মাস্টার্স শিরোপা
বছরের ৯টি মাস্টার্স ১০০০ সিরিজের আটটিরই ফাইনাল খেলেছেন নোভাক জোকোভিচ। জিতেছেন ৬টি। এই সাফল্যে একটা জায়গায় এ বছর ছাড়িয়ে গেছেন সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরারকে। সুইস তারকা লম্বা ক্যারিয়ারে জিতেছেন ২৪টি মাস্টার্স সিরিজ। আর প্যারিস মাস্টার্স জিতে নিজের নামের পাশে জোকোভিচ ১০০০ সিরিজের শিরোপাসংখ্যা নিয়ে গেছেন ২৬-এ। সার্বিয়ান তারকা নন, সবচেয়ে বেশি মাস্টার্স ১০০০ জয়ী খেলোয়াড় রাফায়েল নাদাল। এই স্প্যানিয়ার্ডের নামের পাশে ২৭টি শিরোপা। তালিকায় এই তিনজনের কাছাকাছি আরও যে দুজন আছেন, তাঁরা এখন টেনিসের বাইরে। ২২টি মাস্টার্স শিরোপা নিয়ে ফেদেরারের পরেই আছেন ইভান লেন্ডল। ১৯টি শিরোপা জন ম্যাকেনরোর।
আজ শুরু বিপিএল
নির্ভেজাল ক্রিকেটের আশা
তারেক মাহ্মুদ
‘আপনার ব্যাটিংয়ের সময় আমি এক ওভারের জন্য হলেও আমিরকে আনব। বলব পায়ে মার...।’ রীতিমতো আঙুল নেড়ে মাশরাফিকে হুমকিটা দিলেন তামিম। মাশরাফি কি আর তাতে ভয় পাওয়ার পাত্র! পাল্টা জবাব এল, ‘পারলে আনিস...প্রতিটা বল মাঠের বাইরে পাঠাব। ওর ১ ওভারে ২০ নেব।’
বিপিএল নিয়ে অনেক প্রশ্ন আছে, আছে তর্কবিতর্ক। এর কত ভাগ ক্রিকেট, কত ভাগ ব্যবসা? খেলার কতটা মাঠে হয়, কতটা মাঠের বাইরে? গ্যালারির সব দর্শক ক্রিকেট দেখতেই আসেন তো, নাকি আকর্ষণটা বেশি নাচ-গান-আতশবাজির রঙিন অনুষঙ্গে? কিংবা এই ধুন্দুমার খেলা ক্রিকেটের আসল মেজাজকে হালকা করে দিচ্ছে না তো!
২০ ওভারের খেলার অধিষ্ঠানের পর থেকেই ক্রিকেট-বিশ্বে এসব প্রশ্নের বুদ্বুদ্। তবু এটিই এখন সবচেয়ে জনপ্রিয় সংস্করণ, সবচেয়ে জমজমাটও। মোহাম্মদ আমিরের গতির ভয় দেখিয়ে মাশরাফিকে তামিমের চ্যালেঞ্জ এবং মাশরাফির পাল্টা জবাব সেটারই বিজ্ঞাপন।
ক্রিকেট রোমান্টিকেরা হয়তো বলবেন, ‘আসল ক্রিকেট হলো টেস্ট। আর যদি পাঁচ দিন খেলা দেখার ধৈর্য না থাকে, তাহলে ওয়ানডে দেখো। রোমাঞ্চ সেখানেও আছে।’ তা আছে। কিন্তু টি-টোয়েন্টির মতো নয়! অফিস ফিরতি পথে মাত্র তিন ঘণ্টাতেই যদি চার-ছক্কার ঝড়ের সঙ্গে দেখা মেলে মায়াবী ঘূর্ণি আর আগুনে বাউন্সারের, ওটুকু সময়েই যদি স্লগ ওভারের রুদ্ধশ্বাস রোমাঞ্চ পাওয়া যায়, তাহলে আর দিনভর বসে থাকা কেন? মাঝে মাঝে ‘মিনি প্যাক’ ক্রিকেটেই মিটুক খেলা দেখার তৃষ্ণা। তাই ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, শ্রীলঙ্কার এসএলপিএল, ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির বিস্তার।
আইপিএলের দেখাদেখি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে বাংলাদেশের প্রবেশ ২০১২ সালে। দুই মৌসুম হয়ে নানা জটিলতায় পরের দুই মৌসুম বন্ধ থাকার পর এবার ফের আলোর মুখ দেখছে বিপিএল। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু টুর্নামেন্টের তৃতীয় আসরে আগের দুবারের মতো অর্থের কপট ঝনঝনানি নেই। স্পট ফিক্সিং নিয়ে গত আসরের তিক্ত অভিজ্ঞতার পর ক্রিকেটের শুদ্ধতা রক্ষায়ও বাড়তি সচেতন বিসিবি। আশা, এবারের বিপিএল উপহার দেবে নিষ্কলুষ ক্রিকেট।
কাল সারা দিনের মিরপুরের একাডেমি মাঠ আশাটা বাড়াল। নেতিবাচক গুঞ্জনগুলো প্রশ্নচিহ্ন এঁকে বাতাসে ভেসে বেড়ালেও ক্রিকেটই বেশি দৃষ্টি কাড়ল। এদিকে তামিম-মাশরাফির দুষ্টুমিমাখা চ্যালেঞ্জ ছোড়াছুড়ি তো ওদিকে ঢাকা ডাইনামাইটসের শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা ফুটবলে মাতলেন নাসির-মুস্তাফিজদের সঙ্গে।
