মাহমুদউল্লাহর ৭ উইকেট, মার্শালের সেঞ্চুরি

বিকিএসপির ৩ নম্বর মাঠে বাংলাদেশে ক্রিকেট লিগের (বিসিএল) প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যাচের প্রথম দিনে পড়েছিল ১৭ উইকেট। দ্বিতীয় দিনের চিত্র ঠিক উল্টো। গোটা দিনে দুই ইনিংস মিলিয়ে পড়ল ৮ উইকেট। ৫ উইকেট ঝুলিতে পুরে দক্ষিণাঞ্চলের মেরুদণ্ড মটকানোর আসল কাজ গতকালই সেরে রেখেছিলেন মাহমুদউল্লাহ। আজ আরও দুটো নিয়ে দক্ষিণাঞ্চলের ইনিংসে যতি বসিয়ে দিলেন একটু আগেভাগেই। প্রথম ইনিংসে নিদারুণ ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ঝলক দেখালেন মধ্যাঞ্চলের মার্শাল আইয়ুব। তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি।
৭ উইকেটে ১৯৬ নিয়ে প্রথম দিন শেষ করলেও দক্ষিণাঞ্চলের ইনিংস আজ খুব বেশি দূরে এগোতে পারেনি। মাত্র ৩৪ রান যোগ করে অলআউট হয় আবদুর রাজ্জাকের দল। ৬৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেই শাহরিয়ার নাফীস ও শামসুর রহমানের দারুণ সূচনা। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। নাফীস ফিরলেও প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি হাঁকানো শামসুর আবারও দাঁড়িয়ে গেলেন। তবে শতক-স্বপ্ন আজ অপূর্ণ রয়ে গেল। তাইবুরের শিকার হওয়ার আগে তাঁর সংগ্রহ ৬৫। শামসুরের সেঞ্চুরি না হলেও কুয়াশার চাদর ভেদ করে সূর্য ওঠার মতোই হেসে উঠল মার্শালের ব্যাট। দক্ষিণাঞ্চলের কোন বোলারই মার্শালের টিকিটি ছুঁতে পারেনি। অপরাজিত রয়েছেন ১২২ রানে। দিনের শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৩১৮, এগিয়ে ২৫৩ রানে। রান উঠেছে ওভার প্রতি ৪.৪৮।
বিকিএসপির ২ নম্বর মাঠে অনুষ্ঠিত পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচে অবশ্য আজও বোলারদের দাপট অব্যাহত ছিল। এক দিনেই দেখা মিলল তিনটি ইনিংসের! প্রথম দিনে ৮ উইকেটে ২৬১ রান তোলার পর মোটে ৯ রান যোগ করতে পেরেছে তামিমের দল। তবে গত দিনের নায়ক তাইজুল আজ আর সংগ্রহ বাড়িয়ে নিতে পারেননি। গতকালের ৭ উইকেটই সন্তুষ্ট থাকতে হয়েছে বাঁ-হাতি স্পিনারকে।
উত্তরাঞ্চলের প্রথম ইনিংসটিও অবশ্য খুব বড় হলো না। নাবিল সামাদের ঘূর্ণিতে দিশেহারা মুশফিকের দল। ৯৯ রানেই প্রথম ছয় উইকেট ‘নেই’ হয়ে যায় উত্তরাঞ্চলের। এরপর হাল ধরেন ফরহাদ রেজা ও সোহরাওয়ার্দী শুভ। দুজনের সপ্তম উইকেটে তোলা ৮৬ রান বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করে উত্তরাঞ্চল। গত ম্যাচের সেঞ্চুরিয়ান ফরহাদের সংগ্রহ ৭২, শুভ অপরাজিত থাকেন ৬৭ রানে। ২২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৯ রান তুলতেই পূর্বাঞ্চল খুইয়েছে ৩ উইকেট। সবমিলিয়ে ১০১ রানে এগিয়ে তামিমের দল।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল
মধ্যাঞ্চল: ১৬৫/১০ ও ৭১ ওভারে ৩১৮/৫ (মার্শাল আইয়ুব ১২২* ও শামসুর রহমান ৬৫; তাইবুর ৩/৩৪)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ২৩০/১০ (মিঠুন ৮৮; মাহমুদউল্লাহ ৭/৯৪)
পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল
পূর্বাঞ্চল: ২৭০/১০ ও ২১ ওভারে ৭৯/৩ (তামিম ৮, নাফিস ৩৭, মুমিনুল ২৪, রাজিন ৯*; ফরহাদ রেজা ১/২৮, তাইজুল ১/১৯, শুভাশিস ১/ ২২)
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৪৮ (ফরহাদ ৭২, সোহরাওয়ার্দী ৬৭*; নাবিল ৬/৬৯)।