মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় স্নাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের সবচেয়ে সুবর্ণ সময় কাটাচ্ছেন হল্যান্ডের মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার। একের পর এক সাফল্য এসে ধরা দিচ্ছে হাতের মুঠোয়। ক্লাব মৌসুমে ইন্টার মিলানের হয়ে জিতেছেন তিনটি শিরোপা। আর এবার বিশ্বকাপে হল্যান্ডের জার্সি গায়েও জ্বলে উঠেছেন সমান ভাবে। সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে এখন জীবনের সবচেয়ে বড় শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘এটা আমার জীবনের অভাবনীয় একটি মুহূর্ত। বিশ্বকাপের ফাইনালে খেলতে পারাটা একটা অসাধারণ ব্যাপার।’ প্রতিটি সংকটময় মুহূর্তেই গোল করে দলকে জয় এনে দিয়েছেন স্নাইডার। উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালেও দ্বিতীয়ার্ধে অসাধারণ একটি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন এই ডাচ মিডফিল্ডার। উরুগুয়ের বিপক্ষে জয়ের পর স্নাইডার বলেছেন, ‘উরুগুয়ে খুবই ভালো দল। আমরা কঠিন একটি ম্যাচ শেষ করলাম।’ তবে স্নাইডারের মতে শেষের দিকে অযথাই ম্যাচটিকে কঠিন করে তুলেছিল ডাচ দল। তবে শেষ পর্যন্ত ম্যাচটি জিতে ফাইনালে উঠতে পেরে দারুণ খুশি ওয়েসলি স্নাইডার। তিনি মনে করেন, হল্যান্ডের ফুটবলাররা এ মুহূর্তে জীবনের সবচেয়ে আনন্দঘন সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।এবারের বিশ্বকাপে হল্যান্ড এ পর্যন্ত তাদের ছয়টি ম্যাচেই জয় তুলে নিয়েছে। প্রতিটি জয়ের পেছনেই রয়েছে স্নাইডারের পায়ের জাদুকরি ছোঁয়া। ছয় ম্যাচে পাঁচ গোল করে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘গোল্ডেন বুটের’ও অন্যতম দাবিদার তিনি। তবে সবকিছু ছাপিয়ে বিশ্বকাপ ফাইনালে জিতে হল্যান্ডের ফুটবল ইতিহাসে নিজেকে অমর করে রাখার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন তিনি। স্নাইডার আত্মবিশ্বাসী, তিনি পারবেন, হল্যান্ডকে বিশ্বকাপের প্রথম শিরোপা এনে দিতে।