আজ বেলা ২টায় উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে কাগজ-কলমে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। কাল রাতেই যুক্তরাষ্ট্র থেকে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু লম্বা বিমানভ্রমণের ধকল কাটিয়ে আজই কি খেলতে পারবেন? প্রশ্নটা শুনে হাসলেন রংপুরের কোচ শেন জার্গেনসেন। বাংলাদেশ দলের কোচ থাকার সুবাদে সাকিবকে ভালোই জানা তাঁর, ‘ও যে রকম খেলোয়াড়, অত অনুশীলন করতে হয় না। দেখবেন, এসেই মাঠে নেমে পড়েছে।’ পাঁজরের চোট এখনো পুরোপুরি না সারায় সৌম্য সরকারকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। যদিও কোচ বললেন, বোলিং না করলেও সৌম্য প্রথম ম্যাচ থেকেই খেলবেন।
দ্বিতীয় ম্যাচে ঢাকা ডাইনামাইটসের প্রতিপক্ষ মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যালকম ওয়ালারের চোট সামান্য হলেও চিন্তায় ফেলেছে ঢাকাকে। কাল ব্যাটিং অনুশীলনে বলের আঘাতে চোখের ওপরে চোট পেয়েছেন। ভ্রুতে ছয়টি সেলাই দিতে হয়েছে কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে বিক্রম দেখানো জিম্বাবুইয়ানকে। ক্যাচ প্র্যাকটিসের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সিলেট সুপার স্টারসের আবদুর রাজ্জাকও। বাঁহাতি স্পিনার চলে গেছেন এক সপ্তাহের বিশ্রামে। রাজ্জাক দুর্ভাগ্য মেনে নিয়েই বললেন, ‘কী আর করা যাবে...এ তো খেলারই অংশ।’
কথাটা সত্য। সত্য এটাও যে দুষ্টচক্রের ফাঁদে পড়ে ক্রিকেটটা কখনো কখনো আগে থেকেই লেখা ‘চিত্রনাট্য’ মেনেও খেলা হয়। যে ম্যাচ দেখে আজ আপনি রুদ্ধশ্বাস উত্তেজনায় কাঁপছেন, কাল হয়তো জানবেন, সেটা ছিল সাজানো নাটক! সে রকম কোনো নাটকের মঞ্চ নয়, তৃতীয় বিপিএল হয়ে উঠুক নির্ভেজাল ক্রিকেট বিনোদনের উপলক্ষ।
বিপিএলের আংশিক সূচি
প্রথম পর্ব: ঢাকা
২২ নভেম্বর
রংপুর-চিটাগং
ঢাকা-কুমিল্লা
২৩ নভেম্বর
সিলেট-চিটাগং
রংপুর-বরিশাল
২৪ নভেম্বর
কুমিল্লা-চিটাগং
সিলেট-বরিশাল
২৫ নভেম্বর
রংপুর-ঢাকা
কুমিল্লা-বরিশাল
২৬ নভেম্বর
সিলেট-রংপুর
চিটাগং-ঢাকা
২৭ নভেম্বর
কুমিল্লা-রংপুর
সিলেট-ঢাকা
* প্রথম ম্যাচ শুরু বেলা ২টা, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬–৪৫ মিনিট। ঢাকা প্রথম পর্বের সব ম্যাচ মিরপুরে।
মাতাতে এসেছেন বিদেশিরাও
ক্রীড়া প্রতিবেদক
বিসিবি একাডেমি মাঠে প্রতিদিন বসছে তারার মেলা! তবে কালকের মেলায় ঔজ্জ্বল্য বাড়ালেন কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল-হকরা। বিপিএলে প্রথম অনুশীলন করতে এলেন শ্রীলঙ্কা-পাকিস্তানের দুই তারকা। সাঙ্গাকারা-মিসবাহর মতো অধিকাংশ বিদেশি তারকা চলে এসেছেন বিপিএল মাতাতে। বাকি রয়েছেন শহীদ আফ্রিদি-ক্রিস গেইলের মতো দু-একজন।
বিপিএলের আগের দুই আসরে উজ্জ্বল ছিলেন বিদেশিরাই। ২০১২ বিপিএলের শীর্ষ দশ ব্যাটসম্যানের নয়জনই ছিলেন বিদেশি। টুর্নামেন্টের চার সেঞ্চুরি, চারটিই বিদেশি ব্যাটসম্যানদের। বোলারদের মধ্যে ১৭ উইকেট নিয়ে ইলিয়াস সানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন পাকিস্তানের মোহাম্মদ সামি। ২০১৩ বিপিএলে সেরা চার ব্যাটসম্যানের মধ্যে দুজনই ছিলেন বিদেশি। বোলিংয়ে সেরা তিন বোলারের দুই বোলার ছিলেন বিদেশি। ২০ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন প্রোটিয়া পেসার আলফনসো টমাস। এবারের বিপিএলেও কি আলো ছড়াতে পারবেন বিদেশিরা?
