মাহেলা-সাঙ্গায় হতাশ জয়াসুরিয়া

তিনি প্রধান নির্বাচক। দলের ভালো-মন্দ, যাবতীয় পরিকল্পনা থাকবে তাঁর নখ-দর্পণে। খেলোয়াড়দের ভূত-ভবিষ্যত্ জানার ব্যাপারও তাঁর অধিকারের পর্যায়েই পড়ে। তিনি চাইবেন, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা নিজেদের কর্মপরিকল্পনা নিয়েও তাঁর সঙ্গে আলাপ করুন। কিন্তু সনত্ জয়াসুরিয়ার ক্ষেত্রে তেমনটা হয়নি।
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক জানতেনই না, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।
‘ব্যাপারটা আমার জন্য খুবই দুঃখজনক। আমি সবকিছুই স্বচ্ছতার ভিত্তিতে করি। কিন্তু সাঙ্গাকারা ও জয়াবর্ধনে এতবড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে একটু আলাপও করল না। ব্যাপারটি আমাকে খুবই হতাশ করেছে।’ হতাশ জয়াসুরিয়ার মন্তব্য।
জয়াসুরিয়া তাঁর পরিকল্পনা সিনিয়র খেলোয়াড়দের ফোনের মাধ্যমে অবহিত করেন বলে জানিয়েছেন, ‘সবকিছুতেই আমি স্বচ্ছ থাকতে চাই। কোনো সিনিয়র খেলোয়াড়কে যদি বাদ দিতেও হয়, তাহলেও আমি নিজে তাঁকে ফোন করে জানাই। কিন্তু মাহেলা ও সাঙ্গা আমার এই ব্যবহারের প্রতিদান দিল না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়ার আগমুহূর্তে একটি লংকান দৈনিককে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজের অবসরের কথা জানান সাঙ্গাকারা। ঢাকায় পৌঁছে অবশ্য বন্ধুর পথ অনুসরণ করেন মাহেলা। আইসিসির টুইটার মিরর ক্যাম্পেনে জয়াবর্ধনে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে থাকছেন না। পিটিআই।