মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলন থামিয়ে দিল স্কটিশ জয়োৎসব

মাহমুদউল্লাহফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনিট দশেক আগে ছক্কা মারতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়েছেন মাহমুদউল্লাহ। স্কটল্যান্ডের জয় তখনই নিশ্চিত হয়ে যায়। এরপরই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলনে আসতে হয়। সেই সংবাদ সম্মেলন আরও কঠিন হলো আরেকটি কারণে।

বাংলাদেশ দলের হারের ব্যাখ্যা যখন দিচ্ছিলেন মাহমুদউল্লাহ, তখনই স্কটিশরা জয়োৎসব করছে ড্রেসিংরুমে। সংবাদ সম্মেলনের স্থান ও ড্রেসিংরুম কাছাকাছিই। স্কটল্যান্ডের খেলোয়াড়দের উল্লাসধ্বনিতে চাপা পড়ে যাচ্ছিল মাহমুদউল্লাহর কথা। পুরো সংবাদ সম্মেলনকক্ষ কয়েক মুহূর্তের জন্য থমকে যায় সে কারণেই। ওই সময়টা চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেয়ে পার করছিলেন মাহমুদউল্লাহ। স্কটিশদের এই বিজয় উল্লাস তো মাহমুদউল্লাহর জন্য কাঁটা ঘায়ে নুনের ছিটা ।

স্কটিশদের এই বিজয় উল্লাস তো মাহমুদউল্লাহর জন্য কাঁটা ঘায়ে নুনের ছিটা
ছবি: এএফপি

ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহর কথাতেও সেই আভাস পাওয়া যাচ্ছিল। বিশেষ করে আল আমেরাতের ব্যাটিং স্বর্গে মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে এমন ভরাডুবির দায় এড়ানোর কোনো চেষ্টাই করলেন না টি-টোয়েন্টি অধিনায়ক। অন্ধকার মুখ নিয়ে তিনি বলছিলেন, ‘আমি হতাশ। এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই। বারবারই বলছি, ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।’

স্কটল্যান্ডের কাছে ধাক্কা খেয়েছে বাংলাদেশ
ছবি: এএফপি

কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে এলেন বিজয়ী অধিনায়ক কাইল কোয়েটজার। তাঁর মুখে আবার রাজ্যের আলো। স্কটল্যান্ড তাদের ইতিহাসের স্মরণীয় জয় পেল মাত্রই। আলোয় আলোকিত হওয়ার সময় তো এখন তাদেরই। তাঁকে দেখে মনে হচ্ছিল সংবাদ সম্মেলন না হলেই তিনি বাঁচেন। তাঁর সতীর্থরা যে তখনো ড্রেসিংরুমে উদ্‌যাপনে ব্যস্ত। নিজের অনুভূতি ব্যাখ্যায় মুখে চওড়া হাসি দিয়ে স্কটিশ অধিনায়ক বলছিলেন, ‘দারুণ লাগছে। এমন অর্জনের অংশ যে আমরা হতে পারি, সেই বিশ্বাস আমাদের ছিল। আজ সেটি করে দেখাতে পেরেছি।’