আগের দিন অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন ‘ম্যারাথন ম্যান’ জন ইসনার। ২০১০ উইম্বলডনে নিকোলাস মাহুতের সঙ্গে ১১ ঘণ্টা ৫ মিনিটের ম্যাচ খেলেই তাঁর এই উপাধি। কাল খেলা ছিল মাহুতের। নিজের ৩০তম জন্মদিনে প্রতিপক্ষ হিসেবে পেলেন কিনা নোভাক জোকোভিচকে। তবে ম্যারাথন নয়, অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর তারকা জিতলেন উসাইন বোল্টের মতো স্প্রিন্টের গতিতে। মাহুতের জন্মদিনকে তিক্ত করে মাত্র ১ ঘণ্টা ১৪ মিনিটে ৬-০, ৬-১, ৬-১ গেমে জিতে গেছেন জোকোভিচ।কালকের তিনটিসহ অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২৪টি সেট জিতলেন বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। গতবার এই অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই অবিশ্বাস্য এক বছরের সূচনা করেছিলেন। চতুর্থ রাউন্ডে এক অস্ট্রেলিয়ানকেই পেয়েছেন এই সার্বিয়ান। নিজের ১৬তম অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড নিয়েই খেলতে এসেছিলেন দুটি গ্র্যান্ড স্লামজয়ী লেটন হিউয়িট। কাল দিনের শেষ ম্যাচে কানাডার মিলোস রাওনিচকে ৪-৬, ৬-৩, ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন হিউয়িট।গত দুবারের রানার্সআপ চতুর্থ বাছাই অ্যান্ডি মারেও উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। ফ্রান্সের মাইকেল লোডরাকে ৬-৪, ৬-২, ৬-০ গেমে হারিয়ে অধরা গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরেকটু এগোলেন এই ব্রিটিশ। লোডরা হারলেও শেষ ষোলোতে উঠেছেন আরেক ফরাসি জো-উইলফ্রায়েড সোঙ্গা। সেখানে সোঙ্গা খেলবেন জাপানের কেই নিশিকোরির সঙ্গে। প্রথম জাপানি হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন নিশিকোরি। এই জাপানির চেয়েও বড় অর্জন আরেক এশিয়ান মিখাইল কুকুশকিনের। ১৪তম বাছাই গায়েল মনফিলসের বিপক্ষে পাঁচ সেটের এক ম্যাচ জিতে প্রথম কাজাখ হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের শেষ ষোলোতে উঠেছেন বিশ্বের ৯২ নম্বর খেলোয়াড় কুকুশকিন।যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিনিধি হিসেবে মহিলা এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস। পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা ৬-১, ৬-১ গেমে স্রেফ উড়িয়ে দিয়েছেন হাঙ্গেরির গ্রেটা আর্নকে। লি নার পর দ্বিতীয় চীনা হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন ২০১০-এর সেমিফাইনালিস্ট ঝেং জি। শেষ ষোলোতে উঠেছেন শারাপোভা, কেভিতোভা, ইভানোভিচও। তবে কাল বিদায় নিয়েছেন সপ্তম বাছাই ভেরা জোনারেভা ও নবম বাছাই মারিয়ন বারতোলি। রয়টার্স, ওয়েবসাইট।