আগের দুই আসরে শ্রীলঙ্কার খেলোয়াড়েরা খেললেও কুমার সাঙ্গাকারার জন্য বিপিএল অভিজ্ঞতা একেবারে নতুন। যেনতেন নয়, বিপিএলে লঙ্কান কিংবদন্তির আগমন একেবারে অধিনায়ক হিসেবেই। বিপিএলে ছয় দলের পাঁচটির অধিনায়ক স্থানীয় ‘আইকন’ খেলোয়াড়। ব্যতিক্রম শুধু ঢাকা। নিজের প্রথম বিপিএলকে রাঙিয়ে দেওয়ার অপেক্ষায় ঢাকার অধিনায়ক, ‘এই টুর্নামেন্ট একটু ভিন্ন ধরনের। এখানে বিদেশি ও স্থানীয় খেলোয়াড়ের সমন্বয় আছে। সব খেলোয়াড় এটির অপেক্ষায়। আমি প্রথমবার বিপিএল খেলছি। আশা করছি দারুণ কিছুই হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ব্যাট-প্যাড তুলে রাখেননি। শিল্পিত ব্যাটিংয়ে এখনো মুগ্ধ করে চলেছেন সাঙ্গাকারা। কদিন আগে ক্রিকেট অলস্টারস সিরিজে বুঝিয়েছেন, ব্যাটে মরচে ধরেনি এতটুকু। তিন ম্যাচে ১৫৩ রান করে হয়েছেন সিরিজের সেরা। তবে লঙ্কান কিংবদন্তি মনে করেন, ওই সিরিজের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বিপিএলেই, ‘যেকোনো ধরনের ক্রিকেট খেলাই দারুণ ব্যাপার। যুক্তরাষ্ট্রে দারুণ মজা করে ক্রিকেট খেলেছি। তবে এখানে গুরুত্বটা একটু বেশি। টুর্নামেন্টের বেশির ভাগ খেলোয়াড়ই খেলা চালিয়ে যাচ্ছে। কাজেই এখানে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে।’
রংপুরের মিসবাহ-উল-হক অবশ্য শোনালেন ভিন্ন কথা। ক্রিকেটের তিন সংস্করণেই যাঁর ঢের অভিজ্ঞতা, সেই মিসবাহ বিপিএলে নিজের লক্ষ্য জানাতে গিয়ে বলছেন, নিজেকে প্রমাণ করতে হবে এ টুর্নামেন্টে! কাল বিসিবির একাডেমি মাঠে রংপুরের অনুশীলন শেষে পাকিস্তান টেস্ট অধিনায়ক মনে করিয়ে দিলেন আপ্তবাক্যটাই, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে সব সময়ই লক্ষ্য থাকে। যেখানেই খেলি না কেন প্রমাণের বিষয় থাকে। দলের হয়ে অবদান রাখতে হয়, জিততে হয়। সব মিলিয়ে আমরা বেশ ভালো দল। আশা করছি সবাই মিলে দারুণ সমন্বয় তৈরি করে ভালো করতে পারব।’
সাম্প্রতিক সময়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদেশিদের নিরাপত্তা। নিরাপত্তার কারণ দেখিয়ে অক্টোবরে তো বাংলাদেশ সফরই স্থগিত করল অস্ট্রেলিয়া দল। তবে বাংলাদেশের সাবেক অস্ট্রেলীয় কোচ শেন জার্গেনসেন নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা দেখছেন না। বরং অস্ট্রেলিয়ার না আসাটা তাঁর কাছে ‘দুঃখজনক’ই মনে হয়েছে। নিরাপত্তা-সংক্রান্ত আলোচনা ছাপিয়ে রংপুরের কোচ জার্গেনসেনের মূল লক্ষ্য শিরোপা জয়, ‘ফাইনালে ওঠা আমাদের লক্ষ্য। জিততেই এখানে এসেছি। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। কাগজে-কলমে আমাদের যে সম্ভাবনা, তা বাস্তবায়ন করতে হবে। সব পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে হবে।’
মঞ্চ প্রস্তুত। দর্শকেরা এখন বিদেশি তারকাদের ঝলক দেখার অপেক্ষায়।
নজরদারিতে জাতীয় দলের দুই ক্রিকেটার
ফিক্সিং নিয়ে সতর্ক বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
গত বিপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি এলোমেলো করে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটকেই। এবার তাই বিষয়টা নিয়ে একটু বেশি সচেতন বিসিবি। আইসিসির দুর্নীতি দমন বিভাগের কালো তালিকাভুক্ত বাজিকরদের পাশাপাশি বিশেষ নজরদারিতে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারও।
সূত্র জানিয়েছে, বিপিএলে অংশ নেওয়া জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ওপর বিসিবির দুর্নীতি দমন ইউনিটের দৃষ্টি থাকলেও বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে দুই ক্রিকেটারকে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে যাঁদের অতীত ইতিহাস সন্দেহজনক, তাঁরাও থাকবেন আতশি কাচের নিচে। আর আইসিসির দুর্নীতি দমন বিভাগের সরবরাহ করা কালো তালিকাভুক্ত বাজিকরদের ওপর সতর্ক চোখ তো থাকবেই। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য সরাসরি জাতীয় দলের ক্রিকেটারদের ওপর নজরদারির কথা বললেন না, ‘খেলোয়াড়, কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক কেউই নজরদারির বাইরে থাকবেন না।’
গত বিপিএলে এই নজরদারির দায়িত্বে ছিলেন মাত্র দুজন ভাড়া করা দুর্নীতি দমন কর্মকর্তা, তাও একজন ছিলেন খণ্ডকালীন। প্রয়োজনে তাদের সহায়তা দিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সে তুলনায় ফিক্সিং ঠেকাতে বিসিবির এবারের সক্ষমতা অনেক বেশি বলে মনে করেন প্রধান নির্বাহী, ‘এবার আমাদের নিজস্ব দুর্নীতি দমন ইউনিট আছে। আইসিসিও সরাসরি টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত। তারা বিভিন্ন তথ্য-উপাত্ত ও আন্তর্জাতিকভাবে সন্দেহভাজনদের তালিকা দিয়ে আমদের সাহায্য করছে। সাহায্য-সহযোগিতার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।’
গত বছরের অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে থেকে কাজ শুরু করে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরপর এ বছর হওয়া চারটি হোম সিরিজেও আইসিসিকে সাহায্য করেছে তারা। তবে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের আসল পরীক্ষাটা হবে এবারের বিপিএলেই।
