
পাঁচবারের চেষ্টায় বড় ফাইনাল জিততে পারল শ্রীলঙ্কা। এ রাতটি তাদের কাছে অবিস্মরণীয়। দুই কিংবদন্তি মাহেলা ও সাঙ্গা শ্রীলঙ্কার দীর্ঘদিনের কান্ডারি। একটাও বৈশ্বিক টুর্নামেন্ট জিততে না পারলে ওদের ক্যারিয়ারে একটা বিশাল শূন্যতা থেকে যেত। সবাই বলে, জীবনে কঠোর পরিশ্রম করলে ওপরে যিনি বসে আছেন, কখনো খালি হাতে ফেরান না। কাল রাতের (পরশু) ফাইনালের পরের মুহূর্তগুলো তাদের ক্যারিয়ারের সোনালি স্মৃতি হয়ে থাকবে। ৪০ ওভারের পুরো ম্যাচটা দেখা আগামী দিনের খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গিও এতে বদলে যেতে পারে।
আমার কাছে শুরুতেই যেটা মনে হয়েছে, আপনি যদি চেষ্টা করে যেতে থাকেন তাহলে সাফল্য কখনো না কখনো নিশ্চিতভাবেই আসবে। দ্বিতীয়ত, এই খেলা বিস্ময় উপহার দিয়েই যাবে এবং সাফল্যের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সবচেয়ে বড় উদাহরণ লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেটের বেশ কয়েকজন খেলোয়াড়ই সত্যিকারের চ্যাম্পিয়ন। তারা সবাই কাপটা জেতার আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু ঘটনাচক্রে অধিনায়কত্ব পেয়ে মালিঙ্গাই সবচেয়ে বড় তিনটি ম্যাচে জেতাল শ্রীলঙ্কাকে। সেই সঙ্গে ইতিহাসের পাতায়ও পাকাপাকি নাম লিখিয়ে ফেলল। আমার বিশ্বাসটাও জোরালো হয়েছে—একজন ভালো অধিনায়কের উদয় হতে পারে হঠাত্ করেই। শুধু একজনকে গড়ে তোলার পরিকল্পনা করেই এটা হয় না। সেই সঙ্গে খেলার একটি দিকও দেখিয়ে দিয়েছে, আপনি বাস করেন বর্তমানেই। সেটি নিয়েই আপনাকে থাকতে হবে। খুব বেশি দূরে তাকালে আপনি যে ফল পাবেন এমন কোনো কথা নেই এবং গতকাল (পরশু) দুই অধিনায়কই এটির বড় উদাহরণ।
ভারতের সমর্থকেরা এই হারে অবশ্যই ভীষণ হতাশ। এটাই স্বাভাবিক। কিন্তু ভারত যেভাবে খেলেছে তাতে গর্ব করাই উচিত। ভারত অসাধারণ খেলছিল, কখনো মনে হয়নি কোনো দুর্বলতা আছে তাদের। কিন্তু শ্রীলঙ্কার একটি দিনের দুর্দান্ত ক্রিকেট তাদের কাছ থেকে ট্রফিটা নিয়ে গেল। টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দনই জানাচ্ছি।
টসে জিতে বড় ম্যাচটায় শ্রীলঙ্কা যখন ফিল্ডিং নিল, একটু বিস্মিত হয়েছিলাম। তবে আমাকে বলতেই হবে ওরা একটি পরিকল্পনা নিয়েই নেমেছিল। সেটি নিখুঁতভাবে বাস্তবায়নও করেছে। অনেক, অনেক দিন বাদে বোলিংয়ের সেরা প্রদর্শনীগুলোর একটি দেখলাম। শেষ ৪ ওভারে মালিঙ্গা ও কুলাসেকারা আসলেই অবিশ্বাস্য ছিল। যেভাবে তারা ইয়র্কার করে গেল সেটা সব বোলারের দেখা উচিত। তারা এতই ভালো করেছে কোহলি, ধোনি, যুবরাজের মতো খেলোয়াড়ও বল সীমানাছাড়া করতে পারেনি।
যুবরাজকে ওভাবে খেলতে দেখাটা খুবই দুঃখজনক। হ্যাঁ, সে আড়ষ্ট ছিল, কিন্তু সেটি এই দুজনের অসাধারণ বোলিংয়ের কারণে। এই লোকটা দলকে দুটি বিশ্বকাপ জিতিয়েছে। একটা ম্যাচে খারাপ করার পরেই ওকে নিয়ে ‘গেল, গেল’ রব তোলাটা খেলার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যই বিশাল অপরিণতমনস্কতার পরিচায়ক। আমাদের মনে রাখতে হবে সবকিছুর পরও সে মানুষ। অন্য সবার মতোই তারও খারাপ সময় আসতে পারে। চট করে ‘ওর ক্যারিয়ার শেষ হয়ে গেছে’ জাতীয় কিছু বলাটা শুধু বাড়াবাড়িই নয়, খেলার সূক্ষ্ম দিকগুলো নিয়ে বিশাল অজ্ঞতাও বটে।
১৩০ রান তাড়া করাটা শ্রীলঙ্কার জন্যও কখনোই খুব বড় কিছু ছিল না। কিন্তু ইংল্যান্ডে ভারত যেভাবে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল তাতে সমর্থকদের অনেকেই আশায় ছিল। এখানে অবশ্য ভারতের স্পিনাররা যাদের মুখোমুখি হয়েছিল, তারা ইংলিশদের চেয়ে অনেক ভালো স্পিন খেলে। সে কারণে ম্যাচটাও অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। চাপের মধ্যে সাঙ্গা ও মাহেলার ভালো খেলাটা দরকার ছিল শ্রীলঙ্কার। দুজন সেই পরিস্থিতির দাবি মিটিয়েছে দারুণভাবে। ওদের শুধু উইকেট না হারালেই চলত। দলের জয় নিশ্চিত করার জন্য তারা সেটাই করেছে।
ধোনির জন্য সিরিজটা ছিল দুর্দান্ত। তাকে দারুণ সক্রিয়, খেলার সঙ্গে একাত্ম মনে হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের আগে কোনো ভুলও করেনি। আমার কাছে যেটা চোখে লেগেছে, চাপের মধ্যে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানো। সম্ভবত এ কারণেই তারা গত ছয়-সাত বছরে পাঁচবার ফাইনালে উঠেছে।