মাহমুদউল্লাহ, তিনে না পাঁচে?

ক্যারিয়ারের শুরু থেকেই টি-টোয়েন্টিতে ছয়-সাত নম্বরে ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ। এই জায়গায় তাঁর সাফল্য যেমন আছে, আছে ব্যর্থতাও। তিনে নেমেছিলেন একবার, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়দের সঙ্গে করা অপরাজিত ৬৪ রানের ইনিংসটি এখনো পর্যন্ত তাঁর সর্বোচ্চ। তবে সাম্প্রতিক সময়ে পাঁচ-ছয়ে নেমে দলের চাহিদা মেটাচ্ছেন দারুনভাবে। তবুও প্রশ্ন—টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের জায়গা আসলে কোনটি?
সর্বশেষ ১৬টি টি-টোয়েন্টিতে তিনি নিয়মিত নেমেছেন পাঁচ, ছয় কিংবা সাতে। এই পজিশনে নেমে ধারাবাহিক সাফল্যও পাচ্ছেন। সর্বশেষ সাত ইনিংসের পাঁচটিতেই অপরাজিত—৩৬*, ২৩*, ২২*, ৩৩*, ১০, ৪ ও ৪৯*। শেষ পর্যন্ত উইকেটে থাকায় গড় আর স্ট্রাইকরেটও বিস্ময়কর, ৮৮.৫০ ও ১৬০.৯০! এমন পরিসংখ্যানে জোরালো হচ্ছে প্রশ্নটা—ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ কেন আরও আগে নামছেন না? পাল্টা যুক্তিও আছে। পাঁচ-ছয়ে নেমেই যেহেতু সাফল্য পাচ্ছেন, এটাই নিশ্চয়ই টি-টোয়েন্টিতে তার সেরা জায়গা।
ভারতের বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কাল সাকিব আল হাসান বিষয়টি ছেড়ে দিলেন অধিনায়ক ও কোচের ওপর, ‘এটা পুরোটাই অধিনায়ক-কোচের ব্যাপার। যেটা তারা ভালো মনে করবেন তা-ই করবেন। কিছু ম্যাচে উনি পাঁচে ব্যাটিং করেছেন। সবকিছুই নির্ভর করে পরিস্থিতি ও দলের সমন্বয়ের ওপর। নির্দিষ্ট দিনে খেলোয়াড়ের কাছে কী চাওয়া হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ।’
পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ‘ছয় নম্বরে সে নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করছে। গত কয়েক ম্যাচে আমরা ওকে ওপরে খেলিয়ে দেখেছি। ভালো করতে পারেনি। আর সিদ্ধান্তটি মাহমুদউল্লাহর ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল। সে নিজেই চায় ছয় নম্বরে ব্যাট করতে।’