বার্সেলোনায় যাওয়ার আগে বলেছিলেন, অন্তত সেমিফাইনালে যেতে চান। সেমিফাইনাল দূরে থাক সেরা বিশেও নিজেকে রাখতে পারেননি মাহফিজুর রহমান (সাগর)। অবশ্য বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে নিজের সেরা টাইমিংটাই করেছেন নৌবাহিনীর সাঁতারু।
কাল ৫০ মিটার ফ্রিস্টাইলে ১০৬ জনের মধ্যে ৫৯তম হয়েছেন মাহফিজুর। সময় নিয়েছেন ২৪.৩৯ সেকেন্ড। দুই নম্বর হিটে অংশ নিয়ে ১০ জনের মধ্যে সবার আগে সাঁতার শেষ করেন। গত বাংলাদেশ গেমসে নিজের ফেবারিট এই ইভেন্টে সোনা জিতেছিলেন ২৪.৪২ সেকেন্ড সময় নিয়ে। ব্যক্তিগত সেরা টাইমিং মাহফিজুর টপকালেন বটে, যদিও এই টাইমিংয়ে (২৪.৩৯) সাফ গেমসেও সোনা জয়ের স্বপ্ন দেখা যায় না। সাফে এই ইভেন্টে ২৩.৭৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন ভারতের সাঁতারু বীরদয়াল বিক্রম।
নিজের সেরা পারফরম্যান্স করে বার্সেলোনা থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে মাহফিজুর জানিয়েছেন, ‘নিজের সেরা টাইমিং করতে পেরে খুব ভালো লাগছে। আরও প্র্যাকটিস করতে পারলে টাইমিং এর চেয়েও কমিয়ে আনতে পারতাম।’ সাংহাইয়ে গত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ভালো করায় সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন মাহফিজুর। এবার অবশ্য এমন কোনো শর্ত ছিল না।
সেমিফাইনালে ওঠা ১৬ সাঁতারুর মধ্যে শুধু এশিয়ার একজনই—জাপানের সিনরি সিউরা। তিনি সময় নেন ২২.০২ সেকেন্ড। বাকি ১৫ জন ফ্রান্স, ব্রাজিল, ইউক্রেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও হাঙ্গেরির। দক্ষিণ এশিয়ার মধ্যে মাহফিজুরের ওপরে আছের একজনই—এশিয়ান গেমসে পদকজয়ী ভারতের বীরদয়াল বিক্রম হয়েছেন ৫৪তম। তাঁর টাইমিং ২৪.০৭ সেকেন্ড।
এর আগে ২৮ জুলাই বিশ্ব সাঁতারের ৫০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়ে বাংলাদেশের অনীক ইসলাম ৬১তম স্থান পেয়েছেন। আজ শেষ হচ্ছে বাংলাদেশের সাঁতারুদের ইভেন্ট, যেখানে মাহফুজা আক্তার (শিলা) সাঁতরাবেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে।