মাহবুবের স্মৃতির খোঁজে
১১ বছরের মেয়ে ফারজানা আলমকে (মীম) নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে ছিলেন স্বপ্না আক্তার। স্বামী মাহবুব আলমের স্মৃতি বুকে নিয়ে সেই কিশোরগঞ্জ থেকে চলে এসেছেন জাতীয় অ্যাথলেটিকস দেখতে। গত ২০১০ সালের ৪ ডিসেম্বর সড়ক দুর্ঘটনা না ফেরার দেশে নিয়ে গেছে মাদ্রাজ এসএ গেমসে সোনাজয়ী স্প্রিন্টার তাঁর স্বামীকে।না, ফেডারেশন থেকে আমন্ত্রণ পাননি স্বপ্না। তবুও তিনি ঢাকায় এসেছেন স্বামীর স্মৃতিবিজড়িত স্টেডিয়ামে। এসেছেন যদি কেউ স্মৃতি হাতড়ে মাহবুবকে নিয়ে কোনো কথা বলেন!কেমন আছেন? কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই ঝরঝর করে কেঁদে ফেললেন। শাড়ির আঁচলে মুখ মুছে বললেন, ‘কেউ আমার খোঁজ নেয় না।’ মেয়েকে নিয়ে এখন বোনের সংসারে থাকছেন। বোনের দয়ায় কোনো রকম টিকে আছেন। কোনো আয় নেই। শুধু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে মাসিক পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে চোখে এখন সরষে ফুল দেখছেন ভদ্রমহিলা। জানালেন, ‘মাহবুবের মৃত্যুর সময় ফেডারেশন থেকে বলা হয়েছিল আমার একটা আয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। যাতে তাদের বারবার বিরক্ত করতে না হয়। কিন্তু এত দিন হয়ে গেলেও কেউ কোনো ব্যবস্থা করে দিল না।’ কিশোরগঞ্জ স্টেডিয়াম মার্কেটে একটা দোকান বরাদ্দের প্রতিশ্রুতিও নাকি দিয়েছিল ফেডারেশন। কিন্তু সে রকম কোনো উদ্যোগই নেই। মাহবুবের নামে ফেডারেশনের হল রুমের নামকরণের দাবি জানিয়েছিলেন। কিন্তু এই দাবিও নীরবে-নিভৃতে কাঁদছে।মীমের কাছে সর্বদাই সজীব তাঁর বাবার স্মৃতি, ‘সারাক্ষণ বাবাকে মনে পড়ে।’ খেলাধুলায় আগ্রহী মীম অবশ্য খেলার চেয়ে পড়াশোনা নিয়েই বেশি ভাবে। বড়দের মতোই যেন বুঝতে শিখে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছোট্ট মেয়েটি, ‘মায়ের জন্য খুব কষ্ট লাগে। আমার পড়াশোনা নিয়েই সারাক্ষণ তার চিন্তা। বড় হয়ে আমি মায়ের দুঃখ ঘোচাতে চাই।’