মাহমুদউল্লাহর ভেতর-বাহির

যেন ভূত দেখছেন, এমনভাবে চমকে উঠলেন মাহমুদউল্লাহ। চমকে উঠলেন হঠাৎই মুশফিকুর রহিমকে সংবাদ সম্মেলনে হাজির হতে দেখে। এরপর স্মিত হাসি, তবে সেটা পরাজয়ের।৮ মে জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ হারার পর ড্রেসিংরুমে ফিরেই পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন মুশফিক। সংবাদ সম্মেলনে তাঁকে আসতে না দিয়ে বুঝিয়ে-সুজিয়ে এসেছেন মাহমুদউল্লাহ, ‘পদত্যাগের ঘোষণা দেওয়া যাবে না। তুই থাক। আমি প্রেস কনফারেন্সে যাচ্ছি।’ কিন্তু মুশফিক অনুরোধ না রেখে ঠিকই এসে বোমা ফাটালেন। মুহূর্তের মধ্যে সংবাদ সম্মেলনের মূল চরিত্র থেকে পার্শ্বচরিত্র হয়ে গেলেন মাহমুদউল্লাহ।সেই ঘটনা এখন অতীত। মুশফিক আবারও অধিনায়ক। সেদিন মুশফিকের পাশে অসহায় বসে থাকা মাহমুদউল্লাহ আবারও সহ-অধিনায়ক। আবারও পার্শ্বচরিত্রেই।জীবনটাই বুঝি তাঁর এমন! সব সময় থাকবেন পার্শ্বচরিত্র হয়ে। নইলে মন ভোলানো খেলা মাহমুদউল্লাহও তো খেলেছেন মাঝেমধ্যে। কখনো কখনো তাঁকেও তো মনে হয়েছে নির্ভরতার প্রতীক। তবু ক্যারিয়ারের ছয় বসন্ত পার করে দেওয়া মাহমুদউল্লাহ আজও দলের একজন সদস্য মাত্র। তাঁর কথা আলাদা করে আসে কেবল সহ-অধিনায়ক বলে।জিম্বাবুয়ে সফরে সেই সহ-অধিনায়কত্বও পড়ে গেল প্রশ্নের মধ্যে। প্রথম টেস্টে ব্যর্থ হয়ে দ্বিতীয় টেস্টে দল থেকেই বাদ। নেতৃত্বের অংশ হয়েও দল থেকে বাদ পড়ার মজাটা কেমন? মজাই বোধ হয়, নইলে উত্তর দেওয়ার সময় মাহমুদউল্লাহ হাসবেন কেন! ‘আগের তিনটা টেস্টে ভালো খেলিনি। আপনি সহ-অধিনায়কই হোন বা যে-ই হোন, দলের কথা চিন্তা করতেই হবে। টিম কামস ফার্স্ট।’ শুনে অবাক হবেন, সিরিজের প্রথম টেস্টেও নাকি নিজের জায়গা ছেড়ে দিতে চেয়েছিলেন মমিনুলকে, ‘শ্রীলঙ্কায় চার নম্বরে সৌরভ (মমিনুল) খুব ভালো পারফর্ম করেছে। আমার মনে হয়েছিল, সৌরভেরই সুযোগ পাওয়া উচিত চার নম্বরে। আমি মুশফিককে বললাম সৌরভকে নিতে। কিন্তু ও বলল, আমি আপনাকেই চাই।’এটা দলের ভেতরের খবর। নইলে খারাপ সময়ে যে মাথা উঁচু করে সরে দাঁড়ানোর মতো সাহসী তিনি, সেটা মাহমুদউল্লাহকে দেখলে কে বোঝে! মাহমুদউল্লাহ চরিত্র যেন লজ্জাবতীগাছ। এমনিতেই থাকেন গুটিয়ে, নাড়া দিলে আরও সংকুচিত। কথায়, আবেগে নিজেকে প্রকাশ করতে কেমন যেন দ্বিধা। ভালো একটা ইনিংসেও বিনম্র ব্যাটিং, উদ্যাপনে থাকে না আতিশয্য। মাহমুদউল্লাহর ভাষায় (হাসতে হাসতে), ‘আমি কখনো মাথা উঁচু করে খেলি না। সব সময় মাথা নিচু করে খেলি।’ ব্যাটের ভাষা ছাড়া পৃথিবীতে আর কোনো ভাষা নেই তাঁর কাছে। ব্যাট হাসছে তো মাহমুদউল্লাহ হাসছেন, ব্যাট কাঁদছে তো মাহমুদউল্লাহ কাঁদছেন।