মাহমুদউল্লাহ সেই রিয়াদ এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক উঠতি, কিশোর ক্রিকেটারকে অটোগ্রাফ দিয়েছি। কিন্তু কারও অটোগ্রাফ খাতায় ‘তোমাকে একদিন জাতীয় দলে দেখতে চাই’ কথাটা লিখেছি, এমনটা মনে পড়ে না। না, একজনের খাতায় লিখেছিলাম। ময়মনসিংহের এক কিশোর ক্রিকেটারের খাতায়।বেশ কয়েক বছর আগের কথা। ঢাকা থেকে ময়মনসিংহের একটা টুর্নামেন্টে খেলতে গিয়েছিলাম। কোন টুর্নামেন্টে সেটি মনে নেই। মনে রাখার মতো গুরুত্বপূর্ণ কিছু ছিলও না। আমাদের বিপক্ষে কোন দল খেলেছিল, সেটাও মনে নেই। শুধু মনে আছে একজনের, বলা ভালো এক কিশোরের ব্যাটিং। এখনো চোখে লেগে আছে। এতটাই মুগ্ধ হয়েছিলাম, সেদিন ম্যাচ শেষে সেই ছেলেটি যখন তার অটোগ্রাফ খাতা আমার দিকে বাড়িয়ে ধরেছিল, লিখে দিয়েছিলাম, ‘তোমাকে একদিন জাতীয় দলে দেখতে চাই।’মাহমুদউল্লাহ রিয়াদের কি মনে আছে সেদিনের স্মৃতি? আমার মনে আছে। কেউ আবার ভেবে বসবেন না, নিজেকে পাকা জহুরি হিসেবে দাবি করার চেষ্টা করছি। তবে, সত্যি বলছি, সেদিনের কিশোর রিয়াদের মধ্যে জাতীয় দলের ভবিষ্যৎ তারকার ছায়া আমি সত্যিই দেখেছিলাম। হয়তো সেদিনের অটোগ্রাফ খাতার মন্তব্যটির মধ্যে আবেগও মিশে ছিল, কিন্তু সেই আবেগ একেবারেই যুক্তিবর্জিত ছিল না।তার পরও বলব, রিয়াদকে এত দ্রুত আমি জাতীয় দলে আবিষ্কার করব, সেটা ভাবিনি। রিয়াদের অভিষেক হয়েছে জাতীয় দল থেকে আমার অবসরের পর। বিশ্বকাপের পরপরই ওয়ানডে দল থেকে আমার বিদায়। শেষ ম্যাচটা খেলেছিলাম ২০০৭-এর মে মাসে। দুই মাস পর রিয়াদের ওয়ানডে অভিষেক। এর আগে অবশ্য ও আমাদের হাইপারফরম্যান্স ইউনিটে ছিল।ওর প্রথম ম্যাচটার কথাও মনে পড়ছে। শ্রীলঙ্কাকে সেদিন আমরা ১৯৬ রানে অলআউট করে দিয়েছিলাম। ম্যাচটা ৪০ ওভারের ছিল বলে লক্ষ্যটা কিন্তু সহজ ছিল না। সেটি আরও কঠিন হয়ে যায় আমাদের টপ-মিডল-অর্ডারের ব্যর্থতায়। রিয়াদ যখন ব্যাট হাতে নামে, ৬৯ রানে বাংলাদেশের ৫ উইকেট নেই!মাত্র ২১ বছর বয়সে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ওই পরিস্থিতিতে একজন ব্যাটসম্যান কী চাপ নিয়ে ব্যাটিং করতে নেমেছিল, সেটা একটু অনুমান করে নিন। এরপর ভেবে দেখুন, সেই ছেলেটি, ৫৪ বলে ৩৬ রানের একটা ইনিংস খেলল। সবচেয়ে লক্ষণীয়, যে ইনিংসে বাউন্ডারি মাত্র একটি। বাকি রানগুলো এল শুধু এক-দুই থেকে।প্রথম ম্যাচে রিয়াদ আমাদের দুটি বার্তা দিয়েছিল। এক, কঠিন পরিস্থিতিতে ও মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির দাবি মেনে খেলতে পারে। দুই, ফিল্ডিংয়ের ফাঁক গলে নিয়মিত সিঙ্গেল বের করার ক্ষমতা আছে ওর। যে ক্ষমতা আসলে মিডল-অর্ডার ব্যাটসম্যানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দক্ষতা। কোনো কোনো ক্ষেত্রে আমি তো বলব, চার-ছয় মারার চেয়েও এটি বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি লম্বা ইনিংস খেলতে চান।৬১ ওয়ানডের ক্যারিয়ারে ও সবচেয়ে বেশি ব্যাট করেছে সাত নম্বরে। আমি অবশ্য শুরুতে ভেবেছিলাম, ওকে টপ-অর্ডারে খেলানো হবে। তবে ও অবশ্য অলরাউন্ডার হিসেবে দলে থাকছে। ব্যাটিংয়ের পাশাপাশি ওর অফ স্পিন আমাদের বাঁহাতি স্পিননির্ভর আক্রমণে বৈচিত্র্য আনবে বিশ্বকাপে। যদিও বোলার রিয়াদের ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার আমরা ঠিকমতো করতে পারছি কি না, সেটিও একটি প্রশ্ন।আমাদের বিশ্বকাপ দল দেখে যেটা অনুমান করতে পারছি, ওকে কিন্তু প্রায়ই ৫-৬ ওভার করে বোলিং করতে হতে পারে। নাঈমকেও তা-ই। সব দলই অনিয়মিত বোলারদের ওপর চড়াও হতে চায়। নাঈম আর রিয়াদকেও টার্গেট করা হবে। এটার সুবিধা-অসুবিধা দুটোই আছে। হয় আপনি রান দেবেন কিংবা ব্রেক থ্রু এনে দেবেন। আমার আশা, রিয়াদের ক্ষেত্রে দ্বিতীয়টাই হবে।রিয়াদ এমন প্রকৃতির খেলোয়াড়, যে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো না-কোনোটায় দলের জন্য অবদান রাখতে পারে। সবচেয়ে বড় কথা, ও খুবই বুদ্ধিমান। নিজের শক্তি-দুর্বলতার জায়গাগুলো ভালো জানে। খুব বেশি টার্ন নেই বলে জায়গামতো বল ফেলাই ওর মূল অস্ত্র। তাই ওকে ব্যবহারও করতে হবে খুবই হিসাব করে। আক্রমণেও আনতে হবে হিসাব করে। প্রতিপক্ষ যখন কোণঠাসা, সেই অবস্থায়। এমন অবস্থায় ওকে বোলিং করাতে হবে, যখন অন্যপাশে মূল বোলারদের কেউ ভালো করছে।রিয়াদের সঙ্গে খেলার সৌভাগ্য আমার হয়নি। কাছ থেকে দেখার অভিজ্ঞতাটাও তাই সামান্য। তবে ওকে যতটুকু দেখেছি, তাতে মানসিকভাবে ওকে খুবই দৃঢ় মনে হয়েছে। আমাদের ব্যাটিং পাওয়ার প্লের অন্যতম অস্ত্র হতে পারে ও। পরিস্থিতি বুঝে রিয়াদকে আরেকটু ঝুঁকি নিতে বলব আমি।কে জানে, রিয়াদ বিশ্বকাপে আমাদের অন্যতম তারকাও হতে পারে। কে জানে, একদিন ওর কাছেও ছুটে যাবে কোনো এক কিশোর। বাড়িয়ে দেবে অটোগ্রাফ খাতা...।