কাল টুর্নামেন্টের সব দলের খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে সচেতনতামূলক সভা করেছেন ইউনিট কর্মকর্তারা। ফিক্সিং-বিরোধী একটা প্রামাণ্যচিত্রও দেখানো হয়েছে সেসব সভায়। তাতে গত বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, একটি ভুলে কিভাবে নষ্ট হয়ে গেছে তাঁর ১৩ বছরের অর্জন। এর আগে ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ম্যানেজমেন্ট সদস্যদের সচেতনতামূলক সভায় ফিক্সিংবিরোধী প্রচারণায় অংশ নিয়েছেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান ওয়াই পি সিংও।
বিপিএলের প্রতিটি ম্যাচে নিয়োজিত থাকবে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের অন্তত ২০ জন করে কর্মী। নজরদারি থাকবে টিম হোটেলগুলোতেও। এসব কাজে এর আগে সরকারি নিরাপত্তা সংস্থার সরঞ্জামের ওপরই নির্ভরশীল থাকতে হতো। এবার তাতেও স্বয়ংসম্পূর্ণ বিসিবি।
কে কোন দলে
বরিশালবুলস
দেশি: মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আল আমিন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোহম্মদ শরিফউল্লাহ, সোহরাওয়ার্দী শুভ, সাজেদুল ইসলাম।
বিদেশি: সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, ইমাদ ওয়াসিম, নিখিল দত্ত, কেভন কুপার, ক্রিস গেইল, এভিন লুইস, ব্রেন্ডন টেলর।
চিটাগং ভাইকিংস
দেশি: তামিম ইকবাল, এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, এনামুল জুনিয়র, ইয়াসির আলী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ, নাফিস ইকবাল, রবিউল ইসলাম, আসিফ হাসান।
বিদেশি: জীবন মেন্ডিস, সাঈদ আজমল, রবিন পিটারসেন, তিলকরত্নে দিলশান, উমর আকমল, কামরান আকমল, এলটন চিগুম্বুরা, চামারা কাপুগেদারা, মোহাম্মদ আমির।
কুমিল্লা ভিক্টোরিয়ানস
দেশি: মাশরাফি বিন মুর্তজা, লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার, ধীমান ঘোষ, অলক কাপালি।
বিদেশি: ড্যারেন স্টিভেনস, নুয়ান কুলাসেকারা, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, সুনীল নারাইন, আহমেদ শেহজাদ, ক্রিসমার সান্টোকি।
ঢাকা ডায়নামাইটস
দেশি: নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হোসেন, ইরফান শুক্কুর, সাদমান ইসলাম।
বিদেশি: কুমার সাঙ্গাকারা, সোহেল খান, লাহিরু থিরিমান্নে, মোহাম্মদ ইরফান, রায়ান টেন ডেসকাট, নাসির জামশেদ, ইয়াসির শাহ, ম্যালকম ওয়ালার।
রংপুর রাইডার্স
দেশি: সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মো. মিঠুন, মুক্তার আলী, সাকলাইন সজীব, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খান, রাসেল আল মামুন, মো. আল আমিন।
বিদেশি: সচিত্রা সেনানায়েকে, মোহাম্মদ নবী, ওয়াহাব রিয়াজ, মিসবাহ-উল-হক, ড্যারেন সামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমনস।
সিলেট সুপারস্টারস
দেশি: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুমিনুল হক, আবদুর রাজ্জাক, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল হোসেন, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন, আবু সায়েম, শুভাশিস রায়।
বিদেশি: ক্রিস জর্ডান, জসুয়া কব, সোহেল তানভীর, দিলশান মুনাবীরা, ফিদেল এডওয়ার্ডস, শহীদ আফ্রিদি, রবি বোপারা, ব্র্যাড হজ, অজন্তা মেন্ডিস।
আজকের খেলা
রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস
(বেলা ২টা, মিরপুর)
ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ানস
(সন্ধ্যা ৬-৪৫ মি., মিরপুর)
ছোট ওয়াহ আসছে
পদবিটা যখন ওয়াহ, তার সবকিছু নিয়ে মাতামাতি তো একটু হবেই। তবে অস্টিন ওয়াহ শুধু তার বাবা স্টিভ ওয়াহ কিংবা চাচা মার্ক ওয়াহর কারণে নজর কাড়েনি, ব্যাট হাতে নিজের একটা আলাদা পরিচয়ও তৈরি করেছে। সেই পুরস্কারও পেল ১৪ বছর বয়সী স্টিভ-তনয়। ডাক পেয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৬ দলে। গতকাল শুরু হওয়া সিরিজে যে দলটি তিনটি এক দিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে।
বছর তিনেক আগে দাতব্য কাজে অর্থ সংগ্রহের জন্য স্টিভ ওয়াহ ফাউন্ডেশন আয়োজিত একটা প্রীতি ম্যাচে ৪৮ বলে ৯১ রানের ‘বিধ্বংসী’ ইনিংস খেলে প্রথম নজর কেড়েছিল অস্টিন। প্রতিভাটা যাতে ফুল হয়ে ফোটার আগেই শেষ না হয়ে যায় সে চেষ্টার কমতি রাখেনি বাবা স্টিভ ওয়াহ। বাবার সূত্রেই খুব অল্প বয়সে সিডনি ক্রিকেট মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছে অস্টিন। চাচা মার্ক ওয়াহ তো আছেনই, বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছেন বাবা-চাচার একসময়ের সতীর্থরা, এমনকি অস্ট্রেলিয়ার বর্তমান দলের অনেক খেলোয়াড়ও। সেগুলো যে বৃথা যায়নি তা বোঝা যাচ্ছে, কারণ এরই মধ্যে অস্টিন খেলেছে নিউ সাউথ ওয়েলসের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে। অংশ নিয়েছে অস্ট্রেলিয়ান জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপেও। এবার অনূর্ধ্ব-১৬ দলেও ডাক পাওয়াই প্রমাণ করে, ঠিক পথেই এগোচ্ছে অস্টিন। তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।
অধিকার হারিয়েছেন মরিনহো!
প্রতিপক্ষ কোচ, রেফারি এমনকি ফিফাকে নিয়ে কটাক্ষ করাকে যিনি মৌলিক অধিকার ভাবেন, সেই হোসে মরিনহো বলছেন নিজের দল সাজানো নিয়ে কথা বলার অধিকার তাঁর নেই!
