মাহবুবের স্মরণসভায়
একদিকে অকালপ্রয়াত অ্যাথলেটের পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর অঙ্গীকার। অন্যদিকে তাঁর মর্মান্তিক মৃত্যুকে রহস্যজনক দাবি করে পরিবারের ক্ষোভ। দুইয়ে মিলে সাফ গেমসে সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলমের স্মরণসভা কিছুক্ষণের জন্য সন্দেহ আর অবিশ্বাসের বাতাবরণে ঢেকে গেল।মাহবুবের স্ত্রী স্বপ্না বেগমের ক্ষুব্ধ কণ্ঠ, ‘আমার স্বামী কীভাবে মারা গেল জানলাম না। এটা কিছুতেই মানতে পারছি না।’ স্বপ্নার বড় ভাই মুখলেছুর রহমান ছিলেন আবেগাক্রান্ত, ‘মাহবুবের লাশ দাফন করতে আঞ্জুমান মুফিদুলের গাড়ি এসেছিল। বেওয়ারিশ লাশ হিসেবে ব্যবস্থা হচ্ছিল লাশ দাফনের। সঙ্গীরা তাঁকে ফেলে রেখে চলে গেছে।’ মাহবুব আলমের বোন মাহমুদার কথা, ‘রাত চারটায় কেন ওরা কুমিল্লা থেকে রওনা দিল। কারও কিছু হলো না, আমার ভাই মরে রাস্তায় পড়ে রইল! ভাইয়ের হত্যার বিচার চাই।’ তিনজনেরই চোখে ছিল অশ্রু।গত শনিবার ঘটনার পরদিন থানায় হত্যা মামলা করেছে মাহবুবের পরিবার। মাহবুব যাঁর সঙ্গে কুমিল্লা গিয়ে ফেরার পথে মারা গেছেন, সেই অ্যাথলেটিকস ফেডারেশনের সদস্য মোহাম্মদ ইয়াহিয়া এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম অভিযুক্ত। চালকের খোঁজ মিলছে না। ইয়াহিয়া হাসপাতালে চিকিৎসাধীন।‘ইয়াহিয়ার সঙ্গে কথা বললেই অনেক প্রশ্নের উত্তর মিলবে’—বলেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির। ‘আঞ্জুমান মুফিদুলের গাড়ি শুধু বেওয়ারিশ লাশ নয়, সব লাশই বহন করে। সুতরাং অভিযোগটা ঠিক নয়। ইয়াহিয়াকে মুখোমুখি করা হলেই অনেক প্রশ্নের উত্তর তারা পাবেন’—যোগ করেছেন সাবেক এই সচিব।বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত স্মরণসভায় মাহবুবের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির বন্যা বইল। সবচেয়ে বড় যেটি, ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ের পর তখনকার ফেডারেশন প্রতিশ্রুত ১ লাখ টাকা অবশেষে পেতে যাচ্ছেন মৃত মাহবুব! ফেডারেশন সভাপতি বললেন, ‘...এর পরও টাকাটা না দিলে তা হবে লজ্জার। ৭ দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে ফেডারেশন।’বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মাসে পাঁচ হাজার টাকা করে ৩ বছর আর্থিক সহযোগিতার ঘোষণা আগেই দিয়েছে। এই সভায় অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস মাসে ৩ হাজার টাকা করে ৩ বছর দেওয়ার অঙ্গীকার করেছেন। কালই ৫০ হাজার টাকা তুলে দেন মাহবুবেরর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যা শারজানা আলম মিমের হাতে। সভাকক্ষ-ভর্তি ক্রীড়াঙ্গনের মানুষের চোখ তখন ছলছল।প্রতিশ্রুতি মিলেছে অনেক—ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম ২০ হাজার টাকা, সভাপতি নিজে এবং ফেডারেশন সদস্য ফরহাদ জেসমিন (লিটি) ১৫ হাজার, আবুল কালাম ১০ হাজার, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মাসে ৫০০ টাকা করে ৫ বছর এবং বাস্কেটবল ফেডারেশন আর্থিক সহায়তা দেওয়ার তাৎক্ষণিক অঙ্গীকার করেছে। ছিল কিছু প্রস্তাবও। কিশোরগঞ্জ স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষ মাহবুবের নামে নামকরণের প্রস্তাব ফেডারেশন সভাপতির। আগামী জাতীয় অ্যাথলেটিকস মাহবুবকে উৎসর্গ করা হবে। সভাপতি ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্ট করার প্রস্তাব দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) আতাহার হোসেন খান বললেন, ‘আরও বড় কিছু করতে হবে।’ পরিহাস হলো, জীবিত মাহবুবদের খোঁজও কেউ নেয় না!