলে শুধু বড় ভাইয়ের সঙ্গ লাভের আশায় ক্রিকেটে জীবন গড়ার ঝুঁকি নেওয়াটা বোধ হয় ব্যতিক্রমই। সেই ব্যতিক্রমী গল্পের নায়কের নাম শিঙ্গি মাসাকাদজা। পার্শ্বচরিত্রে থাকা বড় ভাই হ্যামিল্টনের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয় গল্পে।ছোটবেলা থেকে ক্রিকেটও খেললেও শিঙ্গি পাগল ছিলেন মূলত ফুটবলের। ১৮ বছর বয়সে স্কুল ছাড়ার পর পুরোদস্তুরই ফুটবলার হয়ে গেলেন। জিম্বাবুয়ের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, খেলতেনও দেশের অন্যতম বড় দল ডায়নামোসে। কিন্তু ক্রিকেটার বড় ভাই আস্তে আস্তে বদলে দিল তাঁর মন, ‘ক্রিকেট খেলছি পরিবারের বলয়ের মধ্যে থাকার জন্য। হ্যামিল্টনও ক্রিকেট খেলছে। ভাবলাম, একসঙ্গে থাকাটাই ভালো। তিন বছর ফুটবল খেলার পর তাই পুরোপুরি ক্রিকেটে ফিরে আসি। এর আগে ফুটবল খেলার সময়ও হারারেতে তাকাসিঙ্গার হয়ে ক্লাব ক্রিকেটে খেলেছি।’ মজার ব্যাপার হলো, ছোটবেলায় মূলত ব্যাটসম্যান ছিলেন শিঙ্গি, সঙ্গে টুকটাক স্পিন।ফুটবল এখনো খেলেন। অবসরে এখনো বন্ধুদের সঙ্গে বল নিয়ে নেমে যান মাঠে। মিস করেন না প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও। আন্তর্জাতিক ফুটবলে প্রিয় দলের নাম অবশ্য স্পেন।নিজের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বড় ভাইয়ের প্রভাবকেই বড় করে দেখেন শিঙ্গি, ‘সে আমার ক্যারিয়ারের অনেকটা অংশ জুড়ে আছে। হ্যামিল্টন অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে এখানে এসেছে। ও অনেক পরামর্শ দেয় আমাকে।’
বাবা-মা আর আট ভাই ও এক বোনের সংসার মাসাকাদজাদের। এদের মধ্যে ক্রিকেটার আছে আরও একজন। শিঙ্গির ছোট ভাই ওয়েলিংটন মাসাকাদজা বাঁহাতি স্পিনার। সম্ভাবনার আলো জ্বালতে শুরু করেছে সেও। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছে জিম্বাবুয়ের হয়ে। আরেক ভাই ছিলেন বাস্কেটবল খেলোয়াড়। ‘ক্রিকেট পরিবার’ বলায় সে কারণেই প্রতিবাদ করে উঠলেন হ্যামিল্টন, ‘না, ক্রিকেট পরিবার নয়, আমরা ক্রীড়া পরিবার। ক্রিকেট, বাস্কেটবল সবই আছে। আমাদের বাবা-মাও সব সময় খেলাধুলায় উৎসাহ দিয়েছেন আমাদের। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা তাঁরা মাঠে বসে দেখেছেন। আমরা দুই ভাই তখন একসঙ্গে ব্যাট করছিলাম।’
ফুটবল পছন্দ ছিল বলে তিন বছরের ছোট শিঙ্গিকে ছোটবেলায় ক্রিকেট খেলার সাথি হিসেবে খুব একটা পাননি হ্যামিল্টন। তবে দুই ভাইয়ের একসঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্নটা ছিল, ‘সব সময়ই স্বপ্ন দেখতাম শিঙ্গি আমার সঙ্গে জিম্বাবুয়ে দলে খেলবে।’ ছোট ভাইয়ের অনুশীলন, ম্যাচের আগের প্রস্তুতি, সুযোগ পেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ও দূর থেকে খেয়াল রাখেন হ্যামিল্টন। কাল বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়ও কাছে দাঁড়িয়ে কান পেতে শুনতে চেষ্টা করছিলেন সেটা। ‘ও সব সময়ই আমার কাছে টিপস চায়—কী করে আরও ভালো বল করতে হবে। আমি তো তার অনেক আগে থেকেই খেলছি। কাজেই তার চেয়ে কিছুটা হলেও তো বেশি জানি আমি’—হাসতে হাসতে বলছিলেন হ্যামিল্টন।
এমন একজন বড় ভাই পাওয়াটাকে শিঙ্গি মাসাকাদজার সৌভাগ্যই মানতে হয়।