মাহমুদউল্লাহর প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোফা থেকে উঠে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলেন, বলটা চার হলো কি না। স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল সেই ছবি, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল মুখ। দর্শক করতালি আরও জোরালো হয়ে অভিনন্দন জানাল মাহমুদউল্লাহর আরেকটি বাউন্ডারিকে।শুধু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা ওই বাউন্ডারিই নয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাই যেন পাদপ্রদীপের আলোয় নিয়ে এল মাহমুদউল্লাহকে। টেস্টে ব্যাট হাতে দুই ফিফটির পর ওয়ানডেতেও পিঠাপিঠি ফিফটি। টানা তৃতীয় ফিফটিটা কাল দুই রানের জন্য না হলেও ম্যাচের চৌম্বক অংশের তালিকায় তাঁর ৪৫ বলে ৪৮ রান উল্লেখযোগ্য হয়েই থাকবে। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তাই মাহমুদউল্লাহর হাতেই।অথচ মাহমুদউল্লাহর জন্য এতটা আনন্দময় না-ও হতে পারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। হয়তো তিনি টেস্ট দলে সুযোগই পেতেন না। ওয়ানডেতে খেললেও টেস্ট-সাফল্যজাত আত্মবিশ্বাস তো নিয়ে আসা হতো না তখন! কে জানে, ওয়ানডে সিরিজটাও হয়তো হতো না এত বর্ণময়। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ফিফটির পর কালও যে মুশফিকের সঙ্গে চোখ আটকে থাকার মতো ব্যাট করছিলেন, ‘মিস’ হয়ে যেতে পারত সেটাও। বিশ্বাস করুন আর না-ই করুন, এতগুলো ‘না’ হওয়ার সম্ভাবনাকে অদৃশ্যে হারিয়ে দিল কিন্তু বৃষ্টি!সময়টা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচনের আগের। নির্বাচকেরা বিচার-বিশ্লেষণ করে দেখলেন, টেস্ট-ওয়ানডে কোনোটাতেই মাহমুদউল্লাহর সাম্প্রতিক অতীত সুখকর নয়। সর্বশেষ ১১টি টেস্ট ইনিংসে ফিফটি নেই একটিও। ওয়ানডেতেও শেষ নয় ম্যাচে সর্বোচ্চ রান মাত্র ৩৫। মাহমুদউল্লাহ তো আর ক্রিস গেইল নন যে, একটার পর একটা ম্যাচে ব্যর্থ হয়েও থেকে যাবেন দলে। তবে ক্রিস গেইল না হলেও সহ-অধিনায়ক তো! সে সুবাদেই পেয়ে গেলেন শেষ ‘লাইফ লাইন’। ঠিক হলো, সিরিজ শুরুর আগে বিকেএসপির তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ খেলবেন। ভালো খেললে থাকবেন টেস্টের দলে। নইলে বাদ। বৃষ্টির ‘কৃতিত্ব’ ওখানেই। মাহমুদউল্লাহর লিটমাস পরীক্ষার সেই তিন দিনের ম্যাচটা বৃষ্টিতে হলোই না। সহ-অধিনায়ক এমনিতেই থেকে গেলেন দলে।টেস্ট পরীক্ষা দিয়ে না এলেও মাহমুদউল্লাহ আসল পরীক্ষা দিলেন সিরিজের বড় মঞ্চে এবং তাতে খুব ভালোভাবে পাসও করে গেলেন। সর্বশেষ উদাহরণটা দেখা গেল কাল। ৩০ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর যখন সিরিজ জয়ের হাতছানি আরেকবার দূরে সরে যাচ্ছিল, অধিনায়ক মুশফিকের সঙ্গে সম্ভাবনা বাঁচিয়ে রাখা ৯১ রানের জুটি গড়লেন, নিজে করলেন ৪৮। হ্যাটট্রিক ফিফটিটা অল্পের জন্য না পেলেও দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের ফিফটি আর টেস্টের পারফরম্যান্স আগেই জানিয়ে দিয়েছে, মাহমুদউল্লাহ খারাপ সময়টা পেছনে ফেলতে শুরু করেছেন। আর ভালো সময় এলে তো সব দিক দিয়েই আসে। ব্যাটিংয়ের মতো যেমন সাফল্যের মুখ দেখলেন অফ স্পিনেও। কালকের দুটিসহ পাঁচ ওয়ানডের সিরিজে উইকেট পেয়েছেন আটটি।৬২, ২৯, ৭৬ আর ২—ফিরে আসার গান শুনিয়েছেন টেস্ট সিরিজেও। খুলনা টেস্টের প্রথম ইনিংসে শুধু ৭৬ রানই করেননি, আবুল হাসানের সঙ্গে নবম উইকেটে জুটি গড়েছেন ১৮৪ রানের। নবম উইকেটে বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ জুটি এটাই। আর হাসান তো তখনই বলেছিলেন, অভিষেকেই সেঞ্চুরির গৌরবে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহর ছিল অদৃশ্য ভূমিকা।সেই মাহমুদউল্লাহ, যাঁর হয়তো এই সিরিজটাই খেলা হতো না। সেই মাহমুদউল্লাহ, নিজেকে যিনি ফিরে পেলেন বৃষ্টির আশীর্বাদে। সেই মাহমুদউল্লাহ, সিরিজ জয়ের গ্যাংনাম-উৎসবে যিনি হলেন মধ্যমণি।