মাহমুদউল্লাহর একলা লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদউল্লাহ যখন ব্যাট হাতে উইকেটের দিকে হেটে যাচ্ছেন, তখন বাংলাদেশের ভয়াবহ অবস্থা, ১৩ রানে নেই ৫ উইকেট। এমন একটি পরিস্থিতিতে একজন ব্যাটসম্যানের কাছে কীইবা প্রত্যাশা থাকতে পারে! দলের বিপর্যয়কর পরিস্থিত সামাল দেওয়া? স্কোর বোর্ডকে সচল রাখা; নাকি জুটি তৈরি করে দলকে অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মাহমুদউল্লাহ যখন মাঠে নামলেন, তখন তাঁর কাছে প্রত্যাশা ছিল সবকিছুরই। সবচেয়ে বড় প্রত্যাশা ছিল বড় ধরনের কোনো লজ্জা থেকে দলকে রক্ষা করা।মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেধে মাহমুদউল্লাহ সেই প্রত্যাশা মেটালেন। শুধু মেটালেনই না. একটি অর্ধশত রানের ইনিংস খেলে আক্ষেপও জাগিয়ে তুললেন সকলের মনে। আরেকজন যদি মাহমুদউল্লাহর মতো খেলতে পারতেন! মুশফিক আশা জাগিয়েছিলেন। ১৩ রানে ৫ উইকেট থেকে দলকে নিয়ে গিয়েছিলেন ৮৫ রানে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের কোনো কিছু ‘শেষ করে আসতে না পারা’র পুরোনো রোগ থেকে বেরিয়ে আসতে না পেরে সেই আশার পূর্ণতা দিতে পারলেন না। অথচ, মুশফিক যদি অন্তত নিজের ফিফটিটা করে আসতে পারতেন, তাহলে পুরো পরিস্থিতিই হয়ত অন্যরকম হতে পারত।মাহমুদউল্লাহ কিন্তু শেষ পর্যন্ত ‘শেষ সৈনিক’ হয়ে লড়ে গেছেন। ৫৬ রানে অপরাজিত থেকে বাকি ব্যাটসম্যানদের দেখিয়েছেন, যে এই উইকেটেও ভালো খেলা সম্ভব ছিল। তোমরা পারনি, আমি পেরেছি।শিশিরের মধ্যে টস জিতলেই অর্ধেক ম্যাচ জেতা হয়ে যায়—এই ধারনায় প্রচণ্ডভাবেই মেতে ছিল বাংলাদেশ শিবির। শিশিরের কারণে নিজেদের স্পিনারদের বল করতে অসুবিধা হয়, এই চিন্তা করতে করতে হয়ত প্রতিপক্ষের পেসার বিশেষ করে কেমার রোচকে নিয়ে চিন্তা-ভাবনা করতে ভুল হয়ে যেতে পারে বাংলাদেশের। এই উইকেটে সন্ধ্যার শিশিরেও যে কেমার রোচের বল গ্রিপ করতে কোনো সমস্যা হয় না, উল্টো তিনি সন্ধ্যার শিশির সিক্ততার মাঝেও ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটাই আজ তিনি দেখিয়ে দিলেন।উইকেটে বল খেলতে অসুবিধা হচ্ছে, সুইং হচ্ছে, ইত্যাদি জুজু মাথায় ঢুকে গেলেই বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন যেন দোনো মনো হয়ে যান। উল্টো-পাল্টা শট খেলতে শুরু করেন। বোলারদের বিপক্ষে পাল্টা আক্রমণের কোনো রসদ খুঁজে পান না। কিন্তু এমন পরিস্থিতিতেও গত ওয়ানডেতে ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস যেমন মাথা ঠাণ্ডা করে খেলে দলকে জিতিয়ে নিয়ে ফিরেছিলেন, আজও মাহমুদউল্লাহ ঠিক তেমনই এক ইনিংস খেললেন। পার্থক্য কেবল, স্যামুয়েলসের কয়েকজন সঙ্গী ছিল। যাঁরা ছোট ছোট অথচ কার্যকর ইনিংস খেলে স্যামুয়েলসকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন; মাহমুদউল্লাহ আজ কোনো যোগ্য সঙ্গী পাননি। সঙ্গীহীন মাহমুদউল্লাহর একক লড়াই আজ বাংলাদেশের ব্যাটিংয়ের করুণ গল্প হয়েই যেন রইল।