প্রতি মৌসুমেই দলবদলের বাজারে অঢেল টাকা খরচ করে চেলসি। প্রতিবার শিরোপা লড়াইয়ে থেকে তার প্রতিদানও পায়। কিন্তু এবার প্রিমিয়ার লিগে চেলসি যাচ্ছে দুঃস্বপ্নের মধ্য দিয়ে। ১২ ম্যাচে ৭টি হার, ১১ পয়েন্ট নিয়ে লিগে ১৬তম তারা। এমন অবস্থায় ক্লাবকে নতুন খেলোয়াড় কেনার কথা বলতে কলজে থাকা লাগে। দেখা যাচ্ছে এত সাহস মরিনহোরও নেই। জানুয়ারিতে নতুন খেলোয়াড় কেনার ইচ্ছে আছে কি না জানতে চাওয়া হয়েছিল মরিনহোর কাছে। তখনই জানালেন, ‘ক্লাবকে নতুন খেলোয়াড় কিনতে বলার অধিকার নেই আমার।’ বর্তমান দল নিয়েই শীর্ষ চারে থাকার আশা মরিনহোর। তবে ক্লাব নিজ উদ্যোগে কাউকে নিতে চাইলে তাঁর আপত্তি নেই। পল পগবা কিংবা লিওনেল মেসির মতো খেলোয়াড়কে দেখতে চান কি না জানতে চাইলে বলেন, ‘অবশ্যই!’ দ্য গার্ডিয়ান।
ব্ল্যাটার-প্লাতিনির বিরুদ্ধে শাস্তির সুপারিশ
নৈতিকতা কমিটির ৯০ দিনের নিষেধাজ্ঞা পেতে হয়েছিল আগেই। তবে সেই শাস্তিটা ছিল সাময়িক, ফিফা জানিয়েছিল তারা সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনির বিরুদ্ধে তদন্ত করবে। সেই তদন্ত শেষ হয়েছে, কমিটি প্রতিবেদনও জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে ব্ল্যাটার ও প্লাতিনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
কাল এক বিবৃতি দিয়ে ব্যাপারটি নিশ্চিত করেছে ফিফা। তবে ব্ল্যাটার-প্লাতিনি কী ধরনের শাস্তি পেতে পারেন, সেটা জানা যায়নি। প্লাতিনির ফিফা সভাপতি হওয়ার সম্ভাবনা এতে ধাক্কা খেল আরেক প্রস্থ। এখন সর্বোচ্চ ক্রীড়া আদালত (সিএএস) পক্ষে রায় দিলেই শুধুই প্লাতিনির আশার পালে একটু হাওয়া লাগতে পারে। এএফপি।
সাফ ফুটবলে নেই পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান ফুটবলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। সম্প্রতি প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে ফেডারেশনের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে নিতে। কিন্তু বৃহত্তর কার্যক্রম বন্ধ। তারই জেরে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাম্প্রতিক সময়ে খেলেনি পাকিস্তান। এবার জাতীয় দলের সাফ টুর্নামেন্টেও না খেলার ঘোষণা দিল দেশটি।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল কাল দিলেন এই খবর, ‘পাকিস্তান বলেছে তাদের অভ্যন্তরীণ সমস্যা আছে। সাফে খেলতে পারবে না। তাদের কোনো প্রস্তুতি নেই।’ ভারতের কেরালায় আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত হবে এবারের সাফ ফুটবল। আট থেকে দল কমে গেল একটি। তবে পাকিস্তান না খেলায় বাংলাদেশের ক্ষতিবৃদ্ধি কিছু হয়নি। কারণ পাকিস্তান ছিল ভারতের গ্রুপে, যেখানে শ্রীলঙ্কা ও নেপাল আছে। ‘বি’ গ্রুপে আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে লড়াই করেই বাংলাদেশকে উঠতে হবে সেমিফাইনালে।
অন্যকলাম
লেম্যানের পাল্টা
সমালোচনা করা খুব সহজ, কিন্তু যৌক্তিক সমালোচনা কয়জন করতে পারে? ড্যারেন লেম্যান ঠিক এই প্রশ্নটাই তুলেছেন। ডার্ক ন্যানেসের কথাটা সমালোচনা তো নয়, আসলে তোপ দাগাই। সাবেক অস্ট্রেলিয়ান পেসার স্মিথদের ওপর দারুণ খেপেছিলেন। ওয়াকা টেস্টে রস টেলর ২৯০ রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার কেউ তাঁকে অভিনন্দন জানাননি, ন্যানেস পরে সেটি নিয়ে অভিযোগ করেছিলেন। যদিও টেলর নিজেই বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু ন্যানেসের মতো নিজেদের কেউ যখন খেলোয়াড়ি মানসিকতা ‘জঘন্য’ বলেন, সেটি নিয়ে মাথা না ঘামিয়ে উপায় থাকে না। ওয়াকা টেস্ট শেষেই দেখা গেছে, অস্ট্রেলিয়ার কোচ লেম্যান ন্যানেসের সঙ্গে কথা বলছেন। কাল লেম্যান জানিয়েছেন, সেদিন ন্যানেসের কাছে ওই ঘটনার ব্যাখ্যা চেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক উত্তর পাননি। লেম্যান তাই বিদ্রূপের স্বরেই বলেছেন, আত্মপক্ষ সমর্থন করতে না পারলে সমালোচনার কোনো মানে নেই! ক্রিকেট অস্ট্রেলিয়া।
মার্শিয়াল-ভ্রান্তি
অ্যান্থনি মার্শিয়ালের বয়স মাত্র ১৯। এই বয়সেই তাঁর স্ত্রী তো বটেই, ফুটফুটে একটা মেয়েও আছে। ওল্ড ট্রাফোর্ডে এসেছেন খুব বেশি দিন হয়নি। স্ত্রী সামান্থা অমন একটা ভুল কি সে কারণেই করলেন? গতকাল ওয়াটফোর্ডের সঙ্গে ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। সামান্থা স্বামীকে উৎসাহ দেওয়ার জন্যই ইনস্টাগ্রামে ওল্ড ট্রাফোর্ডের একটা ছবি পোস্ট করলেন। কিন্তু সেটা করতে গিয়েই গোল বাঁধিয়েছেন, ওল্ড ট্রাফোর্ডের জায়গায় এমিরেটসের ছবি পোস্ট করে ফেলেছেন। ইনস্টাগ্রামে সেটি নিয়ে তো ধুন্দুমার কাণ্ড! ইউনাইটেড-ভক্তদের অনেকেই রেগে কাই। ইংল্যান্ডে নতুন এসেছেন, মার্শিয়াল-পত্নীকে বোধ হয় ক্ষমা করে দেওয়াই যায়! মেট্রোডটকম।
