প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচসেরা হতে পারেন তিনি স্রেফ একটি সিদ্ধান্তের কারণেই। ‘রহস্য স্পিনার’ আকিলা দনঞ্জয়াকে বাদ দেওয়াটা সহজ ছিল না, সেটাও আবার বেচারার ১৯তম জন্মদিনে! কিন্তু পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভালো করেন, এই ভাবনায় দনঞ্জয়ার বদলে রঙ্গনা হেরাথকে একাদশে নিলেন মাহেলা জয়াবর্ধনে। সেই হেরাথই তিন উইকেট নিয়ে ঘুরিয়ে দিলেন ম্যাচের মোড়। এটা মাঠের বাইরের অধিনায়ক জয়াবর্ধনের সাফল্য। মাঠের ভেতরেও ছিলেন দারুণ। পুঁজি মাত্র ১৩৯, কিন্তু দলকে উজ্জীবিত করেছেন দারুণভাবে। উদ্দীপ্ত লঙ্কানরা ছিনিয়ে নিল দারুণ এক জয়। এর আগে ব্যাট হাতেও নিজের কাজটা ঠিকই করে এসেছেন জয়াবর্ধনে। তিলকরত্নে দিলশান যখন হিমশিম খাচ্ছেন রানের গতি বাড়াতে, জয়াবর্ধনে তখন দারুণ সপ্রভিত। দারুণ সব শট খেলে করেছেন ৩৬ বলে ৪২। ব্যাটিং আর নেতৃত্বের প্যাকেজ মিলিয়ে প্রথম সেমিফাইনালের ম্যাচসেরা জয়াবর্ধনে।