মাহমুদ এখন আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে আমিনুল ইসলামের উত্তরসূরি হিসেবে একসময় অধিনায়ক হয়েছিলেন। কোচিং ক্যারিয়ারেও সেই আমিনুলকে অনুসরণ করলেন খালেদ মাহমুদ। পূর্বসূরির মতো আবাহনীতেই প্রধান কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের বিদায়ী সহকারী কোচ।৫ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন খালেদ মাহমুদ। পদত্যাগপত্র এখনো গৃহীত না হলেও মাহমুদ মনে মনে নতুন জীবনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। শুধু নতুন জীবনের প্রস্তুতি নেওয়াই নয়; কেন চাকরি ছাড়লেন, কী হয়েছিল বা হয়নি সবই খুলে বলেছেন সাবেক এই টেস্ট অধিনায়ক।আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মাহমুদ কারও ওপর রাগ বা ক্ষোভ প্রকাশ করছেন না। কাজের সুযোগ না পাওয়াই তাঁর কাছে প্রধান কারণ, ‘আমি কোনো পদ আঁকড়ে ধরে থাকার জন্য চাকরি নিইনি। আমি কাজ করতে চাই। হয়তো বাস্তবতার জন্যই আমাকে জাতীয় দলে নির্দিষ্ট কোনো কাজ দেওয়া হচ্ছিল না। আমি সহকারী কোচদের সহকারীর ভূমিকা পালন করছিলাম।’চাকরিতে ইস্তফা দিলেও এক মাস নোটিশ পিরিয়ড থাকায় কালও মাঠে গিয়েছিলেন মাহমুদ। মাঠে প্রকাশ্যেই জাতীয় দলের কোচ জেমি সিডন্স তাঁর কাছে চাকরি ছাড়ার কারণ জানতে চেয়েছিলেন। জবাবে মাহমুদ রসিকতা করলেও পরে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, ‘ও আমাকে বলছিল, ‘‘তোমাকে তো দলে কাজে লাগে। থেকে যাও।” কিন্তু আমার ক্যারিয়ারের কথা ভাবতে হবে।’সেই ভাবনা থেকে নতুন কাজও ঠিক করে ফেলেছেন। আগামী প্রিমিয়ার লিগে দেশের শীর্ষস্থানীয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে কাজ করবেন মাহমুদ। আবাহনীর কর্মকর্তারা এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছেন না। তবে একটি সূত্র নিশ্চিত করেছে ক্লাবে মাহমুদের যোগ দেওয়ার ব্যাপারটি।কিন্তু জাতীয় দলে কাজ না থাকলেও ক্লাবে যেতে হবে কেন? বিসিবির চাকরিজীবী হিসেবে খালেদ মাহমুদ তো একাডেমি বা বয়সভিত্তিক দল নিয়ে কাজ করতে পারতেন! মাহমুদ বলেছেন, বিসিবি তেমন কোনো প্রস্তাব দিলেও তিনি গ্রহণ করবেন না, ‘আসলে আমার মন আর সায় দিচ্ছে না। আমি নানা কারণেই খানিকটা হতাশ ও দুঃখিত। ফলে বিসিবির চাকরি আর আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব না।’এই চালিয়ে যেতে না চাওয়ার অর্থ জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করা। বাঁধন ছেঁড়ার কষ্ট পাচ্ছেন মাহমুদ, ‘ছেলেদের আগের দিনই বলে দিয়েছি, আমি আর থাকছি না। ওদের খুব মিস করব। অসাধারণ কতগুলো ক্রিকেটার, মানুষ হিসেবেও ছেলেগুলো খুব ভালো। কিন্তু ছেড়ে যাওয়াটাই এখন বাস্তবতা।’