মাহফুজার পাশে সহায়তার হাত
ক্ষোভে-দুঃখে জাতীয় দল থেকে বিদায়ই নিতে চেয়েছিলেন। সেই তিনি গোটা বাংলাদেশেরই মনোযোগ কাড়লেন। আর্থিক সংকটে পড়ে একদিন তাঁর জীবনের প্রথম দুটি সোনার পদক বিক্রি করে দিয়েছিলেন মা। সেই পদক ফিরিয়ে দিতে এখন মাহফুজা খাতুন শিলার দিকে অনেক সহায়তার হাত। খোদ প্রধানমন্ত্রীই মাহফুজা-মাবিয়াদের দায়িত্ব নিয়েছেন। এবার বাণিজ্যিক প্রতিষ্ঠান কনফিডেন্স গ্রুপ মাহফুজাকে সহায়তা দিতে এগিয়ে এসেছে।
এসএ গেমসে জোড়া সোনাজয়ী এই সাঁতারুর সত্তরোর্ধ্ব অসুস্থ বাবার চিকিৎসাভার নিয়েছে প্রতিষ্ঠানটি। সঙ্গে মাহফুজার সেই বিক্রি করা সোনার পদক দুটিও তৈরি করে দিতে চাইছে। কাল মিরপুর জাতীয় সাঁতার কমপ্লেক্সে সাড়ম্বর আয়োজনে এই ঘোষণাটা দিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা তরিকুল ইসলাম। ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাহফুজা কৃতজ্ঞতা জানালেন স্পনসর প্রতিষ্ঠানকে। তবে এতটা পাবেন কখনো নাকি ভাবেননি, ‘প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব নিচ্ছেন শুনে আমি আর মাবিয়া কেঁদেই ফেলেছিলাম। সোনা জেতার চেয়েও এটা মনে হয় আমাদের জন্য অনেক বড় অর্জন।’
অথচ সেই মাহফুজার নামের বানানই ভুল অনুষ্ঠানের ব্যানারে! মাহফুজা খাতুন শিলার জায়গায় লেখা মাহফুজা আক্তার শিলা! পরে সেটি সংশোধন করা হয়েছে। এটা দেখে মন খারাপ করলেও মাহফুজার কাছে কালকের বিকেলটা ছিল অন্য রকমই। গতবার দেশে ১৮টি সোনা এলেও সাঁতারে ছিল না একটিও। এবার বিদেশেই দুটি। কালকের অনুষ্ঠানে বারবার এটির উল্লেখ করে মাহফুজার কৃতিত্বকে আরও বড় করে দেখলেন বক্তারা। বিশেষ অতিথি সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল জানালেন, এই প্রথম সাঁতার কমপ্লেক্সে এসেছেন এবং তা মাহফুজাকে শুভেচ্ছা জানাতেই।
মাহফুজার জন্য স্পনসর আনতে সহায়তা করা টুটুল জোর দিলেন দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর, ‘শুধু গেমস এলে দৌড়ঝাঁপ বন্ধ করে লম্বা সময়ের জন্য কিছু করতে হবে। নইলে এই লোক দেখানো আয়োজনের কোনো মানেই নেই।’ তবে এই অর্জনেই মহাখুশি ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, ‘এবার বিওএর সম্ভাব্য সোনার তালিকায় আমরা ছিলাম না। সেই অবহেলার জবাব দিয়ে আমরাই এখন সেরা ফেডারেশন।’
দুটি সোনা জিতে সেই দাবি রফিজ করতেই পারেন, তবে বছরে মাত্র দুটি বা কখনো কখনো একটি আয়োজনও ঠিকভাবে করতে পারে না সাঁতার। তবে ফেডারেশন সভাপতি অ্যাডমিরাল এম ফরিদ হাবিব অনেক সমস্যার মধ্যেও এগিয়ে যাওয়ার বর্ণনা দিলেন। জানানো হলো পার্ক তে গুন আসবেন ১৯ ফেব্রুয়ারি। কোরিয়ান এই কোচকে লম্বা সময়ের জন্য রাখতে তাঁর সঙ্গে ২১ ফেব্রুয়ারি কথা বলবেন বিওএর মহাসচিব। টাকা সমস্যা নয়।
অনুষ্ঠানে প্রধান অতিধি যুব ও ক্রীড়াবিষয়ক সংদসীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল প্রসঙ্গক্রমে তুললেন একটা বড় প্রশ্ন, ‘ক্রীড়ার জন্য সরকারের দেওয়া এত টাকা যায় কোথায়?’ উত্তরটা অবশ্য ক্রীড়াঙ্গনের এই নীতিনির্ধারকদেরই খুঁজতে হবে।