বার্সেলোনা ৪: ০ রিয়াল
এল ক্লাসিকো জিতল বার্সা
এটা লুইস সুয়ারেজের দ্বিতীয় গোলের পর। ‘দ্বিতীয় গোল’ বলাতে বুঝতেই পারছেন, এর আগেও একটা গোল করেছেন বার্সা স্ট্রাইকার। একটা করে গোল করেছেন নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তাও। গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদের কেউ। মাঠে গড়ানোর আগে প্রবল প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছড়িয়েছিল যে ম্যাচ, সেটাকে প্রায় একতরফা বানিয়ে ৪-০ গোলে জিতে নিল বার্সেলোনা। নিজের মাঠে লজ্জাজনকভাবে এল ক্লাসিকো হারের তিক্ত স্বাদ পেল রিয়ালও
রয়টার্স
দুই ক্লাব কর্মকর্তাকে শোকজ
ফুটবলে হঠাৎই অস্বস্তির হাওয়া
ক্রীড়া প্রতিবেদক
‘ফুটবলের বিরুদ্ধে চক্রান্তকারীরা সাবধান।’ বাফুফে ভবন চত্বরে কাল দুপুরে একদল ক্লাব কর্মকর্তার মিছিল থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ও মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে স্লোগান উঠল। পুলিশ এল ভবন চত্বরে।
শেখ জামাল-কাণ্ডেরই জের এসব। ১৬ নভেম্বর জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের ১০ খেলোয়াড়কে নিয়ে যান ক্লাব সভাপতি মনজুর কাদের। নিয়ম ভেঙে নিজের অফিসে খেলোয়াড়দের নিয়ে মধ্যাহ্নভোজ করেছিলেন তিনি। জাতীয় স্বার্থবিরোধী ওই ঘটনার পর শেখ জামালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাল বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভার ঠিক আগ মুহূর্তে ওই মিছিল।
ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সাধারণ সম্পাদক সালেহ জামান ছিলেন মিছিলের নেতৃত্বে। পরে তাঁরা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে বিভিন্ন বিষয়ে কৈফিয়ত তলব করেন। সেলিমের কথা, ‘ফুটবল যখন ভালো অবস্থায় যাচ্ছে তখন একটি মহল ফেডারেশনকে চোর বলে গালি দিচ্ছে, আজেবাজে কথা বলছে। ফুটবলের স্বার্থবিরোধী বক্তব্য দিচ্ছে টিভি টকশোসহ নানা জায়গায়। নিচের দিকের ক্লাবগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে তাই আমরা এর প্রতিবাদ করেছি।’
ফুটবলের পরিবেশটা হঠাৎ করেই যেন একটা অস্বস্তিকর পরিবেশ, যাতে ফুটবলারদের আসন্ন দলবদল পড়ল অনিশ্চয়তায়। লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ও অন্যতম বড় দল মোহামেডানের সঙ্গে ফেডারেশনের বৈরী সম্পর্ক তৈরি হওয়ায় তারা দলবদলে আপাতত যেতে চাইবে না। কর্তাদের কাদা ছোড়াছুড়ির জেরে ফুটবলের বৃহত্তর ক্ষতিরই শঙ্কা করছেন অনেকে।
কাল বাফুফের জরুরি সভায় মনজুর কাদের ও লোকমান ভূঁইয়াকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে হবে। বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বললেন, ‘কাদের সাহেব বেআইনিভাবে জাতীয় দলের ক্যাম্প থেকে খেলোয়াড় নিয়ে গেছেন। তিনি বাফুফের বিরুদ্ধে অসত্য, অসংলগ্ন ও বিধিবিরোধী বক্তব্য দিয়েছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বাফুফের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছেন লোকমান সাহেবও।’ তবে লোকমান কোথায় কী বলেছেন সালাম সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি। শুধু বলেছেন, ‘মিডিয়ায় এসেছে, আমরা বিধি অনুযায়ী শোকজ করছি।’
লোকমান অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন, ‘আমি কিছু বলিনি ফেডারেশনের বিরুদ্ধে। শুধু সুপার কাপ হবে না কেন এই প্রশ্ন তুলেছিলাম। এ কারণেই তারা আমাকে শোকজ করায় আমি বিস্মিত!’ মনজুর কাদের এসব নিয়ে মুখে আপাতত কুলুপ এঁটেছেন।
ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন ওয়াকার
ঠিক অভিযোগ নয়, তবে সন্দেহটা প্রথম প্রকাশ করেছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। গত মঙ্গলবার শারজায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে পাকিস্তান হারার পর টুইট করেছিলেন, ‘পাকিস্তানিদের ৩টি রানআউট আর কিছু বাজে শট...এমনটা আগে দেখিনি। তারা নিশ্চয়ই সবাইকে বোকা মনে করে। ক্রিকেট খেলাটা এ রকম সন্দেহ নিয়ে দেখা আমি খুবই অপছন্দ করি। এটা তো হওয়ার কথা নয়!’
