মাহমুদউল্লাহরও একই সুর
জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা কত কিছুই না ঘটাল বাংলাদেশের ক্রিকেটে! মাঠ আর মাঠের বাইরের ঘটনা নিয়ে হেড অব ডেলিগেশনের আগুনগরম রিপোর্ট এবং সেটির ভিত্তিতে সরিয়ে দেওয়া হলো অধিনায়ক-সহ অধিনায়ককে! কিন্তু হেড অব ডেলিগেশন শফিকুর রহমানের দুর্ভাগ্য—দলের খেলোয়াড়দের কাছ থেকে এখন পর্যন্ত নিজের রিপোর্টের পক্ষে কোনো সমর্থন পেলেন না তিনি!আগের দিন সাকিবের সম্ভাব্য উত্তরসূরিদের একজন মুশফিকুর রহিম বলেছেন, ব্যর্থতার কারণ সম্পূর্ণই ক্রিকেটীয়। মাঠের বাইরে এমন কিছু ঘটেনি, যেটির প্রভাব দলের ওপর পড়েছে। কাল আরেক সম্ভাব্য অধিনায়ক মাহমুদউল্লাহও বললেন, ব্যর্থতার কারণ কেবলই বাজে ক্রিকেট।‘ব্যর্থতার কারণ, আমরা বাজে ক্রিকেট খেলেছি। এ ছাড়া মনে হয় না আর কোনো কারণ আছে। দল হিসেবে ভালো খেলতে পারিনি। যার যে দায়িত্ব ছিল, সেভাবে পারফরম করতে পারিনি’—একাডেমি মাঠে ‘এ’ দলের অনুশীলন শেষে বলেছেন মাহমুদউল্লাহ। মাঠের বাইরের ঘটনাবলি দলের ওপর কোনো প্রভাব ফেলেনি বলেই বিশ্বাস তাঁর। জিম্বাবুয়েতে পুরো দল সুশৃঙ্খল ছিল বলেই তিনি দাবি করেছেন, ‘আমার মনে হয় না খেলোয়াড়দের ওপর ওসব জিনিস প্রভাব ফেলেছে। আমরা দল হিসেবে খুব সুশৃঙ্খল ছিলাম। কোনো বিশৃঙ্খল কাজ করিনি। মাঠে ভালো খেলিনি বলেই সিরিজ হেরেছি।’ঢাকায় ফিরে কোচ স্টুয়ার্ট ল সাকিবের অধিনায়কত্বের প্রশংসা করেছেন। এরপর যখন দলের সতীর্থরাও সাকিবের পক্ষে কথা বলছেন, হেড অব ডেলিগেশনের রিপোর্টের ভিত্তিতে বিসিবির প্রতিক্রিয়াটা মাত্রাতিরিক্ত হয়ে গেল কিনা, সে প্রশ্ন ওঠেই।এবং এই প্রশ্ন নিয়েই চলছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি, যার অংশ হিসেবে আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বিসিবি কাপ। মাহমুদউল্লাহর চোখে নিজেদের আবার গুছিয়ে নেওয়ার ভালো একটা সুযোগ তিন দলের এই টুর্নামেন্ট, ‘জিম্বাবুয়ে সিরিজে ব্যাটসম্যানরা ভালো রান করতে পারেনি। তবে গত বেশ কয়েকটা সিরিজেই আমাদের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে ভালো খেলেছে। জিম্বাবুয়েতে সে রকম হয়নি বলেই হয়তো সিরিজ হেরেছি। ওয়েস্ট ইন্ডিজ আসার আগে বিসিবি কাপ খেলোয়াড়দের জন্য আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ভালো একটা প্ল্যাটফর্ম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এটা সাহায্য করবে।’ এ ক্ষেত্রে নিজের কথাটাও মাহমুদউল্লাহ বললেন আলাদা করে, ‘আমিও ভালো রান করতে পারিনি। আমার মনে হয় আমি আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে পারিনি। এটা ভালো সুযোগ। বিসিবি কাপে ভালো রান করে আত্মবিশ্বাস বাড়াতে চেষ্টা করব।’ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসে ১৩ ও ১১ রান করেছেন মাহমুদউল্লাহ। শেষ ওয়ানডেতে অপরাজিত ৬০ রান করলেও প্রথম তিন ম্যাচে রান করেছেন ৫, ৩ ও ১৪। চতুর্থ ওয়ানডেতে ব্যাট করেননি।সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ-মুশফিকুররা আলোচনায় থাকলেও এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বিষয়টি নিয়ে তাই কোনো মন্তব্য করতে রাজি হলেন না মাহমুদউল্লাহ। তবে মুশফিকুর রহিমের মতো তিনিও বলেছেন, ‘বোর্ড দায়িত্ব দিলে এ ব্যাপারে চিন্তাভাবনা করব।’জাতীয় দলের আগে অবশ্য আজ থেকে শুরু বিসিবি কাপে ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। মাঠের পারফরম্যান্সে নিজেকে ফিরে পাওয়ার সঙ্গে বিসিবি কাপে এটাও একটা চ্যালেঞ্জ জাতীয় দলের এই অলরাউন্ডারের।