মাহমুদউল্লাহর ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যাপনে আলাদা কিছু ছিল না। আর দশটা উইকেট উদ্যাপনের মতোই। মাঠের বাইরে থেকে সতীর্থরা চিত্কার করে বললেন, ‘রিয়াদ, হ্যাটট্রিক হয়েছে, হ্যাটট্রিক...।’ শুনে স্রেফ মৃদু হাসি খেলে গেল মাহমুদউল্লাহর ঠোঁটে।

খানিকটা ভুল হয়েছে সতীর্থদেরও। হ্যাটট্রিক হয়ে গেছে আসলে তাইজুলকে আউট করা আগের বলেই। আর মুক্তারকে বোল্ড করা ওই উইকেটে ডাবল হ্যাটট্রিক হয়েছে মাহমুদউল্লাহর। মানে টানা চার বলে ৪ উইকেট!

মাহমুদউল্লাহর না জানা বা ভুলে যাওয়ার কারণ আছে যথেষ্টই। চার উইকেটের প্রথম দুটি যে নিয়েছিলেন আগের দিন! উত্তরাঞ্চলের প্রথম ইনিংসের শেষ দুই উইকেট নিয়েছিলেন টানা দুই বলে। কাল দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েই প্রথম দুই বলে উইকেট।

খবরের শিরোনাম হতে পারতেন স্রেফ এটুকুতেই। তবে কীর্তির বিশেষত্ব শেষ নয় ওখানেই। এই উত্তরাঞ্চলের দুই ইনিংসের মাঝে নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলের অধিনায়ক করেছেন অপরাজিত ১০৫। সেঞ্চুরির পাশাপাশি টানা চার বলে উইকেট—প্রথম শ্রেণীর ক্রিকেটের আড়াই শ বছরের ইতিহাসে এই কীর্তি আছে আর মাত্র একটিই। ১৯৯৬ সালে সফরকারী ভারতের বিপক্ষে করেছিলেন হ্যাম্পশায়ারের কেভান জেমস।

জেমসের কীর্তি অবশ্য তিন ইনিংস ছড়িয়ে ছিল না। ম্যাচের প্রথম দিনেই টানা চার বলে আউট করেছিলেন বিক্রম রাঠোর, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সঞ্জয় মাঞ্জরেকারকে। পরের দিন চার নম্বরে নেমে করেছিলেন ১০৩। কাউন্টিতে ধারাবাহিক পারফরমার হলেও কখনো ইংল্যান্ড জাতীয় দলের ধারেকাছে আসতে পারেননি বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার। স্মরণীয় হয়ে আছেন প্রথম শ্রেণীর ইতিহাসে অনন্য ওই কীর্তিতেই। এবার পেলেন একজন সঙ্গী।

টানা চার বলে ৪ উইকেট ও সেঞ্চুরির মাত্র দ্বিতীয় কীর্তি, তবে হ্যাটট্রিক ও সেঞ্চুরির কীর্তিও কিন্তু খুব বেশি নেই। মাহমুদউল্লাহর কীর্তি মাত্র ১৫তম। একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরির রেকর্ডটি অবশ্য গত দুই বছরে দুবার বেশ আলোচিত হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। সৌজন্য সোহাগ গাজী। বাংলাদেশের ক্রিকেটে সোহাগ প্রথম আলোচিত হলেন এই কীর্তি গড়েই। ২০১২ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেছিলেন খুলনার বিপক্ষে। গত বছর একই কীর্তির পুনরাবৃত্তি করলেন আরও বড় মঞ্চে, কীর্তির বিশালত্ব আকাশ ছুঁয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভাবনীয় এক সেঞ্চুরির পর হ্যাটট্রিকও করে বসলেন এই অফস্পিনার। টেস্ট ক্রিকেটে সেটি প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দৃষ্টান্ত।

প্রথম শ্রেণীর ক্রিকেটে একই ম্যাচে যে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করা যায়, প্রথম দেখিয়েছিলেন জর্জ গিফেন। ১৮৮৪ সালে ইংল্যান্ড সফরে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ১১৩ রান করার পর বল হাতে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। সোহাগের আগে সর্বশেষ করেছিলেন কিউই অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন, ২০০৯ ইংলিশ কাউন্টিতে গ্লস্টারশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে। সোহাগ ছাড়া দুবার এই কীর্তি আছে আর একজনের—দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি মাইক প্রোক্টর।

কীর্তির বিশালত্বের পাশাপাশি মাহমুদউল্লাহর এই পারফরম্যান্স বিস্ময়কর আরেকটি কারণে। ব্যাট হাতে যে একদমই ফর্মে ছিলেন না অনেক দিন! ২০১০ সালে নিউজিল্যান্ডে করা টেস্ট সেঞ্চুরিটিই কালকের আগে ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর সর্বশেষ সেঞ্চুরি। ভুলে যাওয়া সেই স্বাদ আবার পেলেন, সঙ্গে ইতিহাস গড়ার অনির্বচনীয় অনুভূতি!