চরিত্রের এই দিকটা মানতে আপত্তি নেই মাহমুদউল্লাহরও, ‘আমি নিজের মধ্যে থাকতে পছন্দ করি। পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে ছাড়া ওভাবে খোলামেলা হই না। ফর্ম খারাপ গেলে তো আরও সংকুচিত হয়ে যাই।’ আত্মস্বীকৃতি কিংবা আত্মসমালোচনা, মাহমুদউল্লাহ বলে গেলেন, ‘পারফর্ম করি আর না-করি, আমি সব সময়ই এ রকম। বন্ধুবান্ধব, পরিবার বা নিজস্ব জগতের বাইরে আগ্রহ কম। নিজের জগৎটা খুব উপভোগ করি। খেলোয়াড়দের মধ্যে যারা খুব কাছের, তারা ভালো বলতে পারবেন আমি কেমন ধরনের ছেলে।’তা কেমন ধরনের ছেলে মাহমুদউল্লাহ? সতীর্থরা কেউ বলেন খুব ভালো, কেউ বলেন লাজুক, কারও বা মত, মাহমুদউল্লাহ কথা বলেন কম। তবে মাহমুদউল্লাহ এত কিছুতে না গিয়ে পুরো ব্যাপারটার সারমর্ম করে দিলেন এভাবে, ‘আমি অতটা মিশতে পারি না। এটা আমার একটা দোষও বলতে পারেন। সবাই এক রকম হয় না। আমি হয়তো বা এ রকম...একটু ইনট্রোভার্ট টাইপের।’একজন মানুষ অন্তর্মুখী হতেই পারে। কিন্তু একজন সহ-অধিনায়ক! দলের মধ্যে আন্তব্যক্তিক যোগাযোগগুলো অনেক সময় অধিনায়কের চেয়ে সহ-অধিনায়ককেই বেশি করতে হয়। অধিনায়কের কাজ হালকা করতে খেলোয়াড়-থিংক ট্যাংকের যোগসূত্র হতে পারেন সহ-অধিনায়ক। সামলাতে হয় মিডিয়া। কিন্তু একজন ‘ইনট্রোভার্ট’ সহ-অধিনায়কের পক্ষে কতটা সম্ভব এসব? জিম্বাবুয়ে সফরে একটা পর্যায়ে অসম্ভবই মনে হচ্ছিল আসলে। ব্যাটে রান না থাকার চাপে মাহমুদউল্লাহ এতটাই গুটিয়ে গিয়েছিলেন যে, ফাঁকা দিনেও টিম ম্যানেজার তাঁকে সংবাদমাধ্যমের সামনে আনতে পারেননি।গত পরশু মিরপুর স্টেডিয়ামে নেওয়া সাক্ষাৎকারের সময় সেসব মনে করিয়ে দিতেই মাহমুদউল্লাহ বিব্রত। তবে স্বভাবসুলভ সলজ্জ ভঙ্গিতে হলেও প্রতিবাদী হলেন, ‘না না, আমি এ সমস্ত জিনিসও করার চেষ্টা করি। মুশফিক হয়তো অনেক সময় অন্য ব্যস্ততায় খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করতে পারে না। আমার দায়িত্ব ওর কাজ সহজ করা। দরকার হলে কারও সঙ্গে আলাদাভাবে কথা বলতেও চেষ্টা করি।’
ভালো কাজেরও প্রচার না চাওয়াটা অন্তর্মুখী মানুষের বড় গুণ। দলের ভেতর ঐক্যের যে গাঁথুনি বুনে যান মাহমুদউল্লাহ, সেটাও তাই মানুষের অদেখা। যতই নিজের জগতে আনন্দ পান, মনের মধ্যে সবার আগে দল। দলের প্রয়োজনে সহ-অধিনায়কের পদাধিকার তুচ্ছ করে ড্রেসিংরুমে বসে থাকতেও দ্বিধা নেই, ‘সহ-অধিনায়ক হয়েছি বলেই দলে থাকতে হবে ওভাবে চিন্তা করি না। আমি দলের একজন খেলোয়াড়। ভালো খেললে দলে থাকব, নয়তো থাকব না।’ সহ-অধিনায়ক হয়েও খেলতে না পারার অপমানে না হোক, আর দশজন খেলোয়াড়ের মতো বাদ পড়ার কষ্ট তাঁরও হবে। তবে সেই কষ্টকে লালন করবেন নীরবে। মাহমুদউল্লাহ যে ‘ইনট্রোভার্ট’!