সরাসরি আর কিছু বলেননি, কিন্তু ভনের ওই টুইট কিছুটা হলেও সন্দেহ ছড়িয়ে দিয়েছিল। পরে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলও সন্দেহ প্রকাশ করেছে ম্যাচটি নিয়ে। পত্রিকাটির দাবি, আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটও (আকসু) নাকি এই ম্যাচটিকে ঘিরে তদন্তে নেমেছে।
তবে স্রেফ সন্দেহ বা অভিযোগ, যা-ই হোক, সেটি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস। সাবেক পাকিস্তানি পেসার জোর গলাতেই বলেছেন, ‘এই অভিযোগ আমি নানা জায়গা থেকে পাচ্ছি। তবে আমি আমার দলের খেলোয়াড়দের ব্যাপারে খুবই পরিষ্কার এবং নিশ্চিন্ত।’
নিষ্প্রাণ ব্যাটিং উইকেটে ওই ম্যাচে পাকিস্তান অলআউট হয়ে যায় ২০৮ রানে। রানআউট হয়েছেন তিন পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। আবার তাড়া করতে নেমে একপর্যায়ে ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পরও খুব সহজেই ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। তবে এ সবকিছুকেই খেলার অংশ বলে মনে করছেন ওয়াকার, ‘খেলায় জয় যেমন আছে, পরাজয়ও থাকবে। মঙ্গলবারের পরাজয়টাকে আমি দুঃখজনক মনে করি। কিন্তু আমার দলের কোনো খেলোয়াড় দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না।’
ওয়াকার কোচ থাকাকালীন ফিক্সিংয়ের অভিযোগ এই প্রথম উঠল, এমন নয়। ২০১০ সালে লর্ডস টেস্টের কেলেঙ্কারির সময়ও ওয়াকারই পাকিস্তানের কোচ ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষের ওই ম্যাচে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পরে বিভিন্ন মেয়াদের নিষিদ্ধ হন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। সাবেক পাকিস্তানি পেসার সরফরাজ নেওয়াজের সন্দেহের তির তাই ওয়াকারের দিকেই, ‘আমার তো মনে হয় ওয়াকারকে সরিয়ে নতুন কোচ নিয়োগ দেওয়া উচিত।’
ফিক্সিংয়ের সঙ্গেও অবশ্য এরও অনেক আগে থেকেই জড়িয়ে পাকিস্তানের নাম। ২০০০ সালে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান সেলিম মালিককে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। স্পট ফিক্সিংয়ের কারণে আজীবন নিষেধাজ্ঞা ভোগ করছেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়াও।
তবে এবারের অভিযোগ ও ভনের টুইট দুটিই উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। ভন অবশ্য টুইট করার কিছুক্ষণ পরই সেটি মুছে দিয়েছেন। কিন্তু তাতেও তাঁর ওপর শাহরিয়ার খানের ক্ষোভ যায়নি, ‘আমরা ব্যাপারটা আইসিসিকে জানাব। সে সবাইকে একটা ভুল বার্তা দিল। যদিও সে পরে টুইটটি মুছে দিয়েছে, কিন্তু ক্ষতি যা করার, সেটি তো করে ফেলেছে।’ তথ্যসূত্র: এএফপি, ডন।
অনূর্ধ্ব-২১ হকি: বাংলাদেশ ৩: ২ ওমান
পঞ্চম হওয়ার সুযোগ
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা ছাড়ার আগে মাহবুব হারুন ছিলেন শঙ্কিত, ‘আট দলে না অষ্টম হয়ে ফিরি!’ প্রস্তুতির ঘাটতির কারণেই আত্মবিশ্বাস ছিল না বাংলাদেশ দলের কোচের। কিন্তু মালয়েশিয়ায় অনূর্ধ্ব-২১ এশিয়ান জুনিয়র হকিতে ভালোই করল বাংলাদেশ। কাল দ্বিতীয়বারের মতো ওমানকে হারাল অসীম গোপের দল, এবার স্থান নির্ধারণী ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে ৩-২ গোলের জয়। আজ স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে জিততে পারলে পঞ্চম স্থান জুটবে, না পারলে ষষ্ঠ স্থান।
ওমানের সঙ্গে গ্রুপ পর্বে ৫-৪ গোলে জেতার আত্মবিশ্বাসটা ভালোই কাজে লেগেছে। তবে এবারও তাদের সঙ্গে লড়াই হলো তীব্র। নির্ধারিত ৭০ মিনিটে ম্যাচটা ২-২ ছিল। ৩১ মিনিটে রোমানের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৪ ও ৬৭ মিনিটে দুই গোল করে জয় দেখছিল ওমান। শেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে ফিল্ড গোলে ২-২ করেন মিলন। পেনাল্টি শ্যুট আউটে বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় ৩-২ গোলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ দলের ফজলে হোসেন রাব্বি।
‘কুৎসিত’ বলে!
