>দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৬। খেলাধুলার জগতে কেমন গেল বছরটা? পেছনে ফিরে তাকালে উঠে আসবে হাসি-কান্না-প্রাপ্তি-অপ্রাপ্তির কত উপাখ্যান! ধারাবাহিক বর্ষপরিক্রমায় আজ থাকছে ক্রিকেট–ফুটবলের বাইরে দেশের অন্যান্য খেলা

যেন রূপকথার সিনড্রেলাকেও হার মানানো গল্প। রূপকথার দুঃখী মেয়ের সঙ্গে হৃদয়বান রাজপুত্রের দেখা মিলতেই কষ্টের শেষ সিনড্রেলার। ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তেরও কখনো গল্পের সিনড্রেলার মতো মনে হতে পারে নিজেকে।
গত বছর ছিলেন অখ্যাত। এই বছরে গল্পের ‘রাজপুত্র’ হয়ে ধরা দিল এসএ (দক্ষিণ এশিয়ান) গেমসের সোনা। ব্যস, মাবিয়ার জীবন গেল বদলে। পুরস্কার মঞ্চে জাতীয় সংগীতের সঙ্গে মাবিয়ার কান্নার দৃশ্যটা ইউটিউবে ভাইরাল হওয়ায় কেঁদেছে পুরো বাংলাদেশ। এরপর সংবর্ধনা, আর্থিক পুরস্কার, বিজ্ঞাপনের মডেলিং—উদ্যমী নারীদের একজন হয়ে ওঠা। তাঁকে দেখলে ছেলেদের ইভ টিজিং এখন আর নেই। নেই দারিদ্র্য। পানির ওপর ভাসমান সেই টংঘর ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া ফ্ল্যাটে উঠেছেন মাবিয়া।
এভাবেই বছরে বারবার আলোচনায় এসেছেন ভারোত্তোলনের সোনার মেয়ে, তবে এসএ গেমসে সাঁতারু মাহফুজা খাতুন শিলা দুটি সোনা জিতে সাড়া ফেলেছেন আরও বেশি। ফেডারেশনের বঞ্চনার শিকার হওয়া নৌবাহিনীর সাঁতারু মোক্ষম জবাব দিতে অপেক্ষায় ছিলেন। মঞ্চ পেয়েই জ্বলে ওঠেন, পরপর ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতে নিজেকে চেনান নতুন করে। তাঁর ওই সাফল্য ছিল অপ্রত্যাশিত। জেদ, সংকল্পকে সাফল্যের রঙে রাঙিয়ে তোলেন মাহফুজা। মাবিয়ার মতো পাল্টে গেছে তাঁর জীবনও। জীবনের জুটিতে সঙ্গী করে নিয়েছেন এসএ গেমসে সোনাজয়ী আরেক সাঁতারু শাহাজাহান আলী রনিকে, দুজন বিয়ে করেছেন এ বছরই। তবে এবার এসএ গেমসে সাঁতারে সাতটি ব্রোঞ্জ জেতা মাহফিজুর রহমান সাগরের আক্ষেপটা থেকেই গেছে। অন্তত একটা রুপা যে জেতা হলো না।
বছরটা আলোচিত ছিল এসএ গেমসের জন্যই। গত গেমসে বাংলাদেশ ১৮টি সোনা জেতে, এবার মাত্র ৪টি! চতুর্থ সোনাটি আনেন ১০ মিটার এয়ার পিস্তলে শাকিল আহমেদ। আগে সাফল্য আসা ১০ মিটার এয়ার রাইফেলে এবার হয়েছে ভরাডুবি। কমনওয়েলথে রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকি নামের প্রতি সুবিচার করতে পারেননি। সাইক্লিং ও ভলিবল ছাড়া এবার অন্য সব খেলায় পদক এসেছে গেমসে।
এসএ গেমসে হতাশ করেন দেশের দ্রুততম মানব মেসবাহ আহমেদ ও মানবী শিরিন আক্তার। তবে বছরের শেষে জাতীয় অ্যাথলেটিকসে বরাবরের মতোই নিজেদের খেতাবটা ধরে রাখেন এই দুজন। এসএ গেমসের মতো এবার ছিল অলিম্পিকেরও বছর। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে সরাসরি অলিম্পিকে খেলতে গেলেন গলফার সিদ্দিকুর রহমান। তাঁর সঙ্গী হয়ে ব্রাজিলে গেলেন অ্যাথলেট মেসবাহ, শিরিন, তিরন্দাজ শ্যামলী রায়, সাঁতারু মাহফিজুর ও সোনিয়া আক্তার, শ্যুটার আবদুল্লাহ হেল বাকি।
