মাহমুদউল্লাহ-ঝড়ে প্রথম হার কুমিল্লার

৪১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে ছবিটা ছিল তামিম ইকবালের। কিন্তু শেষটায় শুধুই মাহমুদউল্লাহ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই অভিজ্ঞ ক্রিকেটারের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮১ রান তোলে মিনিস্টার ঢাকা। তাড়া করতে নেমে ১৩১ রানে অলআউট কুমিল্লা ভিক্টোরিয়ানস। ঢাকার ৫০ রানের এই জয়ে চলতি বিপিএলে প্রথম হারের মুখ দেখল কুমিল্লা ভিক্টোরিয়ানস।

বড় রান তাড়ায় কুমিল্লার দুই তারকা ব্যাটসম্যান লিটন দাস, ফাফ ডু প্লেসি কেমন করেন সেদিকে ছিল সবার আগ্রহ। কিন্তু আজ দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দলীয় ১২ রানের মাথায় লিটন-ডু প্লেসি ড্রেসিংরুমে ফিরে যান। তবে তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসানের দৃষ্টিনন্দন ব্যাটিং ম্যাচে টিকিয়ে থাকে কুমিল্লাকে। ২ উইকেট হারালেও মাহমুদুলের ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৬ রান পেয়ে যায় কুমিল্লা।

রান আউট হয়ে ফিরতে হয়েছে ফাফ ডু প্লেসিকে
ছবি: প্রথম আলো

রানের গতি কমেনি ইনিংসের মাঝের ওভারেও। পাঁচ ফিল্ডার ৩০ গজের বাইরে থাকলেও ঠিকই বাউন্ডারি খুঁজে বের করেন মাহমুদুল। এ সময় ইমরুল কায়েসকে নিয়ে মাহমুদুল ৪৪ বলে ৭০ রান যোগ করেন। ম্যাচে ফিরতে মাহমুদউল্লাহ আফগান লেগ স্পিনার কায়েস আহমেদকে বোলিংয়ে আনেন। স্পেলের প্রথম দুই ওভারে মিতব্যয়ী বোলিং করে চাপ সৃষ্টি করেন তিনি। তাতেই উপহার হিসেবে ধরা দেয় কাঙ্ক্ষিত উইকেট। ইনিংসের ১১তম ওভারে আন্দ্রে রাসেলকে মারতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন ইমরুল। একই ওভারে মাহমুদুলও বোল্ড হন। রাসেলের জোড়া আঘাতেই ঘুরে যায় ম্যাচের মোড়।

এরপর বাকি ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। দলীয় ৮৫ রানে চতুর্থ উইকেট হারানো কুমিল্লা শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে অলআউট হয়। ২.৩ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন ঢাকার পেস অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কায়েস ও ইবাদত নিয়েছেন ২টি করে উইকেট।

তবে ঢাকা জয়ের মঞ্চ গড়েছে প্রথম ইনিংসে। তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়ে যায় মাহমুদউল্লাহর দল। সিলেট সানরাইজার্সের বিপক্ষে শতকের ছন্দ ধরে রেখে আজ অর্ধশতকের পথে এগোচ্ছিলেন তিনি। কিন্তু ২ চার ও ৩ ছয়ের মারে ৪৫ রান করে থামতে হয় তামিমকে। বাঁহাতি স্পিনার তানভির ইসলামের বলে টাইমিংয়ে গড়বড় হয় তামিমের।

ঝড় তুলেছিলেন মাহমুদউল্লাহ
ছবি: প্রথম আলো

এরপর বেশি কিছু করতে পারেননি শুভাগত হোম (৮ বলে ৯), আন্দ্রে রাসেল (৭ বলে ১১) ও মোহাম্মদ নাঈমরা (৯ বলে ১০)। একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। মাত্র ৩৪ বলে ফিফটি পূরণের পর শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৪১ বলে ৭০ রান নিয়ে। করিম জানাতের করা শেষ ওভারে হাঁকান দুইটি ছক্কা। সেই ওভার থেকে আসে ২০ রান।