মাত্র ৪ রানের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরিটা হাতছাড়া হয়ে গেল, তিন অঙ্ক না ছোঁয়া পর্যন্ত অন্তত এই দুঃখটা পোড়াবে মাহমুদউল্লাহকে। তবে টেস্ট ইতিহাসে ৯৯ রানেও অপরাজিত ছিলেন পাঁচজন, এই তথ্য কিছুটা সান্ত্বনা দিতে পারে বাংলাদেশের অলরাউন্ডারকে। পাঁচজনের প্রথমজন জিওফ বয়কট, শেষজন অ্যান্ড্রু হল, আর বাকি তিনজন স্টিভ ওয়াহ, অ্যালেক্স টিউডর ও শন পোলক। তাঁদের মধ্যে অ্যালেক্স টিউডর টেস্টে তিন অঙ্কের দেখাই আর পাননি। এই পাঁচজনের চেয়েও নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন অ্যান্ডি ফ্লাওয়ার, ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারারেতে জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ১৯৯ রানে। ভাবছেন ফ্লাওয়ার তাহলে সান্ত্বনা পাবেন কাকে দেখে? সেই লোকও আছে। দুটি ট্রিপল সেঞ্চুরি করেছেন স্যার ডন ব্র্যাডম্যান, কিন্তু হতে পারত ৩টি। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই অ্যাডিলেড টেস্টে শেষ ব্যাটসম্যান রানআউট হয়ে যাওয়ায় ২৯৯ রানে অপরাজিত থেকে যান স্যার ডন।