দাবায় এ বছর নতুন নির্বাচিত কমিটি এসেছে। আন্তর্জাতিক দাবায় বড়দের কোনো সাফল্য নেই। তবে মুম্বাইয়ে অনূর্ধ্ব-১৮ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে রানারআপ হয়েছিল দেশের কনিষ্ঠ ফিদে মাস্টার রহমান। এরপর সাব-জুনিয়র দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন; জুনিয়র দাবায়ও চ্যাম্পিয়ন হয়েছে সে। ১৫ বছর পর জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন নাজরানা খান ইভা।
গলফে সিদ্দিকুর রহমানের জন্য আরেকটি আক্ষেপের বছরই হয়ে রইল ২০১৬। এ বছর ১৮টি টুর্নামেন্টে খেলেছেন। রিও অলিম্পিকে ৬০ জনের মধ্যে ৫৮তম। এ ছাড়া প্লে-অফের নাটকীয়তা শেষে ঢাকায় বিটিআই ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর। তবে তাঁর জন্য বড় আক্ষেপের নাম আফ্রো-এশিয়া ব্যাংক ওপেন। আগের তিন রাউন্ডে প্রাধান্য দেখিয়েও শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে সিদ্দিকুরের মুঠো ফসকে বেরিয়ে যায় শিরোপা।
বিশ্বকাপ কাবাডিতে ইংল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পাঁচ ম্যাচের তিনটি জিতে গ্রুপে তৃতীয় হয়ে খালি হাতে ফিরেছে দেশে। বিশৃঙ্খলা ও কর্মকর্তাদের দুর্নীতিতে বিরক্ত হয়ে কদিন আগে কাবাডি ফেডারেশনে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। নির্বাচনের জন্য অস্থায়ী কমিটি গঠন করে আপাতত সমস্যার সমাধান করেছে সরকার।
ভারোত্তোলনেও অস্থায়ী কমিটি হয়েছে। তবে ১৯৮৫ সাল থেকে এই ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হলে খেলাটি পথ হারায়। অস্থায়ী কমিটি ঠিকমতো বিদেশে দল পাঠাতে পারেনি।
এ ছাড়া ঢাকায় এ বছর বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক হ্যান্ডবল, ব্যাডমিন্টন হয়েছে। টেনিসের আলোচিত ঘটনা ছিল আইটিএফ জুনিয়র টুর্নামেন্টে খেলতে চার্টার্ড বিমানে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রে ক্যাথেরিন পারডিউ লাফ্রান্স। এক দিন আগেই সাইক্লিংয়ে ট্যুর ডি ফ্রান্সের আদলে প্রথমবার হলো ট্যুর ডি বাংলাদেশ। ঢাকায় গতকালই শেষ হওয়া এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোন ভলিবলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার বছর শেষান্তে একটা সুসংবাদই।
যা কিছু প্রথম
* বাংলাদেশের প্রথম নারী সাঁতারু হিসেবে এসএ গেমসে মাহফুজা খাতুন শিলার সোনা জয়।
* শুটিংয়ে নতুন যুগের সূচনা করেন শাকিল আহমেদ। ১০ মিটার ফ্রি পিস্তলে জেতেন প্রথম এসএ গেমসের সোনা।
* বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে সরাসরি অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমানের অংশগ্রহণ।
* ট্যুর ডি ফ্রান্সের আদলে ফরচুন ট্যুর ডি বাংলাদেশ সাইক্লিংয়ের শুরু।
* প্রথমবারের মতো এসএ গেমসে অন্তর্ভুক্ত মেয়েদের ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্তের সোনা জয়।