১০ বছর আগের ওই দিনটা কখনো ভুলবে না রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত রোনালদিনহো সেদিন বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেছিলেন, বার্নাব্যুর দর্শকেরা পর্যন্ত তাঁকে দাঁড়িয়ে জানিয়েছিলেন অভিবাদন। অথচ এই রোনালদিনহোই রিয়ালের সাদা জার্সি গায়ে চড়াতে পারতেন। ২০০৩ সালে পিএসজি থেকে রিয়াল ব্রাজিলিয়ান প্লে-মেকারকে আনতেই চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেন আনেননি জানেন? রোনালদিনহো দেখতে কুৎসিত তাই! অবিশ্বাস্য এই কথাটা তখনকার রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের একজন কাছের মানুষের। ফ্রেঞ্চ দৈনিক এল পাইস-এর কাছে তিনি দাবি করেছেন, রোনালদিনহো খুব একটা সুশ্রী না হওয়ার কারণেই নাকি রিয়াল আগ্রহ দেখায়নি। পাছে জার্সি বিক্রি থেকে আয়টা কমে যায়! শেষ পর্যন্ত রিয়াল ওই মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নিয়ে আসে ডেভিড বেকহামকে। তা বেকহাম সুশ্রীই ছিলেন, জার্সির বিক্রিটাও মন্দ হয়নি। কিন্তু রোনালদিনহোকে না আনার আফসোসটা রিয়াল মাদ্রিদের এখনো যায়নি। মেইল অনলাইন।
ইউনাইটেডের জয়
চোটের জন্য রুনি, মার্শিয়াল, ক্যারিকরা ছিলেন না। তবে তঁাদের অভাব কাল বুঝতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড, ২–১ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। মেম্ফিস ডিপাই, ১১ মিনিটে গোল করে এগিয়ে দেন ইউনাইটেডকে। ৮৭ মিনিটে ট্রয় ডিনি সমতা ফেরালেও স্বাগতিক ওয়াটফোর্ডের জন্য আনন্দটা ছিল মাত্র তিন মিনিট। ওই ডিনির আত্মঘাতী গোলেই জিতেছে ইউনাইটেড। রয়টার্স।
এক নজরে ফল
ম্যান সিটি ১ : ৪ লিভারপুল
চেলসি ১ : ০ নরউইচ
ওয়েস্ট ব্রম ২ : ১ আর্সেনাল
সোসিয়েদাদ ২ : ০ সেভিয়া
লঁরিয়ে ১ : ২ পিএসজি
শালকে ১ : ৩ বায়ার্ন
* স্বাগতিক দল প্রথমে
নাদালকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
রজার ফেদেরারের কাছে হেরে গিয়েছিলেন গ্রুপ পর্বে। তবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে কাল আরেক পুরোনো ‘শত্রু’ রাফায়েল নাদালকে ঠিকই হারালেন নোভাক জোকোভিচ। ৬-৩, ৬-৩ গেমে ম্যাচ জিতে রেকর্ড বইয়ের আরও একটি শাখায় নাম ওঠানোর কাছাকাছি চলে এলেন সার্বিয়ান তারকা। ফাইনালে জিতলেই এটিপি টেনিসের প্রথম খেলোয়াড় হিসেবে জিতবেন টানা চারটি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস টুর্নামেন্ট। আজই ফাইনালে ফেদেরার-ভাভরিঙ্কার সেমিফাইনাল বিজয়ীর মুখোমুখি হবেন টেনিসের এক নম্বর জোকোভিচ।
‘এই সপ্তাহে নাদাল দুর্দান্ত টেনিস খেলেছে। কিন্তু প্রয়োজনের সময়ে নিজের সেরাটাই নিংড়ে দিতে হয়েছে আমাকে’—ফাইনালের আগে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি জোকোভিচ। টেনিসডটকম।
হ্যাজলউডই ম্যাকগ্রার উত্তরসূরি!
অস্ট্রেলিয়ার তো বটেই, গ্লেন ম্যাকগ্রা সর্বকালের সেরা পেসারদের ছোট্ট তালিকায় থাকবেন। কিন্তু ৫৬৩ উইকেটের বর্ণাঢ্য এই ক্যারিয়ারের রহস্য কী? ইংরেজিতে হলে উত্তরটা এভাবে দেওয়া যায়, ‘কিপ ইট সিম্পল’। বল জায়গামতো ক্রমাগত ফেলে যাওয়ার ‘সহজ’ কাজটাই তো ম্যাকগ্রা সবচেয়ে ভালো করে যেতে পারতেন! সেই ম্যাকগ্রাই বলছেন, অস্ট্রেলিয়া তাঁর উত্তরসূরি পেয়ে গেছে।
জশ হ্যাজলউড এখনো তোলপাড় ফেলে দেওয়ার মতো কিছু করতে পারেননি। ১১ টেস্টে ৪৪ উইকেট—অসাধারণ বলাটা কঠিন। তবে ২৪ বছর বয়সী এই পেসারকে ম্যাকগ্রা লম্বা রেসের ঘোড়া হিসেবেই দেখছেন, ‘তার অ্যাকশনটা খুবই সরল। সে লম্বা (১৯৬ সেন্টিমিটার)। সে বলটা ভেতরে ঢোকাতে পারে। সুইংও ভালো করাতে পারে। আমি সবচেয়ে বেশি খুশি এ কারণে ওর ভুল হওয়ার মতো খুব বেশি কিছু নেই।’ ম্যাকগ্রার দৃষ্টিতে এটাই হ্যাজলউডকে আলাদা করছে, ‘তার অ্যাকশন খুব বেশি বদলাতে হবে না। বড় কোনো রদবদল না করলে সমস্যাও বেশি হওয়ার কথা নয়।’ হ্যাজলউডের আগেরটা গুণও ম্যাকগ্রার চোখে ধরা পড়েছে, ‘আমার মনে হচ্ছে চোট থেকে সেরে ওঠার পর তার দৃষ্টিভঙ্গিও একটু বদলেছে। সে যেখানে যেতে চায়, সেটির পথে কিছুই আর বাধা হতে পারবে না!’
তবে ম্যাকগ্রা যেটি বলেননি, সেটি বলেছেন তাঁরই সাবেক সতীর্থ। জাতীয় নির্বাচক মার্ক ওয়াহ বলছেন, ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা আছে হ্যাজলউডের। ম্যাকগ্রা জানাচ্ছেন, সে রকম কিছু হলে তিনিই প্রথম অভিনন্দন জানাবেন হ্যাজলউডকে। ক্রিকেট অস্ট্রেলিয়া।
রেকর্ড কর্নার
মাস্টার্স শিরোপা
বছরের ৯টি মাস্টার্স ১০০০ সিরিজের আটটিরই ফাইনাল খেলেছেন নোভাক জোকোভিচ। জিতেছেন ৬টি। এই সাফল্যে একটা জায়গায় এ বছর ছাড়িয়ে গেছেন সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরারকে। সুইস তারকা লম্বা ক্যারিয়ারে জিতেছেন ২৪টি মাস্টার্স সিরিজ। আর প্যারিস মাস্টার্স জিতে নিজের নামের পাশে জোকোভিচ ১০০০ সিরিজের শিরোপাসংখ্যা নিয়ে গেছেন ২৬-এ। সার্বিয়ান তারকা নন, সবচেয়ে বেশি মাস্টার্স ১০০০ জয়ী খেলোয়াড় রাফায়েল নাদাল। এই স্প্যানিয়ার্ডের নামের পাশে ২৭টি শিরোপা। তালিকায় এই তিনজনের কাছাকাছি আরও যে দুজন আছেন, তাঁরা এখন টেনিসের বাইরে। ২২টি মাস্টার্স শিরোপা নিয়ে ফেদেরারের পরেই আছেন ইভান লেন্ডল। ১৯টি শিরোপা জন ম্যাকেনরোর।