মাহমুদউল্লাহ-সোহাগকে নিয়ে প্রশ্ন

ঘাড়ের অবস্থা কী?
তামিম ইকবাল: কাল (আজ) সকালে একাদশ দেখলেই বুঝবেন কী অবস্থা (হাসি)
পায়ের কী অবস্থা এখন?
মাশরাফি বিন মুর্তজা: পরশু (১৭ ফেব্রুয়ারি) রাতে সিরিঞ্জ দিয়ে অনেক ফ্লুইড বের করেছি হাঁটু থেকে। এখন কিছুটা ভালো, ব্যথাও কমেছে। বোলিং করতে যাচ্ছি। দেখি কী অবস্থা।

তামিম ইকবাল আর মাশরাফি বিন মুর্তজার সঙ্গে এই প্রতিবেদকের এই কথোপকথন কাল শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন চলাকালে। ঘাড় অসাড় হয়ে থাকা তামিম অনুশীলন করেননি একটুও। নেক বেল্ট পরে সারাক্ষণ সোজা হয়ে হাঁটা বাঁহাতি এই ওপেনার আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন কি না, সেটি নিশ্চিত করে বলা যায়নি সন্ধ্যা পর্যন্তও। মাশরাফি অবশ্য পরে ঠিকমতো বোলিং করতে পেরেছেন। প্রধান নির্বাচক ফারুক আহমেদের দেওয়া আভাস অনুযায়ী, আজকের ম্যাচের জন্য বিবেচনায় আছেন তিনি।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড ১৫ জনের। কিন্তু এই ১৫ জনের মধ্যে চোটাঘাতে পড়া মাশরাফি-তামিমকে বাদ দিয়েও অন্তত তিনজন ক্রিকেটার আছেন যাঁদের একাদশে জায়গা নিয়ে একটু হলেও প্রশ্ন উঠে গেছে। মাহমুদউল্লাহ, নাসির হোসেন বা সোহাগ গাজীর সামর্থ্য নিয়ে কারোরই সংশয় নেই। কিন্তু ফর্মে না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের একাদশ নির্বাচনের সিদ্ধান্তকে দীর্ঘায়িত করে দিচ্ছেন তাঁরা।
মাহমুদউল্লার সর্বশেষ চারটি ওয়ানডে ইনিংস ২৯, ২১, ১৬ ও ০ রানের। বল হাতেও সাম্প্রতিক সাফল্য তেমন নেই। একই অবস্থা সোহাগ গাজীরও। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেট পেলেও বাকি দুই ম্যাচে পেয়েছেন একটি করে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ২২ রানে মাত্র ১ উইকেট। সর্বশেষ চার ওয়ানডেতে রানও নেই ব্যাটে—৬, ২৬, ১১* ও ৬। ব্যাটিং-বোলিংয়ের বাইরে ফিল্ডিং আর শরীরী ভাষা দেখেও পরিষ্কার, নিজেদের খুঁজে ফিরছেন তাঁরা। উত্থান-পতনের মধ্যে আছেন নাসির হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অপরাজিত ৪৪ রান করলেও প্রথম দুই ম্যাচে করেছিলেন ১ ও ৩। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে করেছেন ৮।
বাংলাদেশ দলের মিডল-লোয়ার-মিডল অর্ডারে একটা শূন্যতা তৈরি করেছে এই তিনজনের একসঙ্গে ফর্মে না-থাকা। প্রধান নির্বাচক ফারুক আহমেদ অবশ্য এই দলে ফেলছেন না নাসিরকে, ‘আমি মনে করি নাসিরকে নিয়ে এখনই হতাশ হওয়ার কিছু নেই। ও যেকোনো সময় ভালো একটা ইনিংস খেলে দেবে বলে আমার বিশ্বাস।’ তবে বাকি দুজনের ক্ষেত্রে তিনিও একমত, ‘এটা ঠিক মাহমুদউল্লাহ ও সোহাগ একই সময়ে ফর্ম হারিয়ে ফেলেছে। বেশ কিছুদিন ধরে সোহাগের বোলিং শুরুর মতো হচ্ছে না। মাহমুদউল্লার কাছ থেকেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। একই ধরনের দুজন ক্রিকেটার একসঙ্গে ফর্ম হারিয়ে ফেললে দল গঠন করা একটু কঠিন হয়ে যায়।’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই সমস্যার সমাধান এনে দিতে পারেন নাঈম ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৮৪, ১৬ আর ৬৩ রান করা নাঈমের প্রতি কাল নেটে কোচদের মনোযোগই বলে দিচ্ছিল আজ সম্ভবত প্রথম একাদশে দেখা যাবে তাঁকে।
কিন্তু কার পরিবর্তে—সোহাগ না মাহমুদউল্লাহ? প্রধান নির্বাচক প্রসঙ্গটা এড়িয়ে গেলেও ফর্ম হারানোদের মনে করিয়ে দিতে চাইলেন তাঁদের দায়িত্বের কথা, ‘খেলোয়াড়দের বোঝা উচিত কার কোথায় সমস্যা। ফর্ম নিয়ে না ভেবে যেটা করলে সমস্যা কাটিয়ে ওঠা যাবে সেটাই করা উচিত। বাজে ফর্ম সবারই যায়। সেটা কাটিয়ে উঠতে পারাই ভালো খেলোয়াড়ের লক্ষণ।’ মাহমুদউল্লাহ-সোহাগ এখনো সেই লক্ষণটা দেখাতে পারেননি বলেই মনে করেন প্রধান নির্বাচক। এই খারাপ সময় যত লম্বা হবে, ততই তাঁরা হারিয়ে যেতে থাকবেন দৃশ্যপট থেকে। নির্বাচকদের দিক থেকে তাই বিপৎসংকেতও দেওয়া শুরু হয়েছে। ‘আশা করি, তারা ফর্মে ফিরবে। আমরা কিন্তু এর মধ্যেই সোহাগকে একটা ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ) ফর্মের কারণে ড্রপ দিয়েছি...’—ফারুক আহমেদের ভাষাটা নিশ্চয়ই বুঝতে পারছেন মাহমুদউল্লাহ-সোহাগ।
এ দুজনকে নিয়ে প্রধান নির্বাচক যতটা হতাশ, ততটা নন চোটাঘাতে ভোগা মাশরাফি-তামিকে নিয়ে। এক ম্যাচ বিশ্রামে থাকার পর মাশরাফি তো আজ সম্ভবত খেলছেনই। কিন্তু তামিম? ঘাড়ের সমস্যার কারণে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই তাঁর মধ্যে আছি আছি, নেই নেই ভাব!
টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচই খেলে ফেললেও প্রথম ওয়ানডের একাদশে ছিলেন না। অনিশ্চিত আজও। ফারুক আহমেদের বিবেচনায়
তার পরও তামিম আছেন, কারণ ‘তামিম ম্যাচ উইনার। খেললে ওর ভালো খেলার সম্ভাবনাই বেশি। কাজেই ওর জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব।’
সেই অপেক্ষার ফলের ওপরও নির্ভর করছে কী হবে আজকের ম্যাচের একাদশ।